বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধু বিসলেরি নয়, নজরে এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের ব্র্যান্ড! বাজারে বিক্রি হওয়া পানীয় জলের গুণমান যাচাই করতে দেশজুড়ে নমুনা সংগ্রহ শুরু করেছে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ সংস্থা FSSAI। সাম্প্রতিক সময়ে বিসলেরির প্যাকেটজাত পানীয় জলের একটি নমুনা পরীক্ষায় নির্ধারিত মান পূরণ না করার অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সেই আবহেই নজরদারির পরিধি বাড়িয়ে একাধিক সংস্থার জলের নমুনা পরীক্ষা করছে FSSAI। অন্য দিকে, যাবতীয় অভিযোগের প্রেক্ষিতে বিসলেরির দাবি, তাদের জল পান করার জন্য নিরাপদ। এমনকী, FSSAI-র কাছ থেকে কোনও সরকারি নোটিসও পায়নি সংস্থা।

FSSAI সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত পানীয় জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট শীঘ্রই পাওয়া যেতে পারে বলে খবর। শুধু জলের গুণমানই নয়, পরিচিত সংস্থার নাম বা লেবেলের সঙ্গে মিল রেখে বাজারে পণ্য বিক্রি করা হচ্ছে কি না, সেদিকেও নজর রাখছে FSSAI। বিভ্রান্তিকর নাম ও লেবেল ব্যবহার করা সংস্থাগুলির বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হতে পারে। বিসলেরিকে ঘিরে বিতর্কের সূত্রপাত একটি নমুনা পরীক্ষার রিপোর্ট থেকে। FSSAI-র দাবি, বিসলেরি ইন্টারন্যাশনালের গোয়া কারখানা থেকে সংগ্রহ করা প্যাকেটজাত পানীয় জলের একটি নমুনায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার বেশি পাওয়া গিয়েছিল। পরবর্তী সময়ে রেফারেল ল্যাবরেটরিতেও নমুনাটি পরীক্ষার পর ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়। সেখানে পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন (PAH)-এর উপস্থিতির কথাও জানানো হয়। এই ঘটনায় সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমোদন দিয়েছে FSSAI। তবে বিসলেরি এই পরীক্ষার ফল নিয়ে আপত্তি জানিয়েছেন। সংস্থার দাবি, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর গোয়ার কারখানা থেকে মোট ছ’টি নমুনা সংগ্রহ করেছিল FSSAI। প্রাথমিক পরীক্ষায় পাঁচটি নমুনা নির্ধারিত মান পূরণ করলেও একটির ক্ষেত্রে প্রতি লিটারে ১২ মাইক্রোগ্রাম ব্রোমেট পাওয়া যায়, যেখানে অনুমোদিত সর্বোচ্চ মাত্রা ১০ মাইক্রোগ্রাম। এর পর সংস্থা সেটি পুনর্বিবেচনার জন্য আবেদন করে এবং নমুনাটি রেফারেল ল্যাবরেটরিতে পাঠানোর ব্যবস্থা করে। বিসলেরির দাবি, সেখানে ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই ছিল। পরে FSSAI-অনুমোদিত অন্য একটি পরীক্ষাগারেও নমুনাটি পরীক্ষা করানো হয় এবং সেখানেও ব্রোমেটের মাত্রা গ্রহণযোগ্য বলে জানানো হয়।  

আরও পড়ুন: বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

বিসলেরি আরও জানিয়েছে, ওই পরীক্ষার রিপোর্ট চলতি বছরের ২ ফেব্রুয়ারি মহারাষ্ট্রের মুম্বইয়ের বান্দ্রা ইস্টে অবস্থিত FSSAI-র পশ্চিমাঞ্চলীয় দফতরে (Western Regional Office) জমা দেওয়া হয়েছিল। তারপর আর কোনও সাড়া না আসায় সংস্থার ধারণা হয়েছিল, বিষয়টির নিষ্পত্তি হয়ে গিয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর) দেওয়া বিবৃতিতে বিসলেরির দাবি, এখনও পর্যন্ত ইমেল বা চিঠির মাধ্যমে কোনও নোটিস পায়নি তারা। উৎপাদন প্রক্রিয়ার ১০টি ধাপে ৯০টিরও বেশি গুণমান পরীক্ষা করা হয় বলেও জানিয়েছে সংস্থা। পাশাপাশি সংস্থার তদন্তে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে তারা। অর্থাৎ, বিসলেরিকে ঘিরে শুরু হওয়া বিতর্কের মধ্যেই এ বার গোটা বোতলজাত পানীয় জলের বাজারের উপর নজরদারি বাড়াচ্ছে FSSAI। বিভিন্ন ব্র্যান্ডের নমুনা পরীক্ষার রিপোর্ট সামনে এলে দেশের বাজারে বিক্রি হওয়া বোতল ও প্যাকেটজাত জলের গুণমান নিয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।  

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

অবাক কাণ্ড! হুইলচেয়ার চালাচ্ছে ভেড়া

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট