এই মুহূর্তে

সংশোধনাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব মাও নেত্রী কল্পনা

নিজস্ব প্রতিনিধি: সংশোধনাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হলেন মাওবাদী নেত্রী কল্পনা মাইতি ওরফে অনু। দীর্ঘ ১১ বছর ধরে তিনি জেলবন্দী। রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাঁকে বেলপাহাড়ি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল। বেলপাহাড়ির মামলায় তদন্তকারী অফিসার অন্য মামলায় ফের তাঁকে গ্রেফতারের জন্য আদালতে আবেদন করলে কল্পনা মাইতিকে আদালতে হাজির করানোর নির্দেশও দেন বিচারক। সেই হাজিরাকালেই কল্পনা মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে তিনপাতার লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি তাঁর লিখিত অভিযোগে জানিয়েছেন, ‘মেদিনীপুরে যে সেলে রাখা হয়েছে সেখানে থাকার মতো অবস্থা নেই। বাবার সঙ্গে দেখা করার জন্য বারবার লিখিত ও মৌখিক আবেদন করলেও সংশোধনাগার কর্তৃপক্ষ কর্ণপাত করছেন না। শারীরিক অসুস্থতার জন্য আগে কলকাতার এসএসকেএমে চিকিৎসা হতো এখন সেখানেও আনা হচ্ছে না।’

২০১০ সালের ডিসেম্বর মাস থেকে কল্পনা বন্দি রয়েছেন। শিলদা ক্যাম্পের হামলার ঘটনায় মেদিনীপুরের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক আগেই কল্পনা মাইতিকে ‘রাজনৈতিক বন্দি’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। বাবার শারীরিক অসুস্থতার কারনে গত ৯ সেপ্টেম্বর আলিপুর সংশোধনাগার থেকে তাঁকে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে আসা হয়। তাঁর আইনজীবী কৌশিক সিনহা ঝাড়গ্রামের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তাঁর জামিনের জন্য আবেদন জানালেও বিচারক তা খারিজ করেন। বুধবার মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মাওবাদী নেত্রীকে ঝাড়গ্রামের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট এডুইন লেপচার এজলাসে তোলা হয়। সেখানেই বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করলেও মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করতে ছাড়পত্র দেন। তারপরেই সংশোধনাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে তিনপাতার লিখিত অভিযোগ দায়ের করেন কল্পনা। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কল্পনার আইনজীবী কৌশিক সিনহা জানিয়েছেন, ‘শুধু আমার মক্কেলের সঙ্গেই নয়, দীর্ঘদিন ধরে জেল হেফাজতে থাকা বহু বন্দির সঙ্গেও সংশোধনাগার কর্তৃপক্ষ সঠিক ব্যবহার করছে না। বিচারক এডিজি এবং আইজি(কারা)কে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রেষারেষিতে ভয়াবহ দুর্ঘটনা! যাত্রিবাহী বাস উল্টে মৃত ১, আহত ৩০

নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে উড়ল সবুজ আবির, ব্যাপক জয় তৃণমূলের

রাজ্যে এসআইআরের বলি আরও এক বৃদ্ধা, মৃত্যুমিছিলে মোট ১২৭!

ঝাড়গ্রামে চাষের জমিতে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, ঘটনাস্থলে পুলিশ

সিপিএম নেতৃত্বের দাদাগিরি, জাতীয় সড়ক অবরুদ্ধ করে সভা

‘হিজ মাস্টার্স ভয়েস’, জাতীয় ভোটার দিবসে কমিশনকে নিশানা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ