ভবানীপুরের দে বাড়ির পুজোতে ব্রিটিশরূপী অসুরকে দমন করেন মা দুর্গা!

Share:

নিজস্ব প্রতিনিধি: শহর কলকাতার অনেক পুজোর সঙ্গেই জড়িয়ে আছে জমিদার বাড়ির ছোঁয়া। কোনওটার সঙ্গে আবার স্বদেশি আন্দোলনের ইতিহাস। দক্ষিণ কলকাতায় ঠিক তেমনই ভবানীপুরের দে বাড়ি। এই পুজোর সঙ্গে জড়িয়ে স্বদেশি আন্দোলনের চিহ্ন। যা এখনও স্পষ্ট। ভবানীপুরের হরিশ মুখার্জি রোডের দে বাড়ির পুজোতে ব্রিটিশরূপী অসুরকে দমন করেন মা দুর্গা! পরনে কোট-প্যান্ট। মুখের গড়ন ইংরেজদের মত। অসুরের মাথার চুলও সাহেবদের মতই ধবধবে সাদা।

ভবানীপুরের দে বাড়ির পুজো সেই প্রথম থেকে আজও এই একই নিয়মে হয়ে আসছে। স্বপ্নাদেশ পাওয়ার পর ১৮৭০ সালে এই পরিবারের পুজোর সূচনা করেছিলেন রামলাল দে। ১৮৪৬ খ্রিস্টাব্দে, গোবরডাঙায় জন্মগ্রহণ করেন তিনি। পরবর্তীকালে ব্যবসায়িক সূত্রে দক্ষিণ কলকাতার ভবানীপুরে আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পারিবারিক তুলোর ব্যবসার তখন রমরমা অবস্থা। সেই ব্যবসা বংশপরম্পরায় আজও রয়েছে। এই মুহূর্তে পুজোর দায়িত্ব পরিবারের ষষ্ঠ প্রজন্মের কাঁধে।

এই বছর ১৫৫ তম বর্ষে পদার্পণ করবে দে বাড়ির পুজো। বংশপরম্পরায় প্রতিবছর রথযাত্রার দিন কাঠামো পুজোর মাধ্যমে দেবী দুর্গার আরাধনার সূচনা হয় এই বাড়িতে। একচালার সাবেকি প্রতিমা পূজিতা হন একই কাঠামোয়। দেবীর বিসর্জনের পর কাঠামো ফিরিয়ে আনা হয়। প্রতিমা তৈরির সব কাজ করা হয় বাড়ির ঠাকুর দালানেই। এই বাড়ির পুজোর আরেকটি বিশেষত্ব হল দেবীর বাহন রূপে থাকা সিংহের গায়ের সাদা রং। দেবী যে ঘরে পূজিতা হন, সেই ঘরে পুরোনো দিনের মাটির মেঝে এখনও অপরিবর্তিত। কুমোরের মূর্তি নির্মাণের পর, পরিবারের সদস্যরা নিজে হাতেই দেবীকে সাজিয়ে তোলেন।

চতুর্থীর দিন পরিবারের মহিলারা দেবীর জন্য নারকেল নাড়ু তৈরি করেন। সিঁদুর দিয়ে রাঙানো অস্ত্র দেবীর হাতে তুলে দেওয়া হয় বোধনের প্রাক্কালে। নিত্যভোগ রূপে ১৩ টি লুচি ও ১৩ রকমের মিষ্টি দেবীকে অর্পণ করা হয়। অষ্টমী তিথিতে কুমারী ও সধবা পুজোর সঙ্গে এই বাড়ির মহিলা সদস্যরা মাথায় ও দুই হাতে সরা নিয়ে ধুনো পোড়ান। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে ৪৮ মিনিটের সন্ধি পুজোতে ফল ও ২১ কিলো চাল দিয়ে নির্মিত নৈবেদ্য দেবীকে উৎসর্গ করা হয়। তার সঙ্গে দেওয়া হয় ১০৮ প্রদীপ ও ১০৮ পদ্মের মালা। বিজয়া দশমীর দিন জল-আয়নায় দেবীর চরণ দর্শন, দেবীকে বরণ ও সিঁদুর খেলার মাধ্যমে বিদায় জানানো হয়। পরিবারের ঐতিহ্য বজায় রাখতে এখনও প্রতিমা বাঁশে বেঁধে, কাঁধে করেই হেঁটে গঙ্গায় নিরঞ্জন করা হয়। পুজোর পাঁচদিন ভবানীপুর দে বাড়ি যেন সেজে ওঠে তাদের ঐতিহ্যের রংয়ে।

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে