এই মুহূর্তে




‘যুদ্ধের জন্য তৈরি’, পাকিস্তানকে হুমকি আফগানিস্তানের তালিবান সরকারের

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে গিয়েছে। আর দুই পড়শি দেশের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরেই পাল্টাপাল্টি হামলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। আর সেই সম্ভাবনার মধ্যেই পাকিস্তান সরকারকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ ছুড়েছে আফগানিস্তানের তালিবান সরকার। শনিবার (৮ নভেম্বর) তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ কোনও রাখঢাক না রেখে বলেছেন, ‘পাকিস্তান যদি পায়ে পা বাঁধিয়ে লড়াই চালাতে চায়, তা হলে আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত। পাকিস্তানকে কোনও মতেই রেয়াত করা হবে না।।’ প্রতিরক্ষা সংক্রান্ত বিশেষজ্ঞরা মনে করছেন, মুসলিম দেশ হলেও পাকিস্তানকে যে কোনও ছাড় দেওয়া হবে না, তাই বুঝিয়েছেন তালিবান সরকারের মুখপাত্র।

গত মাসেই সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়েছিল দুই পড়শি দেশ পাকিস্তান ও আফগানিস্তান। পাকিস্তানি সেনার তরফে আফগানিস্তানের কান্দাহার সহ একাধিক জায়গায় বিমান হামলা চালানো হয়েছিল। জঙ্গি সংগঠন তেহরিকে-তালিবান পাকিস্তানের ডেরা ধ্বংস করতেই ওই হামলা চালানো হয়েছিল পাক সেনার তরফে দাবি করা হয়েছিল। পাক সেনার হামলার বদলা নিতে সীমান্তে থাকা সেনা চৌকিতে পাল্টা হামলা চালিয়েছিল তালিবান যোদ্ধারা। ওই হামলাতে কমপক্ষে ৫৫ পাকিস্তানি সেনা প্রাণ হারান। দুই দেশের সেনাই ‘যুদ্ধংদেহী মনোভাব’ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। শেষ পর্যন্ত কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় যুযুধান দুই পক্ষই।

গত ৬ ও ৭ নভেম্বর তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসেছিল পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা। যদিও ওই আলোচনায় জট কাটেনি। আলোচনা ভেস্তে দেওয়ায় পরস্পরকে দোষারোপ করতে শুরু করেছেন দুই দেশের নেতারা। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোওয়াজা আসিফ খানিকটা হুমকির সুরে বলেছেন, ‘পাকিস্তানের অবস্থান দৃঢ় এবং স্পষ্ট। আমাদের একমাত্র দাবি হল আফগানিস্তানকে নিশ্চিত করতে হবে-তার মাটি পাকিস্তানে হামলার জন্য ব্যবহার করা হবে না।’

শনিবার পাল্টা হুঙ্কার ছেড়েছেন তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেন, ‘শান্তি বজায় রাখতে সম্পূর্ণ প্রস্তুত আফগানিস্তান। কিন্তু পাকিস্তানের গোঁয়ার্তুমির কারণেই শান্তি আলোচনা ভেস্তে গিয়েছে। আফগানিস্তানকে যেন দুর্বল না ভাবে পাকিস্তান সরকার। যদি হামলা চালানোর চেষ্টা চালায়, তাহলে আফগানিস্তানও উপযুক্ত জবাব দেবে। যুদ্ধের জন্য আমরাও তৈরি আছি।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুদানে জঙ্গি হামলায় নিহত ৬ বাংলাদেশি সেনা, আহত ৮

ইরানে গ্রেফতার নোবেলজয়ী মানবাধিকার কর্মী, তোলপাড় আন্তর্জাতিক মহল

‘বায়রন’ ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত গাজার বিস্তীর্ণ এলাকা, নিহত তিন শিশুসহ ১৬

৪০ মিনিট অপেক্ষার পরে দরজা খুলে পুতিনের রুদ্ধদ্বার বৈঠকে ঢুকে পড়লেন শাহবাজ, রইল ভিডিও

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হলেন কৃত্রিম বুদ্ধিমত্তার নেপথ্য কারিগররা

মাকে খুন করে ছেলে নিজেকে ছুরি দিয়ে রক্তাক্ত করল!‌ চ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা আদালতে, কেন?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ