চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আমায় গ্রেফতার করে দেখ, ফুটো-ফুটো করে বেরোব’, চ্যালেঞ্জ মমতার

নিজস্ব প্রতিনিধি: স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের ঘটনায় দুর্নীতিকাণ্ডে ইডির(ED) হাতে গ্রেফতার হয়ে জেলে গিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আবার গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের(CBI) হাতে গ্রেফতার হয়েছেন বীরভূম জেলা তৃণমুলের সভাপতি অনুব্রত মণ্ডল। গুঞ্জন ছড়িয়েছে, তৃণমূলের আরও বেশ কিছু হেভিওয়েট নেতার দিকে নাকি নজর রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সিগুলির। পুজোর আগেই আরও বেশ কিছু নেতা নাকি গ্রেফতার হতে পারেন। এমনকি বঙ্গ বিজেপির নেতারা বার বার দাবি তুলছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকেও নাকি গ্রেফতার হতে হবে, তাঁকে গ্রেফতার করতে হবে। সেই প্রসঙ্গেই সোমবার কার্যত বিজেপি ও কেন্দ্র সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

সোমবার তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের বার্ষিক সমাবেশের মঞ্চ থেকে মমতা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানান, ‘বড় বড় কথা বলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলে না তাই? আমি রাজনীতিতে এসেছিলাম সমাজসেবা করব বলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লাগানোর চেষ্টা করা হচ্ছে। পার্থ-ববির ব্যাপার হলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে আনবে। ভাত কেন গরম হল না, তাও মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে আনবে। আকাশে মেঘ নেই কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে আনছে। মমতা মাথা উঁচু করে আদর্শ নিয়ে রাজনীতি করতে এসেছে। পার্থ-কেষ্ট চোর কি না, তা আইন বলবে। কিন্তু এসব কী চলছে? ববি চোর, অভিষেক চোর, মমতা চোর? সব কিছুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে টানা! আর বিজেপির সবাই সাধু? ওদের পরিকল্পনা হচ্ছে, নির্বাচনের আগে ববিকে(Firhad Hakim) গ্রেফতার কর, অরূপকে গ্রেফতার কর, অভিষেককে(Abhishek Banerjee) গ্রেফতার কর। আমায় গ্রেফতার করে দেখ। আমি তো বলছি, আমায় গ্রেফতার করে নিন। আমি জেলেও থাকলে ফুটো-ফুটো করে বেরোব।’ 

মমতা এদিন কেন্দ্রীয় এজেন্সি ও কেন্দ্র সরকারের ভূমিকা নিয়েও সরব হন। তিনি বলেন, ‘আমাদের পুলিশ অফিসারদের দিল্লিতে ডাকা হলে আপনাদের এজেন্সির আধিকারিকদের বিরুদ্ধেও আইনত ব্যবস্থা নেওয়া হবে। আজ আমায় গালি দিচ্ছ। আমি বলছি, কাল যখন আপনাদের তাড়াব, তখন আমরা তালি দেব। পার্থ চোর হলে আইন তাঁকে বিচার করবে। কিন্তু কেষ্টও চোর, ববিও চোর, অরূপও চোর, অভিষেকও চোর, মমতা বন্দ্যোপাধ্যায়ও চোর, মেয়ো রোডও চোর, আর আপনারা সাধু? আজ তো অভিষেক এত ভালো ভাষণ দিল। আমার মনে হয়, কাল না ওকে নোটিশ ধরিয়ে দেয়। সবার আগে ওকে ডেকেছিল। ওর বউকেও ডেকেছিল। (অভিষেককে উদ্দেশ্য করে) এবার নিজের দু’বছরের সন্তানকে নিয়ে যাবি। বুঝিয়ে দিবি, ও কতটা শক্ত। এরপর হয়তো ববি, চন্দ্রিমা-সহ আরও অনেককে ডাকবে।  কাল যদি ফিরহাদকে গ্রেফতার করা হয়, টাকা দেখানো হয়, জানবেন পুরোটা সাজানো।’ 

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ