অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাট হাতে শুধু লড়লেন অভিষেক শর্মা। চরম ব্যর্থ হলেন সঞ্জু স্যামসন থেকে শ্রেয়স আইয়াররা । আর তার ফলেই আয়ারল্যান্ডের মতো দুর্বল দলের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে ৩৪ রানে হার হজম করতে হল টিম ইন্ডিয়াকে। প্রথমে ব্যাট করে অধিনায়ক লরকান টাকারের অর্ধঁশতরানের দৌলতে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান তুলেছিল আইরিশরা। জবাবে আয়ারল্যান্ডের বোলারদের দুরন্ত বোলিংয়ের মুখে ১৮.৫ ওভারে ১৪৮ রানেই গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। টি টোয়েন্টিতে এই প্রথম আয়ারল্যান্ডের কাছে হারল ভারত।

আজ শুক্রবার (২৬ জুন) স্টরমন্টেতে টস জিতে প্রথমে আইরিশদের ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার। দ্বিতীয় ওভারেই রস অ্যাডেয়ারকে (১২) ফিরিয়ে আইরিশ শিবিরে ধাক্কা দেন হর্ষিত রানা। সেই ধাক্কা সামলানোর আগে পরের ওভারেই হ্যারি টেকটরকে (০) সাজঘরের পথ দেখান আর্শদীপ সিংহ। নিজের দ্বিতীয় ওভার করতে এসে আইরিশ ওপেনার টিম টেকটরকে (১৭) ফিরিয়ে চাপ বাড়ান হর্ষিত। ৩০ রানেই তিন উইকেট খুঁইয়ে চাপে পড়ে যায় আয়ারল্যান্ড।

চতুর্থ উইকেটে বেন কালি‍ৎজকে সঙ্গে নিয়ে দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন আইরিশ অধিনায়ক লরকান টাকার। যদিও কালি‍ৎজ বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। ১১ বলে ১৫ রান করে শিবম দুবের বলে প্রসিদ্ধ কৃষ্ণের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন। পঞ্চম উইকেটে গ্যারেথ ডেলানিকে সঙ্গে নিয়ে দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেন আইরিশ অধিনায়ক। ভারতীয় বোলারদের আক্রমণ করার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন। তবে অর্ধশতরান করার পরে হর্ষিতের বলে তিলক বর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হন লরকান টাকার। আউটের আগে পাঁচটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৫০ রান করেন আইরিশ অধিনায়ক।

সাত নম্বরে নেমেই মারমুখী মেজাজে ব্যাট করতে শুরু করেন জর্জ ডকরেল। তাকে যোগ্য সঙ্গত করেন গ্যারেথ ডেলানিও। দুজনে মিলে ১৬.৪ ওভারেই দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন। ১৮তম ওভারে বল করতে এসে ডকরেলকে (৯ বলে ১৯) ফিরিয়ে ৪৯ রানের জুটি ভাঙেন অক্ষর পটেল। ১৯তম ওভারে আর্শদীপ সিংহের বলে অর্ধশতরানের দুয়ার থেকে ফিরে যান গ্যারেথ ডেলানি। তিনি করেন ৩১ বলে ৪৯ রান। ইনিংসের শেষ ওভারে অক্ষর পটেলের প্রথম বলে তিলক বর্মার হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিয়াম ম্যাকার্থি (৭)। শেষ বলে রান আউট হয়ে যান ম্যাথু হামফ্রেজ (২)। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে আইরিশরা।

জয়ের জন্য ১৮৩ রান তাড়া করতে নেমে শুরু থেকেই তাণ্ডব শুরু করে দেন অভিষেক শর্মা। তবে তাঁর সঙ্গী সঞ্জু স্যামসন বেশিক্ষণ থিতু হতে পারেননি। দ্বিতীয় ওভারে ভারতীয় বংশোদ্ভুত জয় মুন্দ্রার বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সঞ্জু (৫)। তিন নম্বরে নেমে সুবিধা করতে পারেননি ঈশান কিশনও। তিনি ৫ বলে ১ রান করে ম্যাথু হোলার্ডের বলে লরকান টাকারের হাতে ক্যাচ তুলে বিদায় নেন। টি টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে অভিষেক ঘটা ম্যাচে জ্বলে উঠতে পারেননি শ্রেয়স আইয়ারও। মাত্র ২ রান করে ম্যাথু হোলার্ডের শিকার হয়ে সাজঘরে ফেরেন। পাঁচ নম্বরে নেমে বাউন্ডারি হাঁকিয়ে খাতা খোলেন তিলক বর্মা। পাওয়ার প্লে শেষে ভারতের রান দাঁড়ায় তিন উইকেট হারিয়ে ৬৮।

ব্যাট হাতে ঝড় তোলা অভিষেক সাতটি চার ও দুটি ছক্কার সাহায্যে মাত্র ১৯ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। তবে লিয়াম ম্যাকার্থির পরের বলেই বড় শট খেলতে গিয়ে বেন কালি‍ৎজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। বাউন্ডারি হাঁকিয়ে শুরু করা তিলক বর্মাও বেশিদূর এগোতে পারেননি। ২১ বলে ১৯ রান করে ফিরে যান। এর পর ওয়াশিংটন সুন্দর ও শিবম দুবে ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। বড় রানের ইনিংস খেলার আগেই ওয়াশিংটনকে (৯) ফিরিয়ে ভারতীয় শিবিরে আঘাত হানেন হোলার্ড। ১০০ রানে ছয় উইকেট হারানোয় হারের আতঙ্ক তাড়া করে ভারতীয় শিবিরে।

সপ্তম উইকেটে জুটি বেঁধে খানিক প্রতিরোধ গড়ে তোলেন শিবম দুবে ও অক্ষর পটেল। দুজনে ৩৫ রান যোগ করেন। ১৬তম ওভারে আক্রমণে এসে শিবমকে (১৪ বলে ২৫) ফিরিয়ে জুটি ভাঙেন জয় মুন্দ্রা। পরের ওভারে অক্ষর পটেলকে (১৬ বলে ১৫) সাজঘরের পথ দেখান গ্যারেথ ডেলানি। ১৯তম ওভারে জোড়া আঘাত এনে ভারতের হার নিশ্চিত করেন ম্যাথু হামফ্রেজ। প্রথম বলে ফেরান হর্ষিত রানাকে (৮)। আর পঞ্চম বলে আর্শদীপ সিংহকে (২)। আইরিশদের হয়ে ম্যাথু হোলার্ড ২৮ রানে তিনটি ও ম্যাথু হামফ্রেজ ৩৮ রানে তিনটি উইকেট নিয়েছেন।

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে