বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: জমিদারি নেই, নেই আগের মতো বিপুল ধনসম্পদ। সময়ের সঙ্গে ভেঙে পড়েছে একদা প্রতাপশালী কাছারিবাড়িও। তবু একটা জায়গায় বিন্দুমাত্র বদল আসেনি। আজও ৫০ কেজি ওজনের রুপোর পালকিতে চেপেই ঠাকুরদালানে প্রবেশ করে নবপত্রিকা। আড়ম্বর কমেছে, জৌলুস হারিয়েছে পুরনো প্রাসাদ। কিন্তু পূর্বপুরুষের শুরু করে যাওয়া দুর্গোৎসবের রীতিতে কোনও ছেদ পড়েনি। বাঁকুড়ার অযোধ্যা গ্রামের বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়িতে এভাবেই প্রায় দু’শো বছর ধরে বয়ে চলেছে ঐতিহ্যের ধারা।

এই পুজোর ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এক নীলকর সাহেবের কাহিনি। সালটা ১৮২৮। শ্রীরামপুরের এক নীলকর সাহেব তখন মৃত্যুশয্যায়। জীবনের শেষ দিনগুলিতে তাঁর সেবায় কোনও ত্রুটি রাখেননি বন্দ্যোপাধ্যায় পরিবারের রামমোহন বন্দ্যোপাধ্যায়। সেই সেবায় মুগ্ধ হয়েই মৃত্যুর আগে তাঁকে বিপুল পরিমাণ ধনসম্পদ দিয়ে যান সাহেব। সেই সম্পদই পরবর্তী সময়ে বদলে দেয় বন্দ্যোপাধ্যায় পরিবারের ভাগ্য। প্রাপ্ত অর্থ অযোধ্যায় পাঠিয়ে দেন রামমোহন। তাঁর দাদা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় সেই সম্পদ কাজে লাগিয়ে বিভিন্ন মৌজায় জমিদারি প্রতিষ্ঠা করেন। একসময় হাতির পিঠে চড়ে গ্রামে গ্রামে ঘুরে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করা হত। জমিদারির বিস্তারের সঙ্গে তৈরি হয় বিশাল কাছারিবাড়ি, ঠাকুরদালান, নাটমন্দির ও রাসমঞ্চ। পাশাপাশি গড়ে ওঠে পর পর ১২টি শিবমন্দির। জমিদার পরিবারের প্রতিপত্তির সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল গোটা প্রাসাদ চত্বর। তবে এই বাড়ির দুর্গাপুজো শুরুর নেপথ্যে রয়েছে এক অন্য কাহিনি। একবার গ্রামের সর্বজনীন দুর্গাপুজো দেখতে গিয়ে ভিড়ের কারণে দেবী আরাধনায় ঠিকমতো অংশ নিতে পারেননি জমিদার গিন্নি। সেই ঘটনায় অসন্তুষ্ট হন তিনি। এরপরই পরিবারের নিজস্ব প্রাসাদে দুর্গাপুজো শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকেই শুরু। দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে প্রায় দু’শো বছর।

আরও পড়ুন: ৪০০ বছরের পুরনো ভট্টাচার্য বাড়িতে সন্ধি পুজোয় মাকে নিবেদন করা হয় ‘অক্ষত্র’

সময়ের সঙ্গে জমিদারির প্রতিপত্তি কমেছে। বদলেছে পুজোর কিছু আয়োজনও। একসময় বিষ্ণুপুরের মল্লরাজাদের তোপধ্বনি শুনে সন্ধিপুজোর সূচনা হত। এখন পঞ্জিকার নির্দিষ্ট সময় মেনেই সম্পন্ন হয় সেই পুজো। একসময় পুজোর দিনগুলিতে বসত যাত্রাপালার আসর। বর্তমানে তা-ও বন্ধ। কিন্তু প্রাচীন আচার-অনুষ্ঠানের ধারাবাহিকতা এখনও অটুট। আজও রুপোর ঘটে গ্রামের পাশের জলাশয় থেকে জল সংগ্রহ করে আনা হয়। সেই জলেই স্নান করানো হয় নবপত্রিকাকে। এরপর ৫০ কেজি ওজনের রুপোর পালকিতে চাপিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় ঠাকুরদালানে। পুজোয় বলি হিসেবে দেওয়া হয় চালকুমড়ো। সময় বদলালেও এই রীতিগুলিকে আঁকড়েই বেঁচে রয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবারের শারদোৎসব। বর্তমানে পরিবারের হাতে আগের মতো বিপুল সম্পত্তি নেই। জমিদার বাড়ির অবশিষ্ট জমি থেকে পাওয়া সামান্য আয় এবং পরিবারের সদস্যদের উদ্যোগেই কোনও রকমে পুজোর খরচ সামলানো হয়। সেই উদ্দেশ্যে উত্তরসূরিরা একটি ট্রাস্টও গঠন করেছেন। পরিবারের বর্তমান সদস্য মনোহর বন্দ্যোপাধ্যায়ের কথায়, অর্থের প্রাচুর্য না থাকলেও পূর্বপুরুষের ঐতিহ্যকে টিকিয়ে রাখাই তাঁদের কাছে সবচেয়ে বড় দায়িত্ব।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য