‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান

Share:

 আন্তর্জাতিক ডেস্ক:  জেলের চার দেওয়ালের আড়াল থেকে এবার কার্যত জীবন বাঁচানোর আকুতি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের। নিজের পাশাপাশি স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের উদ্দেশে খোলা চিঠি লিখে দ্রুত চিকিৎসার ব্যবস্থা এবং আগে দেওয়া আদালতের নির্দেশ কার্যকর করার আবেদন জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI)-এর প্রতিষ্ঠাতা। তাঁর দাবি, দীর্ঘদিনের নিঃসঙ্গ কারাবাস এবং পর্যাপ্ত চিকিৎসার অভাবে ক্রমশ অবনতি হচ্ছে তাঁর স্বাস্থ্যের। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, সময়মতো চিকিৎসা না পেলে প্রাণহানির আশঙ্কাও রয়েছে।  

সোমবার (১৬ নভেম্বর), পাকিস্তানের সুপ্রিম কোর্ট, ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট এবং ইসলামাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে এই খোলা চিঠি লিখেছেন ইমরান খান। তাঁর আইনজীবী ব্যারিস্টার সলমন সফদর সমাজমাধ্যমে চিঠিটি প্রকাশ করেন। ১১ নভেম্বর আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে প্রায় তিন ঘণ্টার সাক্ষাতের সময়ই আইনজীবীকে এই চিঠি পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। চিঠিতে ইমরান অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তাঁকে কার্যত নিঃসঙ্গ অবস্থায় রাখা হয়েছে। দিনে প্রায় ২২ ঘণ্টা   সেলে একা কাটাতে হচ্ছে তাঁকে। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করা, আইনজীবীদের সঙ্গে কথা বলা, এমনকী ছেলেদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও বাধার মুখে পড়ছেন বলে দাবি ইমরান খানের। গত এক বছরে মাত্র চারবার আইনজীবীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি। চিঠিতে করুণ আর্তি জানিয়ে লিখেছেন, ‘আমি আমার সারা জীবন হাসপাতাল গড়ে তুলেছি, যাতে চিকিৎসার সামর্থ্য নেই এমন মানুষ বিনামূল্যে চিকিৎসা পেতে পারে। আজ আমি শুধু এটাই চাই যে, আমি আর আমার স্ত্রী যেন চিকিৎসা পাই।’  

চিঠিতে নিজের শারীরিক অবস্থার ভয়াবহতার কথা তুলে ধরেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তাঁর দাবি, ডান চোখের দৃষ্টিশক্তির প্রায় ৮৫ শতাংশ ইতিমধ্যেই হারিয়েছেন। দীর্ঘদিনের কারাবাস ও চিকিৎসার অভাবে শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গত ১০ নভেম্বর তাঁর রক্তচাপ ১৯২ ও ১৯৩ পর্যন্ত পৌঁছেছিল বলেও চিঠিতে উল্লেখ করেছেন ইমরান। চিকিৎসকদের আশঙ্কা, এই পরিস্থিতিতে মস্তিষ্কে রক্তক্ষরণ কিংবা হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে তাঁর। লিখেছেন, ‘আমার হৃৎপিণ্ড ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত। ৭৪ বছর বয়সে, এই দীর্ঘস্থায়ী অসুস্থতা আমাকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখান থেকে আমি হয়তো আর জীবিত ফিরে আসব না।’ শুধু নিজের স্বাস্থ্য নয়, স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থাও উদ্বেগ বাড়িয়েছে ইমরানের। তাঁর দাবি, গত এপ্রিল মাসে বুশরার রেটিনায় সমস্যা দেখা দেয়। এরপর জটিল অস্ত্রোপচারও করা হয়। কিন্তু বর্তমানে তাঁর দৃষ্টিশক্তি নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। আরও একটি অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন ইমরান।

অতিথি আপ্যায়নে সেরা চমক, বানিয়ে নিন সুস্বাদু বাটার গার্লিক চিকেন

বুলেটপ্রুফ কাচেও মিলবে না রেহাই! অমিতাভ-অভিষেককে হুমকি গ্যাংস্টার গোল্ডি ধিলোঁর

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

বন্ধ হওয়া ৪৮টি হোটেল-রেস্তরাঁকে ব্যবসার ছাড়পত্র দিল কলকাতা পুরসভা

সোমবারেও ভাল পারফরম্যান্স দেখাল ভারতীয় শেয়ার বাজার 

গ্রামবাংলা থেকে জাতীয় মঞ্চে, ভলিবলে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন নদিয়ার তিন কন্যা

স্কুটারে আচমকা ধাক্কা, কন্টেনার-ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত তরুণী

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান

৪৮ বলে অপরাজিত ১৩৫ রান, ইতিহাস গড়লেন রজত পতিদার

যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত, বিলকিস বানো ধর্ষণ মামলায় দুই দোষীর জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের