‘পহেলগাঁও হামলায় জড়িত তিন জঙ্গিকে খতম করা হয়েছে’, লোকসভায় জানালেন অমিত শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় তিন জঙ্গিই ভারতীয় সেনার গুলিতে মারা গিয়েছে, লোকসভায় জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এদিন বলেন, ‘এই সন্ত্রাসবাদীরা পহেলগাঁওয়ের হামলার সঙ্গে যুক্ত ছিলেন। অপারেশন মহাদেবে আমাদের সেনাবাহিনী তাদের নিকেশ করেছে। এদের মধ্যে দু’জনের পাকিস্তানি ভোটার কার্ড সরকারের কাছে রয়েছে।’ নিহত জঙ্গিদের মধ্যে রয়েছে পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড সুলেমান ওরফে হাসিম মুসা।

মঙ্গলবার লোকসভার বাদল অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে অপারেশন মহাদেবের সময় নিহত তিন সন্ত্রাসী ২২ এপ্রিলের পহেলগাঁও হামলায় জড়িত ছিল। “ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযান অপারেশন মহাদেব পহেলগাঁও সন্ত্রাসী হামলায় জড়িত তিন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করেছে,” লোকসভায় ঘোষণা করেন শাহ।

হাসিম মুসা ছাড়াও তিনজনের নামও প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওই তিন সন্ত্রাসী হল সুলেমান, ফয়েজ-ই-জাট ওরফে আফগান ও জিবরান । অপারেশন মহাদেব সম্পর্কে সংসদে ব্রিফিংয়ে অমিত শাহ বলেন: “আমাদের কাছে প্রমাণ আছে যে সুলেমান পহেলগাঁও সন্ত্রাসী হামলা এবং এই জাতীয় অন্যান্য ঘটনার সঙ্গে জড়িত ছিল। সকলেই লস্কর-ই-তৈবার এ গ্রেডের সন্ত্রাসী ছিল। নিহত সকল সন্ত্রাসী পহেলগাঁও ঘটনার সময় তৃণভূমিতে উপস্থিত ছিল। এই অভিযান পহেলগাঁও হামলার তদন্তে একটি বড় সাফল্য।”

নিহত সন্ত্রাসীদের পরিচয় বিস্তারিতভাবে জানিয়ে শাহ নিশ্চিত করেছেন: “অপারেশন মহাদেবে, সুলেমান ওরফে ফয়জল, আফগান এবং জিবরান ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের মিলিত অভিযানে এই তিন সন্ত্রাসী নিহত হয়েছে। সুলেমান লস্কর-ই-তৈবার একজন এ-ক্যাটাগরি কমান্ডার ছিল। আফগান লস্কর-ই-তৈবার একজন এ-ক্যাটাগরি সন্ত্রাসী ছিল। জিবরানও একজন এ-ক্যাটাগরি সন্ত্রাসী ছিল। বৈসরন উপত্যকায় আমাদের নাগরিকদের হত্যাকারী তিন সন্ত্রাসীকেই নির্মূল করা হয়েছে।”
অধিবেশনে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান যে, “যারা ওদের খাবার সরবরাহ করত, তাদের আগেই আটক করা হয়েছিল। সন্ত্রাসীদের মৃতদেহ শ্রীনগরে আনার পর আমাদের সংস্থাগুলি যাদের আটক করেছিল তারাই শনাক্ত করে।” অমিত শাহ বলেন, জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) কর্তৃক গ্রেফতার হওয়া দু’জন সহ চারজন ব্যক্তি তাদের পরিচয় নিশ্চিত করেছে। শাহ আরও বলেন যে, নিহত সন্ত্রাসীরা যে সব অস্ত্র পহেলগাঁও হামলার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল সেগুলির সঙ্গে তাদের কাছে থাকা অস্ত্রের মিল রয়েছে কিনা তা নিশ্চিত করা হচ্ছে। তার জন্য চণ্ডীগড়ের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে (এফএসএল) ব্যালিস্টিক পরীক্ষা করা হয়েছিল।

মাস তিনেক আগে ভূস্বর্গ আকস্মিকভাবেই আতঙ্ক, ক্রোধের নামান্তর হয়ে উঠেছিল। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণের সবুজ তৃণভূমি ভিজেছিল ২৫ জন নিরীহ পর্যটক ও এক প্রতিবাদী সাহসী কাশ্মীরীর রক্তে। পর্যটকদের উপর পাক মদতপুষ্ট সন্ত্রাসীদের কাপুরুষোচিত আক্রমণ নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। পহেলগাঁওয়ের জবাবে ভারত চালিয়েছিল অপারেশন সিঁদুর অভিযান। পহেলগাঁওয়ের ঘটনা সিঁদুর মুছেছিল ২৫ জন ভারতীয় নারীর। এক স্থানীয় ভারতীয় কাশ্মীরি মুসলিমের মৃত্যুতে স্বামীহারা হয়েছিলেন তাঁর স্ত্রী। এই সকল নারীদের প্রতি শ্রদ্ধা ও মৃতদের প্রতি সম্মান জানিয়েই ৬মে গভীর রাতে পাকিস্তানের উপর করা হয় মিসাইল স্ট্রাইক। নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। সার্জিক্যাল স্ট্রাইক, এয়ারস্ট্রাইকের পর ‘অপারেশন সিঁদুর’ভারত কর্তৃক পরিচালিত সবচেয়ে তীব্র এবং সমন্বিত সন্ত্রাসবিরোধী হামলাগুলির মধ্যে একটি বলে আলোচিত হয়েছে।

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক