গানের গল্পে হেমন্তবেলা

হেমন্ত বিশ্বাস করতেন, “কুস্তি করে গান হয় না।” সৃষ্টি কোনও ফর্মুলা মেনে হয় না। সারাদিন কসরত করেও একটা প্রাণমাতানো সুর সৃষ্টি হল না- এমনও হয়,

Share:

আজ কিংবদন্তী সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের (Hemanta Mukhopadhyay) জন্মদিবস। তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তাঁরই কথা লিখেছেন পৃথা কুণ্ডু 

‘লুকোচুরি’ ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় স্বকণ্ঠে আবৃত্তি করেছিলেন কবিগুরুর বিখ্যাত সেই কটি লাইন- “ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল/ সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি/ তারি দু চারিটি অশ্রুজল…।” আজ তাঁর জন্মদিনে সেই চেষ্টাই করা যাক- কিছু টুকরো ঘটনায়, গানের গল্পে হেমন্তর মত এক মহাশিল্পীর জীবন ও ব্যক্তিত্বকে ছুঁতে চাওয়া।    

বিগত শতাব্দীর চারের দশকের মাঝামাঝি। অসুস্থ কবি সুকান্ত ভট্টাচার্যের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করতে এক অনুষ্ঠানের  আয়োজন করেছেন বন্ধুবান্ধবেরা। গান গাইবার কথা সুচিত্রা মিত্র আর হেমন্ত মুখোপাধ্যায়ের। সুচিত্রা কোনও কারণে আসতে পারলেন না। উদ্যোক্তাদের মধ্যে ছিলেন হেমন্তর বন্ধু রমাকৃষ্ণ মৈত্র। তাঁকে ডেকে বললেন হেমন্ত, “চিন্তা করিস না, আমি দেখে নিচ্ছি।” তারপর একাই দু’ঘণ্টার ওপর পুরো ‘চণ্ডালিকা’ গেয়ে মন্ত্রমুগ্ধ করে রাখলেন শ্রোতাদের। পারিশ্রমিক নেবার তো প্রশ্নই নেই, উপরন্তু অনুষ্ঠান শেষে একান্তে নিজের তরফ থেকে কিছু জোর করে দিয়েও গেলেন বন্ধুদের হাতে।      

অনেক গানের প্রথম লাইন নিজেই লিখে দিতেন হেমন্ত। আবার কখনও ধরিয়ে দিতেন ভাববস্তু। একবার পুলক বন্দ্যোপাধ্যায়কে গান লেখাবার জন্য ডেকে এনেছেন নিজের বাড়িতে। বিকেলে চা নিয়ে বসেছেন দুজনে বারান্দায়, এমন সময় দূর থেকে দেখা গেল, একটি মেয়ে লেকের ধার দিয়ে, ঝরে পড়া কৃষ্ণচূড়া ফুলের ওপর দিয়ে চলে গেল। হেমন্ত বললেন, ‘একে নিয়ে একটা গান লিখতে পারো?’ পুলকবাবু লিখলেন,  ‘সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলা’- শুধু মিলের খাতিরে বিকেল হয়ে গেল ‘ভোর’। হেমন্ত সুর দিলেন, গাইলেন- চারপাশের দেখা-শোনা সাধারণ ঘটনা থেকে সৃষ্টি হল একটি কালজয়ী গান।

হেমন্ত বিশ্বাস করতেন, “কুস্তি করে গান হয় না।” সৃষ্টি কোনও ফর্মুলা মেনে হয় না। সারাদিন কসরত করেও একটা প্রাণমাতানো সুর সৃষ্টি হল না- এমনও হয়, আবার পনেরো কুড়ি মিনিটে একটা অসাধারণ সৃষ্টি হয়ে গেল- এই ছিল তাঁর পক্ষে স্বাভাবিক। ‘নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা’ও এইভাবেই লেখা। হেমন্ত হারমোনিয়াম বাজিয়ে সিচুয়েশন অনুযায়ী একটা সুর দিলেন, স্থায়ী অংশটা কিছুক্ষণের মধ্যেই লেখা হয়ে গেল। আবার হেমন্ত সুর তুলে বললেন, “এই নাও অন্তরা।” পনেরো মিনিটে তৈরি হয়ে গিয়েছিল গান। তারপর হেমন্ত বলেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়কে, “দেখলে, প্যাশনটাই হল আসল। কতক্ষণ সময় দিলে সেটা বড় কথা নয়।  তুমি কিন্তু কাউকে বলবে না যে এত তাড়াতাড়ি গান তৈরি হয়ে গেছে। সাতদিন পর গিয়ে বলবে যে তুমি অনেক ভাবনা চিন্তা করে গান লিখে এনেছ, না হলে সবাই ভাববে তাড়াহুড়োয় যা তা কাজ হয়েছে।”   

একবার গীতিকার প্রণব রায়ের স্মৃতিতে আয়োজিত এক অনুষ্ঠানে এক বৃদ্ধা ভদ্রমহিলা অনুরোধ করলেন, “বাবা, তুমি যে আমারি কবিতা গানটা গাইবে? আমার স্বামী খুব ভালবাসতেন।” হেমন্ত একটু অপ্রস্তুত, মাথা নিচু করে বসে রইলেন কয়েক  মুহূর্ত। তারপর দর্শকদের উদ্দেশে বললেন, ‘আমার একজন মা একটি গান শুনতে চেয়েছেন। কিন্তু এটা অনেকদিন আগে গেয়েছি, আসরে সেভাবে গাইও না। সুরটা ভুলে গেছি জায়গায় জায়গায়। আপনারা যদি অনুমতি দেন, আমি একটু নিজের মত সুরটা বানিয়ে নিয়ে গাইছি।’ আপত্তির প্রশ্নই নেই, তবু সকলের ‘অনুমতি’ চেয়ে নিয়ে গানটি শুরু করলেন হেমন্ত, এবং একটুও না থমকে, ভুলে যাওয়া অংশগুলো সেই মুহূর্তেই নতুন সুরে গেয়ে গেলেন। যে বৃদ্ধার কাছ থেকে অনুরোধ এসেছিল, তিনি চোখের জল ধরে রাখতে পারেন নি।

একবার পুজোয় কথা ছিল, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে গান করবেন হেমন্ত মুখোপাধ্যায়। কিন্তু বিশেষ কোন কারণে তাঁকে সেবার মুকুল দত্তের লেখা গান করতে হচ্ছে বলে তিনি জানালেন। হেমন্ত মুখোপাধ্যায় একজন অনুজ সুরকারের সঙ্গে কাজ করবেন বলার পর যদি কোন সাধারণ কারণেও কাজটা না হয়, সেই নবীন সুরকারের  সম্মান এবং জীবিকার ক্ষেত্রে তা এক বড় ধাক্কা, গানের বাজারে এর ভুল ব্যাখ্যা হওয়াও বিচিত্র নয়। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সেকথা খোলাখুলি জানাতেই হেমন্ত বললেন, “বেশ, মুকুলের লেখা আমার সুর করা একটা গান রেকর্ডের এক পিঠে থাকবে, আর অন্য পিঠে থাকবে তোমার গান। কিন্তু দুটোই তোমার সুর বলে উল্লেখ করা হবে।” দুজনকে দেওয়া কথাই তিনি রাখলেন—অবলীলায় নিজের সুর করা একটি গানের সুরকার হিসেবে কৃতিত্ব দিয়ে দিলেন এক অনুজ সুরকারকে। সেই গানটি ছিল ‘আমিও পথের মত হারিয়ে যাব।’

এরকম নিজের জন্য রাখা গান কোন নবীন শিল্পীকে দিয়ে দিয়েছেন তিনি, আর সেই গান গেয়েই অনুজ শিল্পীর সঙ্গীতজীবনের মোড় ঘুরেছে, এমন উদাহরণ অনেক। অমৃক সিং অরোরা সঙ্গীত জীবনের শুরু থেকেই প্রায় ‘আরাধ্য’ মানতেন মহম্মদ রফি এবং হেমন্ত মুখোপাধ্যায়কে। তখন সবে একটু একটু পরিচিতি পেয়েছেন তিনি, এক বন্ধুর যোগাযোগে একদিন চলে গেলেন হেমন্তর কাছে। গিয়ে প্রণাম করে জানালেন তাঁর ইচ্ছার  কথা- হেমন্তর সুরে একটি গান করতে চান। হেমন্ত একটু দ্বিধায় ছিলেন, সে সময়কার চলতি বাংলা গান অমৃক সিং ঠিকমত গাইতে পারবেন কিনা। একটু অন্যরকম গান হলে ভাল হয়, কিন্তু দেবার মত গান তো হাতে নেই। তখন বেলাদেবী মনে করিয়ে দেন পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গানের কথা- হেমন্তর সুর করে রাখাই ছিল। সেই গানটিই দিয়ে দিলেন অমৃক সিংকে- ‘রূপসী দোহাই তোমার।’ এ গান গেয়েই বিপুল জনপ্রিয়তা পান অমৃক সিং অরোরা।  

 ‘ইনস্পেক্টর’ ছবিতে ‘দিল ছেড় কোই অ্যায়সা নাগমা’ গানটি শুধু লতাজিরই গাওয়ার কথা ছিল। কিন্তু লতাজির তখন গলা খারাপ। এদিকে ছবির প্রজেকশনের জন্য অন্তত ‘রাফ’ ভাবেও গানটা দরকার। প্রস্তুতি ছিল না, হেমন্ত তখন শুধু  হারমোনিয়াম আর তবলা নিয়েই গানটি রেকর্ড করে দিলেন। শুনে পরিচালকের এত পছন্দ হয়ে গেল, যে ছবির অন্য একটি সিচুয়েশনে তিনি ওই গানটিই রেখে দিলেন। সি রামচন্দ্রর সঙ্গে এক সাক্ষাৎকারে হেমন্ত নিজেই এ গল্প করেছেন। 

‘খামোশি’ ছবির গান তৈরি হচ্ছে। গুলজারকে নিয়ে বসেছেন হেমন্ত। নদীর ধারে সন্ধ্যার দৃশ্যটির জন্য একটা গান লাগবে। বাংলা গানের ক্ষেত্রে অনেক সময়ই প্রথম লাইনটা হেমন্ত নিজেই লিখে দিতেন। কিন্তু হিন্দিতে ঠিক ভাবটা আসছে না। আধশোয়া হয়ে গুলজারকে বলছেন- “কুছ বোল দো। কুছ বন নহি রহা হ্যায়।” গুলজার নিজেই ছিলেন চিত্রনাট্যকার। ওই মুহূর্তে নায়ক নায়িকার মনের ভাব কেমন হতে পারে, তাঁর ভাবাই ছিল। নায়ক একজনের সঙ্গে রয়েছে, কিন্তু তার মনে পড়ছে এমনই আর একটি সন্ধ্যার কথা- যখন সে ছিল অন্য এক নারীর সঙ্গে- যাকে সে ভালবেসেছিল একদিন। এই ভাবনা থেকেই গুলজার বললেন ‘ওয়হ শাম কুছ আজীব থি।’ হেমন্তর ততক্ষণে ‘মুড’ এসে গেছে। তিনি মুখড়ার সুরটা করে ফেলে অন্তরার সুরও করে ফেললেন, গুলজারকে বললেন সেই সুর অনুযায়ী কথা বসাতে। কিন্তু অন্তরা লিখতে লিখতে মুখড়ার উপযোগী আরও কিছু কথা গুলজারের মাথায় এল, অর্থাৎ সুরটা অন্তরার কিন্তু কথাগুলো আরম্ভের ঠিক পরে যেতে পারে। এই এলোমেলো কথা আর সুরের আদলকে শেষ পর্যন্ত হেমন্ত এমন সুন্দরভাবে মিলিয়ে দিলেন, যে কোথাও কোন অসঙ্গতি বোঝাই গেল না। এই গানটি ‘ঐতিহাসিক’ আরও একটি কারণে- কিশোরকুমারকে রাজেশ খন্নার নেপথ্য কণ্ঠে ব্যবহারের জন্য প্রথম নির্বাচন করেন হেমন্তই। 

হেমন্ত সুর দিয়েছিলেন কিশোরকুমারের বিখ্যাত অ্যালবাম ‘আমার পূজার ফুল’-এর চারটি অনবদ্য গানে। তখন তিনি খুবই অসুস্থ। তবু গানগুলি গেয়ে ক্যাসেটে তুলে দিয়ে বলে পাঠিয়েছিলেন, ‘কিশোর, তুমি নিজের মত করে নিয়ো।’ অবশ্য গানগুলি  শুনলেই সবাই বুঝবেন, কিশোরকুমারের খুব একটা ‘নিজের মত’ করে নেবার সুযোগ ছিল না এতে, বরং একটু অ-কিশোরীয় ভঙ্গিতেই তিনি খুব নিষ্ঠার সঙ্গে গেয়েছেন ‘দাদা’র সুর দেওয়া গান। তবে এই নিয়ে মজা করতে ছাড়েন নি কিশোর কুমার। রেকর্ডিং-এর দিন গীতিকার মুকুল দত্তকে ধরে তিনি আরম্ভ করলেন, “দেখেছেন, বুড়ো কীরকম সুর করেছে! একেবারে নিজের স্টাইলে! ভেবেছে কিশোরকে খুব টাইট দিয়েছি। বুড়ো নিজে ভাল গায় বলে এত দেমাক!” মুকুলবাবুর অবস্থা শোচনীয়। তিনি বারবার বলছেন- “হেমন্তদার মত মানুষকে নিয়ে এসব কথা… না না, আমায় কেন এসব বলছেন…” কিন্তু কিশোরকুমার ছাড়ার পাত্র নন। চালিয়েই যাচ্ছেন। এদিকে হেমন্ত ততক্ষণে স্টুডিওতে এসে গেছেন, সামনে না এসে আড়াল থেকে সব শুনছেন। একসময় মুকুলবাবুর দুর্দশা দেখে আর থাকতে না পেরে বলে উঠলেন, “আমি কিন্তু সব শুনেছি, কিশোর।” তৎক্ষণাৎ কিশোরকুমার তাঁর দিকে ফিরে বলে উঠলেন, “এই তো দাদা, এসে গেছেন? শুনলেন তো, আমি এতক্ষণ মুকুলবাবুকে বলছিলাম, কী অসাধারণ সুর করেছেন আপনি!” তারপর দুজনের হাসি, আর মুকুলবাবুর অবস্থা- অনুমান করে নেওয়াই যায়।     

হেমন্তর শেষজীবনের একটি ছোট্ট ঘটনা- কিন্তু ব্যঞ্জনায় অসাধারণ। শরীর অসুস্থ, তাও এসেছেন রবীন্দ্রভারতীতে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে। কিছুক্ষণ পরে ছাত্র-সংগঠকদের মধ্যে এক জনকে খুব সংকোচের সঙ্গে বলছেন, “আমাকে কি একটু আগে দেওয়া যায়? আসলে আরও দু জায়গায় যেতে হবে তো।” একটু দূরে বসেছিলেন সুচিত্রা মিত্র। সেই ছাত্রকে ডাকলেন, “হেমন্ত কী বলছে রে?” ছাত্রটি জানালেন সব কথা। সুচিত্রা বললেন, “ওকে এক্ষুনি ছাড়িস না, ও উঠলে সবাই উঠে যাবে। ওকে বল, আমি আগে গাইব বলেছি।” অগত্যা ছাত্রটি এসে ‘সুচিত্রাদি’র বক্তব্য জানালেন হেমন্তকে। হেমন্ত একবার তাকালেন তাঁর দীর্ঘদিনের বন্ধুর দিকে। দুজনের মুখেই মৃদু হাসি। তারপর হেমন্তর জবাব, “বুঝেছি। আচ্ছা, তাই হবে।”              

এমন ছোট ছোট ঘটনার আয়নায় যদি ধরা পড়ে বৃহত্তর জীবনের প্রতিভাস, তবে তা-ই হয়ে উঠতে পারে ব্যক্তি বা ব্যক্তিত্বকেন্দ্রিক ইতিহাসের পথ ধরে এক বৃহত্তর সাংস্কৃতিক, সামজিক ও মানবিক ইতিহাসকে ধরার প্রয়াস। শিল্প, শিল্পী ও সমাজ-সম্পর্কের নিরন্তর বদল ঘটে যেতে থাকা এই সময়ে দাঁড়িয়ে এই ধরনের খণ্ড-ইতিহাস নিয়ে একটু ভাবার প্রয়োজনও বোধহয় কম নয়।

পাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?