চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাতৃভাষায় রাজ্যসেরা মিনতি হেমব্রম,আদিবাসী সমাজে নতুন আশার আলো

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: “মাতৃভাষার কোনও বিকল্প নেই”—এই বিশ্বাসকে সামনে রেখে সাঁওতালি ভাষায় উচ্চমাধ্যমিকে রাজ্যসেরা হল ঝাড়গ্রামের প্রত্যন্ত গ্রামের মেয়ে মিনতি হেমব্রম। রাজ্যের মেধাতালিকায় শীর্ষস্থান অধিকার করেছে সে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের কাঁদনাশোল গ্রামের এই কন্যা নিজের ভাষা, নিজের সমাজ ও নিজের পরিশ্রমে নতুন দৃষ্টান্ত স্থাপন করল। রামকৃষ্ণ মিশন পরিচালিত ঝাড়গ্রাম একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয় (রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির)-এর ছাত্রী মিনতি এবছর উচ্চমাধ্যমিকে সাঁওতালি ভাষায় ৯৪ নম্বর সহ মোট ৪৭৩ নম্বর পেয়ে (প্রায় ৯৯%) রাজ্যে প্রথম হয়েছে সে।

তার অন্যান্য প্রাপ্ত নম্বরও যথেষ্ট উজ্জ্বল—ইংরেজি ৯০, ভূগোল ৮১, ইতিহাস ৯২, সংস্কৃতি ১০০ এবং শারীরবিদ্যা ৯৭। ষষ্ঠ শ্রেণি থেকে একলব্য বিদ্যালয়ে পড়া শুরু করে মিনতি। নবম শ্রেণি থেকে প্রথম ভাষা হিসেবে বেছে নেয় সাঁওতালি। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ছিল ৫১০। এবারের এই অসাধারণ ফলাফলের জন্য সে কৃতিত্ব দেয় স্কুলের শিক্ষাদান পদ্ধতি ও শিক্ষক-শিক্ষিকাদের নিঃস্বার্থ সহযোগিতাকে। মিনতি বলে, “স্মার্ট ক্লাস, অতিরিক্ত ক্লাস—সবই আমাদের অনেক সাহায্য করেছে। শিক্ষকরা পাশে না থাকলে এই সাফল্য সম্ভব হত না।” কেবল পড়াশোনাতেই নয়, সামাজিক সচেতনতাতেও তার দৃঢ়তা স্পষ্ট। মিনতির লক্ষ্য, গ্রামের ছেলেমেয়েদের মাতৃভাষার গুরুত্ব বোঝানো এবং তাঁদের লেখাপড়ায় পাশে থাকা। সে চায় পলিটেকনিকে ভর্তি হয়ে নিজের পায়ে দাঁড়াতে, এবং সংসারের হাল ধরতে।

২০১৯ সালে বাবা ফাগুলাল হেমব্রমের অকাল মৃত্যুতে পরিবারের ভরসা হয়ে উঠেছে সে। মা সালমা হেমব্রম ছোট পরিসরে কৃষিকাজ ও গবাদি পশু পালন করে সংসার চালান। বাড়িতে রয়েছেন বৃদ্ধা ঠাকুমা ও ছোট ভাই। ঝাড়গ্রাম একলব্য বিদ্যালয়ের ম্যানেজার স্বামী অলোকেশানন্দ মহারাজ বলেন, “এই ফলাফলের পুরো কৃতিত্ব শিক্ষক-শিক্ষিকাদের নিষ্ঠা ও ছাত্রছাত্রীদের অধ্যবসায়ের। এদের ঐকান্তিক প্রচেষ্টার ফলেই এমন সাফল্য এসেছে।” এবছর একলব্য বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিকে পরীক্ষায় বসেছিল মোট ৫৭ জন। তার মধ্যে ৩১ জন ছাত্র ও ২৬ জন ছাত্রী—সবাই সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। মিনতির এই কৃতিত্ব শুধু এক ব্যক্তির নয়, গোটা সমাজের জয়গান। মিনতির মতো একলব্যর এই ‘লক্ষভেদ’ নতুন প্রজন্মকে মাতৃভাষার প্রতি গর্ব ও ভবিষ্যতের স্বপ্ন দেখাতে উদ্বুদ্ধ করবে নিঃসন্দেহে।

Published by:

Share Link:

More Releted News:

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ