আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিহারে বিধানসভার ভোটে মহিলাদের প্রার্থী করার ক্ষেত্রে বিজেপি-জেডিইউকে টেক্কা লালুর দলের

নিজস্ব প্রতিনিধি, পটনা: আসন্ন বিধানসভা ভোটের বৈতরণী পার হতে সব রাজনৈতিক দলই মহিলা ভোটারদের পাখির চোখ করেছে। যদিও বিজেপি-নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল এবং শরিক কংগ্রেসকে খানিকটা হলেও টেক্কা দিয়ে গিয়েছে লালুপ্রসাদ যাদবের দল আরজেডি। আসন্ন বিধানসভা ভোটে সবচেয়ে বেশি মহিলা প্রার্থীকে ভোটের ময়দানে নামিয়ে দিয়েছেন প্রাক্তন রেলমন্ত্রী। এবার দেখার বিষয় হল, লালুর ওই মাস্টারস্ট্রোক শেষ পর্যন্ত কাজে আসে কিনা?

আগামী নভেম্বর মাসে দুই দফায় বিহারের ২৪৩ বিধানসভা আসনে ভোট নেওয়া হবে। প্রথম দফার ভোট হবে ৬ নভেম্বর। ওই দফায় ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ১০-১৭ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমার পর ১৮ অক্টোবর তা পরীক্ষা করে দেখা হবে। প্রথম দফার ভোটের প্রার্থীরা নাম প্রত্যাহার করতে পারবেন ২০ অক্টোবর পর্যন্ত। ১১ নভেম্বর রাজ্যে দ্বিতীয় দফায় মোট ১২২টি আসনে নির্বাচন হবে। ওই দফায় ১৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে। ২৩ অক্টোবর পর্যন্ত প্রার্থীরা চাইলে নাম তুলে নিতে পারবেন। ভোটগণনা হবে ১৪ নভেম্বর। এবারের ভোটেও মূল লড়াই এনডিএ বনাম আরজেডি-কংগ্রেস-বামেদের মহাগঠবন্ধনের মধ্যে। ইতিমধ্যেই এনডিএ’র শরিক দলগুলির আসন রফা চূড়ান্ত হয়েছে। আসন রফা অনুযায়ী ১০১টি করে আসনে লড়বে বিজেপি এবং নীতীশের দল জেডিইউ। ছয়টি আসনে লড়বে প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাজির হিন্দুস্থান আওয়াম মোর্চা। বাকি ৩৫ আসনে লড়বে চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি।

বিহারের ভোট বৈতরণী পার করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন মহিলা ভোটাররা। যদিও বিধানসভায় প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে বিহারের প্রমীলা বাহিনী। বিদায়ী বিধানসভায় মহিলা বিধায়কের সংখ্যা মাত্র ২৩। অর্থা‍ৎ ১০ শতাংশেরও কম। ২০১৫ সালে ২৮ জন মহিলা বিধায়ক ছিলেন। তার পাঁচ বছর আগে ৩৪ জন মহিলা বিধায়ক ছিলেন। পরিসংখ্যানেই স্পষ্ট মহিলা বিধায়কের সংখ্যা ক্রমশ নিম্নগামী। এবার মহিলা ভোটারদের মন জয়ে কোমর কষে ঝাঁপিয়েছে সব দলই। বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ইতিমধ্যেই ১.২১ কোটি মহিলা ভোটারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার করে বিশেষ উপঢৌকন পাঠিয়ে দিয়েছেন। হাত গুটিয়ে বসে নেই আরজেডি নেতা তেজস্বী যাদবও। তিনিও জীবিকা দিদিদের স্থায়ী চাকরি ও মাসিক ৩০ হাজার টাকা বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে মহিলাদের ভোটের ময়দানে লড়াইয়ে নামানোর ক্ষেত্রে বাকি দলগুলির চেয়ে এগিয়ে আরজেডি। দলের তরফে ১৪৩ আসনে প্রার্থী দেওয়া হয়েছে। তার মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ২৪। যদিও মোহানিয়া আসনে আরজেডি প্রার্থী শ্বেতা সুমনের মনোনয়নপত্র খারিজ হয়ে গিয়েছে। কংগ্রেসের তরফে ৬১ জন প্রার্থী দাঁড় করানো হয়েছে। তার মধ্যে মাত্র ৫ জন মহিলা। বিজেপি ও জেডিইউ ১০১টি করে আসনে লড়ছে। দুই দলের মহিলা প্রার্থীর সংখ্যা ১৩ জন করে। চিরাগ পাসোয়ান ও উপেন্দ্র কুশয়াহার দলের তরফে ছয়জন করে মহিলাকে প্রার্থী করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ