ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

Share:

নিজস্ব প্রতিনিধি: সুন্দর, উজ্জ্বল ও দাগহীন ত্বক কে না চান? আর সেই চাহিদাকেই কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে নানা প্রসাধনীর বিজ্ঞাপন। কোথাও লেখা থাকে, মাত্র কয়েক দিনেই মিলবে ঝকঝকে ত্বক, আবার কোথাও বলা হয় এক ক্রিমেই দূর হবে ব্রণ, কালো দাগ ও পিগমেন্টেশন। এমনই এক বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়েছিল কেরলমের ১৭ বছরের এক কিশোরী। কিন্তু ফর্সা হওয়ার আশায় যে ক্রিম ব্যবহার শুরু করেছিল, এক বছর পর সেটাই ডেকে আনল ভয়ংকর বিপদ। এবার কিডনির গুরুতর অসুখ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন কিশোরী।

জানা গিয়েছে, কেরলমের মালাপ্পুরমের বাসিন্দা ওই কিশোরী ইনস্টাগ্রামে কয়েক জন নেটপ্রভাবীর বিজ্ঞাপনী ভিডিও দেখে একটি ফর্সা হওয়ার ক্রিম কেনার সিদ্ধান্ত নেয়। ভিডিও-তে দাবি করা হয়েছিল, ওই প্রসাধনী ব্যবহার করলে ব্রণ, কালো দাগ ও পিগমেন্টেশনের মতো সমস্যা কমবে, ত্বকও হয়ে উঠবে উজ্জ্বল। বিজ্ঞাপনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেই ক্রিমটি অর্ডার করেছিল সে। প্রথম দিকে ক্রিম ব্যবহারের পর ত্বকে কিছুটা পরিবর্তন লক্ষ্য করে কিশোরী। তাতেই ভরসা আরও বেড়ে যায়। এরপর একের পর এক ক্রিম কিনতে থাকে সে। এভাবেই প্রায় এক বছর ধরে নিয়মিত ক্রিমটি ব্যবহার করেছিল। কিন্তু ধীরে ধীরে শরীরে দেখা দিতে শুরু করে একাধিক অস্বাভাবিক উপসর্গ। হঠাৎ রক্তচাপ কমে যাওয়া, বারবার জ্ঞান হারানো, পা ফুলে যাওয়া এমন নানা সমস্যা দেখা দেয়। এমনকি হাঁটাচলা করা কিংবা সিঁড়ি দিয়ে ওঠানামা করাও কঠিন হয়ে পড়ে তার পক্ষে। উদ্বিগ্ন পরিবার শেষ পর্যন্ত তাকে মালাপ্পুরমের অ্যাস্টার মিমস মাদার হাসপাতালে ভর্তি করে। 

হাসপাতালের নেফ্রোলজিস্ট চিকিৎসক এস গৌরীর বক্তব্য অনুযায়ী, পরীক্ষায় কিশোরীর শরীরে অত্যন্ত বেশি মাত্রায় পারদের উপস্থিতি ধরা পড়ে। ব্যবহৃত ক্রিমটিও পরীক্ষা করা হয়। তাতে পারদের পরিমাণ পাওয়া যায় ১২,৫০০ পিপিএম বা পার্টস পার মিলিয়ন। অথচ প্রসাধনীতে পারদের অনুমোদিত মাত্রা ১ পিপিএমের কম। অর্থাৎ, ক্রিমটিতে পারদের উপস্থিতি ছিল অনুমোদিত সীমার তুলনায় প্রায় ১২,৫০০ গুণ বেশি। চিকিৎসকদের মতে, অতিরিক্ত পারদ কিডনির সূক্ষ্ম ছাঁকনির মতো কাজ করা অংশগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই বিষক্রিয়ার জেরেই কিশোরী ‘মেমব্রেনাস নেফ্রোপ্যাথি’ নামের কিডনির অসুখে আক্রান্ত হয়েছে বলে চিকিৎসকদের ধারণা। দ্রুত ও যথাযথ চিকিৎসা না হলে এই রোগের জটিলতা বাড়তে পারে। এমনকি দীর্ঘমেয়াদি কিডনি বিকল হওয়ার আশঙ্কাও থাকে।

মেমব্রেনাস নেফ্রোপ্যাথি কী? কী কী উপসর্গ দেখা যায়?

কিডনির ভিতরে অসংখ্য ক্ষুদ্র ফিল্টার থাকে, যেগুলিকে বলা হয় গ্লোমেরুলি। রক্ত থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত জল ছেঁকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়াই এদের প্রধান কাজ। একইসঙ্গে শরীরের প্রয়োজনীয় প্রোটিনের মতো উপাদান রক্তে ধরে রাখে এই ফিল্টারগুলি। মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে কিডনির এই ফিল্টারের দেওয়াল ক্ষতিগ্রস্ত ও পুরু হয়ে যায়। ফলে স্বাভাবিক ছাঁকনির প্রক্রিয়া ব্যাহত হয়। এর জেরে একাধিক সমস্যা দেখা দিতে পারে।

১. প্রস্রাবে প্রোটিনের পরিমাণ বেড়ে যায়: কিডনির ফিল্টার ক্ষতিগ্রস্ত হলে প্রয়োজনীয় প্রোটিন প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যেতে পারে। প্রস্রাবে অতিরিক্ত ফেনা দেখা দেওয়াও এর অন্যতম লক্ষণ।

২. শরীরের বিভিন্ন অংশ ফুলে যায়: রক্তে প্রোটিনের মাত্রা কমে গেলে শরীরের জল ধরে রাখার স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। ফলে পা, মুখ ও চোখের চারপাশে ফোলাভাব দেখা দিতে পারে।

৩.কোলেস্টেরল বেড়ে যেতে পারে: রক্তে প্রোটিন কমে যাওয়ার প্রতিক্রিয়ায় লিভার বেশি কোলেস্টেরল তৈরি করতে পারে। এর ফলে হৃদ্‌রোগের ঝুঁকিও বাড়তে পারে।

৪.দুর্বলতা ও সংক্রমণের ঝুঁকি: শরীর থেকে প্রয়োজনীয় প্রোটিন বেরিয়ে যাওয়ায় দুর্বলতা দেখা দিতে পারে। পাশাপাশি সংক্রমণের ঝুঁকিও বাড়তে পারে।

কিশোরীর দাবি, অসুস্থ হয়ে পড়ার পর ক্রিম প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল সে। কিন্তু সংস্থার কাছ থেকে সন্তোষজনক উত্তর মেলেনি। এরপরই ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে। আইনি প্রক্রিয়া চলার কারণে আপাতত ওই ক্রিমের নাম প্রকাশ করা হয়নি।

কেন পারদযুক্ত ক্রিম এত বিপজ্জনক?

কিছু ত্বক ফর্সা করার প্রসাধনীতে পারদ ব্যবহার করা হয়। এটি ত্বকের মেলানিন তৈরির প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। ফলে ত্বকের রং সাময়িকভাবে হালকা দেখাতে পারে। কিন্তু এই পরিবর্তনের আড়ালে শরীরে জমতে থাকা পারদ কিডনি, স্নায়ুতন্ত্র-সহ একাধিক অঙ্গের ক্ষতি করতে পারে। দীর্ঘদিন ব্যবহার করলে বিপদের আশঙ্কা আরও বাড়ে।

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের