কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবশেষে কর্নাটকের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বদল ঘটছে। মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে রাজি হয়েছেন সিদ্দারামাইয়া। তাঁকে রাজনৈতিক পুনর্বাসন দিতে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস হাইকমান্ড। কন্নড়-ভূমে  পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। দাক্ষিণাত্যের রাজ্যে তাঁকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে চাইছেন খোদ প্রিয়াঙ্কা গান্ধি।

২০২৩ সালের বিধানসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কর্নাটক ক্ষমতা দখল করেছিল কংগ্রেস। দলের ওই সাফল্যে বিশেষ অবদান ছিল প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারকে। কিন্তু মুখ্যমন্ত্রী বাছাইয়ের সময়ে তাঁর কৃতিত্বকে অস্বীকার করে সিদ্দারামাইয়াকে বেছে নেয় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, সেই সময়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের তরফে ডি কে শিবকুমারকে আশ্বাস দেওয়া হয়েছিল, প্রথম আড়াই বছর মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকবেন সিদ্দারামাইয়া। পরের আড়াই বছর তিনি দায়িত্ব পালন করবেন। গত বছরের সেপ্টেম্বরে সিদ্দারামাইয়ার আড়াই বছরের মেয়াদ শেষ হয়। যদিও মুখ্যমন্ত্রী পদে কোনও বদল আনা হয়নি।

সূত্রের খবর, ‘চুক্তি’ মেনে মুখ্যমন্ত্রীর পদ থেকে সিদ্দারামাইয়াকে সরিয়ে তাঁকে বসানোর জন্য গত কয়েকদিন ধরেই কংগ্রেস শীর্ষ নেতৃত্বের উপরে চাপ তৈরি করেছেন ডি কে শিবকুমার। মুখ্যমন্ত্রীর পদ না পেলে তিনি মন্ত্রিসভা ছাড়বেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। তড়িঘড়ি তাই কর্নাটকের দুই যুযুধান নেতাকে দিল্লি তলব করা হয়েছে। কংগ্রেসের একাংশ চেয়েছিলেন, সিদ্দারামাইয়া বনাম ডি কে শিবকুমারের লড়াই বন্ধ করতে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে নিজের রাজ্যে ফিরে যান। তিনিই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসুন। যদিও খাড়গে নিজে মুখ্যমন্ত্রী হতে রাজি হননি।

কর্নাটকের রাজনৈতিক অচলাবস্থা কাটাতে মঙ্গলবার (২৬ মে) দিল্লি তলব করা হয়েছিল মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকে। কংগ্রেসের সদর কার্যালয় ইন্দিরা ভবনে প্রথমে সিদ্দারামাইয়ার সঙ্গে দীর্ঘক্ষণ একান্তে বৈঠক করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। পরে উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের সঙ্গেও আলাদা করে কথা বলেন তিনি। দীর্ঘক্ষণ ধরে দুই নেতার সঙ্গে কথা বলার পরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠকে বসেন রাহুল। টানা ছয় ঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠক। যদিও নাতিদীর্ঘ বৈঠক শেষে কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জল্পনা খারিজ করে দেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল। সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা যা খুশি ভাবতে পারেন। তবে এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী পদে বদল নিয়ে কোনও আলোচনা হয়নি। ওই জল্পনার কোনও সত্যতা নেই। আসন্ন রাজ্যসভা ভোট এবং কর্নাটকের বিধান পরিষদের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।’

কে সি বেণুগোপালের সাংবাদিক সম্মেলনের পরেই কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ‘নিজের অনড় অবস্থান ছেড়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে রাজি হয়েছেন সিদ্দারামাইয়া। মুখ্যমন্ত্রীর কুর্সি ছাড়ার বিনিময়ে তাঁকে রাজ্যসভায় নিয়ে আসার এবং সংগঠনে বড় দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।’

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?