এই মুহূর্তে

চট্টগ্রামকে হারিয়ে বিপিএলের শিরোপা জিতল নাজমুল হোসেন শান্তর রাজশাহী

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ জিতল রাজশাহী ওয়ারিয়র্স। শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে তানজিদ হাসানের অনবদ্য শতরানের দৌলতে চার উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে রাজশাহী। জবাবে বিনুরা ফার্নান্দো-সহ রাজশাহীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ১৭.৪ ওভারে ১১১ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম।

টস জিতে এদিন রাজশাহী ওয়ারিয়র্সকে প্রথমে ব্যাট করতে পাঠান চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক মেহেদী হাসান। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই সতর্ক হয়ে খেলতে শুরু করেন রাজশাহীর দুই ওপেনার তানজিদ হাসান ও ফারহান। প্রথম পাওয়ার প্লে-তে অর্থা‍ৎ ৬ ওভার শেষে রাজশাহী বিনা উইকেটে তোলে ৪০ রান। পাওয়ার প্লে শেষ হওয়ার পরেই হাত খুলে মারতে শুরু করেন তানজিদ। ২৯ বলে ছয় ছক্কার সাহায্যে নিজের আর্ধশতরান তুলে নেন। ১১তম ওভারে বল করতে এসে রাজশাহীকে প্রথম ধাক্কা দেন মুকিদুল। বাউন্ডারিতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ফারহান। ৩০ বলে ৩০ রানের ইনিংস খেলেছেন তিনি।

এর পরে কেইন উইলিয়ামসন ও তানজিদ দলকে এগিয়ে নিয়ে যান। ব্যক্তিগত ৫৪ রানে ক্যাচ তুলেছিলেন তানজিদ। কিন্তু তা ফস্কান মুকিদুল। ১৬তম ওভারে শরিফুলের মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকিয়েছিলেন উইলিয়ামসন। পরের বলেই নাঈমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ১৫ বলে ২৪ রান করেন কিউই ব্যাটার। ১৯তম ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্কে পৌঁছে যান তানজিদ। ৬১ বলে শতরান পূর্ণ করেন। বিপিএলে এটি তাঁর তৃতীয় সেঞ্চুরি। তবে সেঞ্চুরির পর আর এগোতে পারেননি। মুকিদুলের বলে বাউন্ডারিতে আমেরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।  তবে সাজঘরে ফিরলেও এক নজির গড়েছেন তানজিদ। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিপিএল–ফাইনালে সেঞ্চুরি করলেন।  এর আগে ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে ক্রিস গেইল ও ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তামিম ইকবাল সেঞ্চুরি করেছিলেন। শেষ ওভারে শরিফুলের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ফেরেন নাজমুল হোসেন। ৭ বলে ১১ রান করেছেন তিনি। নিশাম অপরাজিত থাকেন ৭ রানে। নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে রাজশাহী।

জয়ের জন্য ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ের সম্মুখীন হয় চট্টগ্রাম। তৃতীয় ওভারে জোড়া ধাক্কা দেন বিনুরা ফার্নান্দো। তৃতীয় বলে ফিরিয়ে দেন মোহাম্মদ নাইমকে (৯)। এক বল বাদেই তানজিদের হাতে ক্যাচ তুলে ফিরে যান মাহমুদুল হাসান (০)।  জোড়া ধাক্কা সামলে ওঠার চেষ্টা চালান মির্জা তাহির বেগ ও হাসান নেওয়াজ। তবে এই জুটি তেমন কিছু করতে পারেনি। পাওয়ার প্লে-র শেষ ওভারে হাসান মুরাদের বলে মেহেরাবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নেওয়াজ (১১)। প্রথম পাওয়ার প্লে শেষে চট্টগ্রামের রান দাঁড়ায় তিন উইকেট হারিয়ে ৪১। তবে আস্কিং রান রেট ক্রমাগত বাড়তে থাকায় চাপে পড়ে যায় চট্টগ্রাম। দশম ওভারে নিশামের বলে ফেরেন জাহিদুজ্জামান (১১)।  ছয় নম্বরে নামা অধিনায়ক মেহেদী হাসান এদিন দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেননি। ১২তম ওভারে হাসান মুরাদের তৃতীয় বলে বড় শট খেলতে গিয়ে স্কয়ার লেগ বাউন্ডারিতে ক্যাচ তুলে বিদায় নেন অধিনায়ক মেহেদী। তিনি চার রান করে সাজঘরে ফেরেন।

দলের একদিক আগলে রাখা মির্জা তাহির বেগকে (৩৯) ফিরিয়ে চট্টগ্রামকে জোর ধাক্কা দেন হাসান মুরাদ। ৯২ রানে ছয় উইকেট খুঁইয়ে হারের মুখে দাঁড়ায় চট্টগ্রাম রয়্যালস।  আট নম্বরে নামা আমের জামিল ব্যক্তিগত আট রানে ফিরে যান। ১৭ যম ওভারে বল করতে এসে জোড়া ধাক্কা দিয়ে চট্টগ্রামের শিরদাঁড়া গুঁরিয়ে দেন বিনুরা ফার্নান্দো। প্রথম বলে ফেরান একা কুম্ভ হয়ে খানিকটা লড়াই করা পাকিস্তানি আসিফ আলিকে (২১)।  পঞ্চম বলে সাজঘরের পথ দেখান শরিফুল ইসলামকে (০)।   ১৮তম ওভারে আবদুল গাফফারের পঞ্চম বলে মুকিদুল বাউন্ডারিতে মেহরবের হাতে ক্যাচ দিতেই জয় নিশ্চিত হয়ে যায় রাজশাহীর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিল্লিতে ঈশান-হার্দিক ঝড়, নামিবিয়াকে ২১০ রানের লক্ষ্য দিল সূর্য বাহিনী

মস্কা ভাইদের চওড়া ব্যাটে নেপালকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস ইতালির

বিশ্বকাপের মাঝেই নয়া বিতর্ক, দিল্লির স্টেডিয়ামে অবিক্রিত পানীয় গ্লাস থেকে ফের বোতলে ভরার অভিযোগ

ওমানকে ১০৫ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল শ্রীলঙ্কা

কিংবদন্তি বেলকে ছুঁলেন হলান্ড, জেরার্ডের রেকর্ডে ভাগ বসালেন সালাহ

প্রথম এগারোয় বুমরা নিশ্চিত, সংশয় অভিষেককে নিয়ে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ