এই মুহূর্তে

ডোমের হাতে প্রতিষ্ঠিত হয়েছিল এই কালীমন্দির,  জানুন ইতিহাস

নিজস্ব প্রতিনিধি: তিনি হিন্দু নন। এমনকী তিনি ভারতের বাসিন্দাও নন। তবু তাঁর নামেই গড়ে উঠেছে কলকাতার এই কালী মন্দির। কিন্তু কীভাবে একজন বিদেশি সাহেবের নাম জড়াল বাংলার এই কালীমন্দিরের সঙ্গে? সেকথা জানতে গেলে চোখ রাখতে হবে এই মন্দিরের ইতিহাসের দিকে। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক কালীমন্দির। যার মধ্যে বেশকিছু মন্দির বহু প্রাচীন ও প্রসিদ্ধ। বউবাজারের ফিরিঙ্গি কালীবাড়ি তার মধ্যে অন্যতম।

তিনি অ্যান্টনি কবিয়াল। তাঁর নামেই সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিখ্যাত কালী মন্দির, ফিরিঙ্গি কালীবাড়ি। বিপিনবিহারী গাঙ্গুলি স্ট্রিট আর সেন্ট্রাল অ্যাভিনিউয়ের সংযোগে অবস্থিত এই মন্দির। প্রতিদিন দূরদূরান্ত থেকে ভক্তরা পুজো দিতে ছুটে আসেন এই মন্দিরে। তবে কালীপুজোর সময় ভিড় হয় চোখে পড়ার মতো। দেবী মূর্তি মায়ের সিদ্ধেশ্বরী রূপের। পঞ্চমুণ্ডির আসনে প্রতিষ্ঠিত মূর্তিতে করা হয় নিত্যপুজো।

কথিত আছে, এই মন্দির প্রতিষ্ঠা করেন শ্রীমন্ত ডোম নামে এক ভক্ত। তবে সেইসময় থেকেই মন্দিরের সঙ্গে ফিরিঙ্গি সাহেবদের নাম জড়িয়ে। গঙ্গার পাশে গভীর জঙ্গলের মধ্যে মহাশ্মশানের ধারে ছোট্ট এক চালাঘরে কালীমূর্তিটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রীমন্ত। সঙ্গে ছিল শিবমন্দিরও। অ্যান্টনি ফিরিঙ্গি সাহেব ছিলেন প্রবল কালীভক্ত। একসময় তিনি নিয়মিত হাজির হতেন শ্রীমন্তের প্রতিষ্ঠিত সেই কালীমন্দিরে। চাতালে বসে একমনে গাইতেন মায়ের গান। অ্যান্টনি তাঁর এই আরাধ্যা দেবীকে ‘শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা ঠাকুরানি’ নামে পুজো করতেন। সেই ধারা বজায় রয়েছে আজও।

এই মন্দিরের কিছু বিশেষত্ব রয়েছে। দক্ষিণমুখী কালীমন্দিরটি চাঁদনি শৈলীতে নির্মিত। মাতৃমূর্তি সাধারণ কালীবিগ্রহের মতোই। দেবীর দক্ষিণে একটি অষ্টধাতুর দুর্গা, একটি শিবলিঙ্গও রয়েছে। এছাড়া মন্দিরে মা শীতলা ও মনসারও মূর্তি দেখা যায়। বর্তমানে মন্দিরের সেবায়েতরা ব্যানার্জি উপাধিধারী। প্রতিদিন মিষ্টি আর ফল দিয়ে পুজো হলেও মাসে দু’বার করে হয় অন্নভোগ। এছাড়া প্রতিমাসের অমাবস্যায় বিশেষ পুজোর ব্যবস্থা থাকে। আবার পূর্ণিমায় হয় নারায়ণ পুজো। কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যা তিথিতে মন্দিরে হয় বার্ষিক উৎসব। সারাদিন ধরে চলে মায়ের পুজোপাঠ, আরাধনা। সেইসঙ্গে ঘুরে ফিরে আসে ফিরিঙ্গি সাহেবদের মন্দিরে পুজো দেওয়ার স্মৃতি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে, রেডরোড থেকে কটাক্ষ মমতার

ফের ৩০ হাজার কর্মী ছাঁটাই অ্যামাজনের, চাকরি খেল কৃত্রিম বুদ্ধিমত্তা!

সল্টলেকে পথচারীকে পিষে জোড়া মোটরবাইকে ধাক্কা, সরস্বতী পুজোয় বেপরোয়া গতিতে শোকের ছায়া

রামকৃষ্ণের নামে বিশ্ববিদ্যালয় বিল আটকে রাজভবনে, আরটিআইয়ে মিলল চাঞ্চল্যকর সাফাই

স্মৃতির বন্ধুর ৪০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিলেন পলাশ? প্রতারণার অভিযোগে বিপাকে গায়ক

‘‌যে মূল্যবোধের জন্য তিনি সারাজীবন লড়েছেন, রক্ষা করব’‌, নেতাজির জন্মজয়ন্তীতে শপথ অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ