নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

Share:

নিজস্ব প্রতিনিধি: এক টুকরো নীলকান্তমণি, যার সঙ্গে জড়িয়ে রয়েছে রুশ রাজপরিবারের জৌলুস। সময়ের স্রোতে বহু হাত ঘুরে অবশেষে নিলামের মঞ্চে উঠল রোমানভ রাজপরিবারের ঐতিহাসিক অলংকার। আর তার দাম শুনলে চোখ কপালে উঠবে। ১৯৭.৮০ ক্যারেটের বিরল নীলকান্তমণি বসানো হিরের ব্রেসলেট বিক্রি হল ৪৯ লাখ ডলারে। ভারতীয় মুদ্রায় যার দাম ৪৬ কোটি টাকা। ইতিহাসের এই অমূল্য সম্পদ কিনতে নিলামে কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। 

গত বুধবার (১১ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় বিখ্যাত নিলাম সংস্থা সোথবি’সের আয়োজনে বিক্রি হয় এই ঐতিহাসিক ব্রেসলেট। এর মাঝখানে রয়েছে ১৯৭.৮০ ক্যারেটের কুশন আকৃতির একটি নীলকান্তমণি। চারপাশে রয়েছে হিরের অসাধারণ কারুকাজ। বিখ্যাত গয়না প্রস্তুতকারী সংস্থা কার্টিয়ে ২০১৫ সালে এই নীলকান্তমণিটিকে বর্তমান ব্রেসলেটে বসায়। যিনি কিনেছেন তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি।   

রোমানভ রাজপরিবারের সঙ্গে কী যোগ?

সোথবি’সের তথ্য অনুযায়ী, এই নীলকান্তমণির উৎস রাশিয়ার শেষ রাজপরিবার রোমানভদের রাজকীয় সংগ্রহ। একসময় রাশিয়ার জারদের এই সংগ্রহে ছিল অসংখ্য মূল্যবান রত্ন ও অলংকার। তবে ঠিক কবে এই নীলকান্তমণিটি রাজপরিবারের হাতে এসেছিল, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ইতিহাসবিদদের ধারণা, ১৮৮৩ সালে একটি রাজকীয় অনুষ্ঠানে সম্রাজ্ঞী মারিয়া ফিওদোরোভনার পোশাকে একই ধরনের দুটি নীলকান্তমণি দেখা গিয়েছিল। তিনি ছিলেন রাশিয়ার শেষ জার দ্বিতীয় নিকোলাসের মা। মনে করা হয়, নিলামে বিক্রি হওয়া রত্নটি সেই জোড়ারই একটি। ১৯১৭ সালে রুশ বিপ্লবের সময় দ্বিতীয় নিকোলাস সিংহাসন ছেড়ে দিলে রোমানভ রাজপরিবারের শাসনের অবসান ঘটে। পরের বছর বলশেভিকদের হাতে রাজপরিবারের সদস্যদের মৃত্যু হয়। এরপর পরিবারের বিপুল সম্পত্তি ও রাজকীয় অলংকারের মালিকানা বদলাতে শুরু করে।১৯২০-এর দশকে সোভিয়েত সরকার রোমানভদের রাজকীয় সংগ্রহের বহু মূল্যবান অলংকার বিক্রি করে দেয়। সোথবি’সের তথ্য অনুযায়ী, ১৯২৭ সালে গ্যানা ওয়ালস্কা নামে এক মহিলা এই নীলকান্তমণিটি কিনে নেন। 

নেকলেস থেকে কীভাবে ব্রেসলেট হল?

এই রত্নের যাত্রাপথও বেশ আকর্ষণীয়। প্রথমে একটি নেকলেসে বসানো ছিল নীলকান্তমণিটি। ১৯৭১ সালে ওয়ালস্কার সম্পত্তির অংশ হিসেবে এটি বিক্রি হওয়ার সময়ও অন্য একটি ছোট নেকলেসে শোভা পাচ্ছিল রত্নটি। পরে ২০১৫ সালে কার্টিয়ে সেটিকে নতুন রূপ দেয়। নীলকান্তমণিটিকে বসানো হয় হীরাখচিত বর্তমান ব্রেসলেটে। 

 

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’