দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবার মৃত্যুর পর একরাশ অনিশ্চয়তা ঘিরে ধরেছিল পরিবারকে। দশম শ্রেণিতে পড়তেই হারিয়েছিলেন জীবনের সবচেয়ে বড় ভরসাকে। সংসারের অভাব, মায়ের চোখের জল আর দিদির আত্মত্যাগ সবকিছুকে সঙ্গী করেই এগিয়ে চলেছিলেন তিনি। একদিকে পরিবারের দায়িত্ব, অন্যদিকে নিজের স্বপ্নপূরণের লড়াই। পুনেতে টানা আট বছর বেসরকারি চাকরি করার পর অবশেষে সেই স্বপ্নই পেল সাফল্যের ঠিকানা। ট্রাকচালকের ছেলে থেকে জম্মু-কাশ্মীর পুলিশের DSP! সৌরভ কুমারের জীবনসংগ্রাম আজ হাজারো তরুণের কাছে হার না মানার এক অনন্য উদাহরণ।

জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার উঝ রাজবাগ গ্রামের বাসিন্দা সৌরভ কুমার। তাঁর বাবা দেবেন্দ্র কুমার পেশায় ছিলেন ট্রাকচালক। কাঠুয়া ও বারনোটির মাঝামাঝি এলাকায় একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। তখন দশম শ্রেণিতে পড়তেন সৌরভ। আচমকা বাবাকে হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়ে গোটা পরিবার। সংসারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে শুরু হয় আর্থিক সংকটের লড়াই। সৌরভের দুই বোন শ্বেতা ও শিবানী। বাবার মৃত্যুর পর তিন সন্তানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব একা কাঁধে তুলে নেন মা কমলেশ কুমারী। আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও সন্তানদের পড়াশোনায় কোনও বাধা আসতে দেননি তিনি। সংসারের পরিস্থিতি কিছুটা বদলায় প্রায় দু’বছর পর। বড় বোন শিবানী সরকারি স্কুলে শিক্ষিকার চাকরি পান। এরপর সংসারের আর্থিক দায়িত্ব সামলানোর পাশাপাশি ভাই-বোনের পড়াশোনার দায়িত্বও নিজের কাঁধে তুলে নেন তিনি। সরকারি স্কুল ও কলেজে পড়াশোনা করেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অর্জন করেন সৌরভ। এরপর মহারাষ্ট্রের পুনেতে টেক মহিন্দ্রা সংস্থায় চাকরি পান তিনি। প্রায় আট বছর ধরে সেখানে কর্মরত ছিলেন। কিন্তু ভাল বেতনের চাকরি পেলেও তাঁর মনের মধ্যে একটি স্বপ্ন সবসময়ই বেঁচে ছিল জম্মু-কাশ্মীর পুলিশের খাকি উর্দি গায়ে চাপানো।

আরও পড়ুন: আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

চাকরির পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যান সৌরভ। পরীক্ষায় বসার জন্য বারবার পুনে থেকে জম্মু-কাশ্মীরে যাতায়াত করতে হত তাঁকে। অবশেষে ২০২৪ সালের জম্মু-কাশ্মীর পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস পরীক্ষায় সাফল্য পান তিনি। নির্বাচিত হন জম্মু-কাশ্মীর পুলিশের DSP পদে। সাফল্যের খবর পাওয়ার পর টেক মহিন্দ্রার চাকরি থেকে ইস্তফা দিয়ে নিজের রাজ্যে ফিরে আসেন সৌরভ। উধমপুরের শের-ই-কাশ্মীর পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণও সম্পূর্ণ করেছেন তিনি। বর্তমানে আনুষ্ঠানিকভাবে জম্মু-কাশ্মীর পুলিশে যোগ দিয়েছেন। প্রশিক্ষণ শেষে নতুন নিয়োগপ্রাপ্ত DSP আধিকারিকদের এক মাসের জন্য ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত রাখা হবে। এরপর তাঁদের ফিল্ড পোস্টিং দেওয়া হবে। উল্লেখ্য, চলতি বছর ১৮ নভেম্বর উধমপুরের শের-ই-কাশ্মীর অ্যাকাডেমিতে আয়োজিত পাসিং আউট প্যারেডে মোট ৭৪ জন আধিকারিক প্রশিক্ষণ সম্পূর্ণ করেন। তাঁদের মধ্যে ছিলেন ২৫ জন প্রশিক্ষণরত DSP, ৩৬ জন সাব-ইনস্পেক্টর এবং বন সুরক্ষা বাহিনীর ১৩ জন সহকারী অধিকর্তা। সৌরভের এই সাফল্যের কাহিনি শুধু একটি চাকরি পাওয়ার গল্প নয়। বাবাকে হারানোর যন্ত্রণা, মায়ের সংগ্রাম, দিদির আত্মত্যাগ এবং নিজের স্বপ্নের প্রতি অবিচল থাকার এক অনন্য উদাহরণ। প্রতিকূল পরিস্থিতি যে স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না, সৌরভের জীবনসংগ্রাম যেন সেই বার্তাই দিয়েছে।

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?