এই মুহূর্তে

৭১ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের স্থানীয় নেতৃত্বকে নিশানা করে ‘চার্জশিট’ পেশ বিজেপির

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা ভোটকে পাখির চোখ করে তৃণমূলের স্থানীয় নেতৃত্বকে নিশানা করে বিধানসভা কেন্দ্রভিত্তিক চার্জশিট প্রকাশ শুরু করেছে বিজেপি। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিজেপির তরফ থেকে মোট ৩০টি বিধানসভা কেন্দ্রে একযোগে সাংবাদিক সম্মেলন করে এই চার্জশিট পেশ করা হয়। এদিন অশোকনগর, পটাশপুর সহ মোট ৭১টি কেন্দ্রে চার্জশিট প্রকাশ করা হল। রাজ্যের বাকি বিধানসভা কেন্দ্রগুলিতেও শিগগিরই স্থানীয় নানা সমস্যা সহ রাজ্য সরকারের ‘ব্যর্থতার’ বিষয়গুলি তুলে ধরে চার্জশিট পেশ করা হবে বলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। যদিও বিজেপির চার্জশিটকে গুরুত্ব দিচ্ছে না রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তাঁদের মতে, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমাজকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে রাজ্যের বহু মানুষ উপকৃত হচ্ছেন। ভোটে জিততে পারবেন না বুঝতে পেরে শুধু প্রচার পেতে ‘চার্জশিট’ পেশের নাটক করছে বিজেপি।’

সূত্রের খবর, বিধানসভা কেন্দ্রে ভোটের আগে স্থানীয় বাসিন্দাদের নাগরিক পরিষেবা নিয়ে কি-কি নালিশ রয়েছে, তা জানতে বেসরকারি সংস্থাকে কাজে লাগিয়েছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। ওই সমীক্ষক সংস্থা সাধারণ মানুষের সরকারি প্রকল্প ও নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগ নথিভুক্ত করেছে। তার পরে তা চার্জশিট আকারে তৈরি করেছে। অশোকনগরে দুই পাতার চার্জশিট পেশ করেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলা সভাপতি রাজীব পোদ্দার। যেখানে অশোকনগরে শাসকদলের বিধায়ক, পুরপ্রধান বা জনপ্রতিনিধিদের না পালন করা প্রতিশ্রুতির কথা উল্লেখ রয়েছে, নাগরিক পরিষেবার বিষয় রয়েছে, তেমনি বিভিন্ন সময়ে তৃণমূল নেতাদের বিভিন্ন আপত্তিকর মন্তব্য, দুর্ব্যবহারের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। পটাশপুরে চার্জশিট পেশ অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। তাঁর দাবি, সাধারণ মানুষের স্বার্থে এই বিষয়গুলি সামনে আনা হয়েছে।

বীরভূম কিংবা মুর্শিদাবাদের বিধানসভায় পেশ করা  চার্জশিটে রাজনৈতিক সংঘাত, অবৈধ বালি খাদান এবং বিরোধী কর্মীদের ভয় দেখানোর অভিযোগ তুলে ধরা হয়েছে। শহুরে বিধানসভাগুলিতেও আবাস যোজনার টাকা দেরিতে দেওয়ার অভিযোগ তুলে ধরা হয়েছে। চাকরি সংক্রান্ত অনিয়ম, শিক্ষক নিয়োগ বিতর্ক, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলেছে পদ্ম শিবির।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

সাহিত্যসম্রাটের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি, ‘‌বঙ্কিম দা’‌ ড্যামেজ কন্ট্রোলে কৌশল

আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে দুই আসনে প্রার্থী করল বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ