বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ নিজেই সারলেন ৮০ বছরের বলজোর

Share:

নিজস্ব প্রতিনিধি: মৃত্যুর পর শ্রাদ্ধানুষ্ঠান, এটাই চিরাচরিত রীতি। কিন্তু মৃত্যুর অপেক্ষা না করে নিজের শ্রাদ্ধ নিজেই সেরে ফেললেন এক অশীতিপর বৃদ্ধ! শুধু তাই নয়, সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন গ্রামের ৯০০ জনকে। তাঁদের খাওয়াদাওয়ারও আয়োজন করলেন ধুমধাম করে। এমনকী সামাজিক রীতি মেনে পরিবারের দায়িত্বও তুলে দিলেন নিজের ১০ বছরের নাতির হাতে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাগপতে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ৮০ বছর বয়সি চৌধুরী বলজোর সিংয়ের এমন সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে এক বিশেষ ভাবনা। গতকাল রবিবার (১৫ নভেম্বর) নিজের গ্রাম জোহরিতে ‘তেরহভিন’ বা শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন বলজোর। 

‘তেরহভিন’ কী?  

এর আক্ষরিক অর্থ হল, ‘তেরো নম্বর’। উত্তর ভারতীয় হিন্দু (এবং ক্ষেত্রবিশেষে শিখ) ধর্মে কারও মৃত্যুর পরে ১৩তম দিনে যে পারলৌকিক ক্রিয়া বা শোক সমাপ্তির অনুষ্ঠান পালন করা হয়, তাকে ‘তেরহভিন’ বলা হয়। এই দিনে পুজো, হবন, ব্রাহ্মণভোজন ও দরিদ্রদের দান করা হয় এবং মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনায় আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের নিয়ে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়। বাংলায় মৃত্যুর পর শ্রাদ্ধানুষ্ঠানের সঙ্গে এর অনেকটাই মিল রয়েছে। তবে বলজোর এই রীতি পালন করলেন জীবিত থাকতেই।

কেন নিজের শ্রাদ্ধ নিজেই করলেন?

বলজোরের কথায়, নিজের মৃত্যুর পর শ্রাদ্ধের আয়োজন নিয়ে পরিবারের সদস্যদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত। তিনি চেয়েছিলেন, জীবিত থাকতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠানে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের একসঙ্গে দেখতে। তাঁর অবর্তমানে অনুষ্ঠানের আয়োজন নিয়ে পরিবারের লোকজনকে যেন কোনও বিরূপ সমালোচনার মুখে পড়তে না হয়, সেটাও ছিল তাঁর অন্যতম উদ্দেশ্য। বলজোরের বক্তব্য, তাঁর শ্রাদ্ধের আচার-অনুষ্ঠান কিংবা খাওয়াদাওয়ার আয়োজন নিয়ে মৃত্যুর পর কেউ যেন তাঁর মেয়েদের বা আত্মীয়স্বজনদের কোনও কটূক্তি করতে না পারেন। তাই সব কিছু নিজের চোখের সামনে গুছিয়ে নিতে চেয়েছেন তিনি।

রবিবারের অনুষ্ঠানে জোহরি গ্রাম ও আশপাশের এলাকার প্রায় ৯০০ জনকে নিমন্ত্রণ করেছিলেন বলজোর। ভোজের মেনুতে ছিল পুরি, রায়তা, দু’রকমের তরকারি এবং লাড্ডু। সূত্রের খবর, খাওয়াদাওয়া নিয়ে আমন্ত্রিতদের কারও কোনও অসন্তোষ ছিল না। কেবল তাই নয়, সামাজিক প্রথা মেনে ওই দিনই বলজোর ‘পাগড়ি’ অনুষ্ঠানে নিজের নাতি মুকুলকে তাঁর পরিবারের দায়িত্বভারও তুলে দিয়েছেন । বলজোরের তিন মেয়ে এবং এক নাতি। তাঁর নিজের নামে রয়েছে দুই বিঘা জমি। জীবনের শেষ অধ্যায়ের জন্য পরিবারের উপর কোনও বোঝা চাপিয়ে যেতে চান না বলজোর। তাই বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধের আয়োজন করে একেবারে অন্যরকম নজির তৈরি করলেন উত্তরপ্রদেশের এই অশীতিপর বৃদ্ধ।

বিয়ের মরশুমে সোনা-রুপোর দরে বিরাট পতন! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দাম কত?

দ্বিতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন জয় শাহ

‘ভারত কারোর বাবার সম্পত্তি নয়,’ কনসার্টে ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

চোরবাগান থেকে শিক্ষা, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভিড় সামলাতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

ইলন মাস্ক-সহ প্রযুক্তি দুনিয়ার শীর্ষ কর্তাদের সমর্থন, এনভিডিয়ার CEO পদে ফিরছেন জেনসেন হুয়াং?

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে রহস্যমৃত্যু! জঙ্গল থেকে উদ্ধার Indigo-র মহিলা কর্মীর রক্তাক্ত দেহ

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশের গুলিতে নিহত রতন শেখের দেহের ময়নাতদন্ত আজ, নজরে ফরেনসিক রিপোর্ট

কানপুরের আবাসনে ভয়াবহ আগুন, মৃত মহিলা ও নাবালক

‘প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি’, নেতানিয়াহুকে নিশানা বাইডেনের