এই শক্তিপীঠে পতিত হয়েছিল সতীর ওষ্ঠ, জেনে নিন হরসিদ্ধির অজানা ইতিহাস

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : পূণ্য তীর্থ ভারতের অন্যতম মহাশক্তিপীঠগুলির মধ্যে হরসিদ্ধি শক্তিপীঠ এক বিশেষ স্থান অধিকার করে আছে। এটি মধ্যপ্রদেশের প্রাচীন শহর উজ্জয়িনী বা প্রাচীন অবন্তী নগরে অবস্থিত। শক্তি উপাসনার ক্ষেত্রে এই তীর্থটি অষ্টাদশ মহাশক্তিপীঠের একটি বলে বিবেচিত এবং পীঠনির্ণয় তন্ত্র অনুযায়ী এটি পঞ্চম শক্তিপীঠ। এখানে সতীদেহের “ওষ্ঠ” বা ঠোঁট পতিত হয়েছিল বলে ধর্মীয় বিশ্বাস প্রচলিত।

অবস্থান ও ঐতিহাসিক তাৎপর্য

হরসিদ্ধি শক্তিপীঠ উজ্জয়িনীর রুদ্রসাগর সায়রের তীরে অবস্থিত। এই শহরটি প্রাচীন কালে ‘অবন্তী’ নামে পরিচিত ছিল এবং একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে খ্যাত ছিল। শিপ্রা নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি শহরের কেন্দ্রে অবস্থিত এবং বহু যুগ ধরে তীর্থযাত্রীদের আকর্ষণ করে আসছে। মন্দিরের আশেপাশেই আছে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। যার সাথে হরসিদ্ধি শক্তিপীঠের আধ্যাত্মিক সংযোগ রয়েছে।

দেবী ও ভৈরব

পীঠনির্ণয় তন্ত্র অনুসারে, হরসিদ্ধি শক্তিপীঠে দেবীর নাম মহাকালী এবং তাঁর ভৈরব রূপ হলেন স্বয়ং লম্বকর্ণ, যিনি এখানকার মহাকাল রূপে পূজিত হন। অষ্টাদশ মহাশক্তিপীঠ স্তোত্রে এই পীঠের উল্লেখ আছে নিম্নরূপ:

“উজ্জয়িন্যাং মহাকালী পীঠিকায়াং পুরুহূতিকা”

জানা যায়, মন্দিরে দেবীর বিগ্রহ নয়, বরং একটি শিলারূপে পূজিতা হন, যেখানে তিনটি চোখ খোদিত আছে। এই শিলা দেবীর অচঞ্চল, সর্বময় রূপকে নির্দেশ করে।

দেবীর রূপ ও উপাসনা

ধ্যানমন্ত্র অনুযায়ী, হরসিদ্ধি দেবী রক্তবর্ণা, চতুর্ভুজা এবং চার হাতে যথাক্রমে তরবারি, কমণ্ডলু, সুরাপাত্র এবং ডমরু ধারণ করেন। তাঁর এই রূপে তাঁকে যুদ্ধ ও শক্তির দেবী হিসেবে কল্পনা করা হয়। তিনি দেবী অম্বা ও কালী রূপেও পরিচিত, এবং ভক্তদের কাছে তিনি হর্ষল মাতা, হর্ষত মোমাই বা বাহনবতী মাতা নামেও পরিচিত।

পৌরাণিক কাহিনী

পুরাণ অনুসারে, দেবী হরসিদ্ধিকে জাগ্রত করেছিলেন স্বয়ং মহাদেব। দেবাদিদেব মহাদেবই তপস্যা করে দেবীর সন্তুষ্টি লাভ করেছিলেন । দেবী তখন তাঁকে পাশুপত অস্ত্র দান করেন, যার সাহায্যে তিনি ত্রিপুরাসুর নামক দানবকে বধ করেন। এই উপাখ্যান দেবীর অসীম শক্তি ও বিশ্ব রক্ষার ক্ষমতার প্রতীক।

সতীর আত্মাহুতিতে মহেশ্বরের তাণ্ডব ও শক্তিপীঠের উৎপত্তি

প্রাচীন শাস্ত্র অনুসারে, সতী স্বয়ং শিবের স্ত্রী ছিলেন, কিন্তু তাঁর পিতা দক্ষ মহাযজ্ঞে শিবকে আমন্ত্রণ না জানিয়ে অপমান করেন। সতী সেই অপমান সহ্য করতে না পেরে নিজেকে যজ্ঞাগ্নিতে আহুতি দেন। শিব ক্রোধান্বিত হয়ে তাঁর দেহ বহন করে তাণ্ডব শুরু করেন। তখন বিষ্ণু তাঁর চক্র দিয়ে সতীর দেহ খণ্ডিত করে পৃথিবীতে বিভিন্ন স্থানে ফেলেন, যার ফলে ৫২টি শক্তিপীঠের সৃষ্টি হয়। হরসিদ্ধি সেই শক্তিপীঠগুলির একটি, যেখানে সতীর ওষ্ঠ পতিত হয়েছিল। তবে, কারো মতে সতীর দেন কনুই পতিত হয়েছিল এই শক্তিপীঠে।

যুগযুগান্তরের আগুন

হরসিদ্ধি মন্দিরের গর্ভগৃহের বাইরে একটি ছোট্ট মন্দির রয়েছে, যা মাটির নিচে সিঁড়ি দিয়ে যেতে হয়। এই মন্দিরে এক প্রদীপ যুগযুগ ধরে অবিরাম জ্বলছে। কেবল মন্দিরের পূজারীই দিনে কয়েকবার গর্ভগৃহে প্রবেশ করেন এবং প্রদীপের রক্ষণাবেক্ষণ করেন।

আধুনিক গুরুত্ব

আজও হরসিদ্ধি মন্দির একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। নবরাত্রি উৎসবে এখানে হাজার হাজার ভক্ত সমাগম করেন। মন্দির সংলগ্ন দুটি বৃহৎ দীপ্তিশিখা স্তম্ভ বা দীপস্তম্ভ রয়েছে, যেখানে শত শত প্রদীপ জ্বালিয়ে দেবীকে পূজা করা হয়। এই দৃশ্য এক অসাধারণ আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করে।

নিঃসন্দেহে বলা যায়, হরসিদ্ধি শক্তিপীঠ কেবল একটি মন্দির নয়, এটি আধ্যাত্মিকতা, ইতিহাস, পৌরাণিক গাথা এবং শক্তি উপাসনার এক অসাধারণ সংমিশ্রণ। মহাকালেশ্বরের শহর উজ্জয়িনীর হৃদয়ে অবস্থিত এই পীঠ প্রতিটি ভক্তের হৃদয়ে দেবী শক্তির চিরন্তন উপস্থিতিকে অনুভব করায়। তাই, হরসিদ্ধি শুধু ভক্তির স্থান নয়, এটি ভারতীয় ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ