থাইল্যান্ড থেকে বিমানে ‘গাছ পাচার’! কলকাতা বিমানবন্দরে ১৬০ কেজি গাছ-বীজ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাগপত্র খুলতেই চোখ কপালে! জামাকাপড়ের বদলে ব্যাগের ভিতর সাজানো একের পর এক তাজা গাছ এবং সঙ্গে বীজ। থাইল্যান্ড থেকে কলকাতায় আসা দুই যাত্রীর লাগেজে এমনই অদ্ভুত ‘পণ্য’ দেখে চমকে যান বিমানবন্দরের শুল্ক আধিকারিকরা। তদন্তে নেমে প্রায় ১৬০ কেজি গাছ ও বীজ উদ্ধার করা হয়েছে। ঘটনায় দুই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা বিমানবন্দর-সহ দেশের বিভিন্ন বিমানবন্দরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছিল। সেই কড়া নজরদারির মধ্যেই কলকাতা বিমানবন্দরে ধরা পড়ে যায় উদ্ভিদ পাচারের অভিযোগ। শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের আধিকারিকরা ব্যাংকক থেকে আসা একটি বিমানের দুই যাত্রীর ব্যাগ দেখে সন্দেহ করেন। বিমানবন্দর সূত্রে খবর, ব্যাংকক থেকে কলকাতায় আসা বি৩-৭০১ বিমানের ওই দুই যাত্রীর হাতে থাকা ব্যাগ এবং ল্যাগেজ পরীক্ষা করার সিদ্ধান্ত নেন আধিকারিকরা। নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে ব্যাগ খুলতেই দেখা যায়, তার মধ্যে অত্যন্ত যত্ন করে বিভিন্ন প্রজাতির তাজা গাছ রাখা হয়েছে। ছিল বেশ কিছু গাছের বীজও। প্রাথমিকভাবে জানা যায়, সমস্ত গাছ ও বীজই থাইল্যান্ড থেকে আনা হয়েছিল।

আরও পড়ুন: মেরামতির অছিলায় ঢুকে কলেজ ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ, গ্রেফতার বাড়িমালিক

সব মিলিয়ে প্রায় ১৬০ কেজি গাছ ও বীজ বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ভিদ বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানোর পর জানা যায়, উদ্ধার হওয়া গাছগুলি এখনও সতেজ অবস্থায় ছিল। দীর্ঘ বিমানযাত্রার মধ্যেও যাতে গাছগুলি নষ্ট না হয়, সেজন্য বিশেষ ধরনের মোড়ক ব্যবহার করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। তবে বিদেশ থেকে এই ধরনের গাছ ও বীজ ভারতে আনার জন্য প্রয়োজনীয় বৈধ নথিপত্র দেখাতে পারেননি দুই যাত্রী। এরপরই গাছ ও বীজগুলি বাজেয়াপ্ত করা হয়। সংশ্লিষ্ট শুল্ক আইনে মামলা দায়েরের পাশাপাশি ধৃতদের বিরুদ্ধে প্ল্যান্ট কোয়ারেন্টাইন অর্ডার, ২০০৩ অনুযায়ীও ব্যবস্থা নেওয়া হয়েছে। শুল্ক আধিকারিকদের অনুমান, শুধু দুই যাত্রীর ব্যক্তিগত উদ্যোগে এই পাচার হয়নি। এর পিছনে বড় কোনও চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অংশ হিসেবে এক অভিযুক্তের বাড়ি এবং তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানেও তল্লাশি চালানো হয়। সেখানে বিদেশ থেকে গাছ ও বীজ আনা কিংবা সেগুলি অন্য কারও কাছে হস্তান্তরের কোনও বৈধ নথি মেলেনি। এমনকি সংশ্লিষ্ট পণ্যের কোনও বৈধ বিলও পাওয়া যায়নি। বিদেশ থেকে বেআইনি পথে উদ্ভিদ ও বীজ আমদানির ক্ষেত্রে পরিবেশ ও কৃষির উপরও ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন আধিকারিকরা। অজানা গাছ বা বীজের মাধ্যমে নতুন রোগজীবাণু কিংবা ক্ষতিকর কীটপতঙ্গ দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। ফলে ঘটনার পিছনে থাকা পুরো চক্রের সন্ধানে তদন্ত চালাচ্ছে শুল্ক দফতর।

অন্যদিকে, একই দিনে কলকাতা বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা যাত্রীদের কাছ থেকে বিপুল পরিমাণ সোনাও উদ্ধার হয়েছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানার পুলিশ টিজি ৩১৩ বিমানে আসা দুই যাত্রীর গতিবিধির উপর নজর রাখে। সন্দেহের ভিত্তিতে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সোনা থাকার কথা স্বীকার করেন তাঁরা। তল্লাশিতে তাঁদের কাছ থেকে প্রায় ৯০০ গ্রাম ২৪ ক্যারেট সোনা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা। ঘটনায় দুই যাত্রীকেও গ্রেফতার করা হয়েছে। একই দিনে কলকাতা বিমানবন্দরে একদিকে বিদেশি গাছ-বীজ পাচারের অভিযোগ, অন্যদিকে কোটি টাকার সোনা উদ্ধারের ঘটনায় নিরাপত্তা ও নজরদারি নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

আচারের ঝাঁঝে জমবে দুপুরের ভোজ! বানিয়ে নিন আচারি পনির পোলাও

বাজারে সবজির আকাল? বরবটি-চিংড়ির ভর্তাতেই দুপুরের মেনু হবে জমজমাট

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

পুরভোটের আগেই ইভিএম-সঙ্কট, হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

উলটপুরাণ! ‘বাটওয়ারা ১৯৪৭’-কে হারিয়ে বক্স অফিসে ঝড় তুলল ইমরানের ‘আওয়ারাপন ২’

শুধুমাত্র মেয়েদের জন্য, ঢাকার ৯ রুটে ছুটবে ডাবল ডেকার গোলাপি বাস

বাসর রাত কাটতেই শ্বশুড়বাড়ি থেকে গয়না ও নগদ নিয়ে উধাও ‘নববধূ’!

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

‘কমিউনিস্টরা আরশোলা-ছারপোকা তৈরি করে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

বাংলাদেশের কাছে হারের জের, দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দল থেকে বাদ ওপেনার

থাইল্যান্ড থেকে বিমানে ‘গাছ পাচার’! কলকাতা বিমানবন্দরে ১৬০ কেজি গাছ-বীজ উদ্ধার