দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হায়দরাবাদকে নিয়ে ছেলেখেলা করে জয়ী দিল্লি ক্যাপিটালস

নিজস্ব প্রতিনিধি, বিশাখাপত্তনম: মিচেল স্টার্ক-জ্যাক ফ্রেজার ম্যাগ্রুক ও ফ্যাপ ডু প্লেসিস-এই বিদেশি ত্রয়ীর অনবদ্য পারফরম্যান্সের সুবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হেসেখেলেই জিতল দিল্লি ক্যাপিটালস। রবিবার (৩০ মার্চ) প্রথমে ব্যাট করে ১৬৩ রানে গুটিয়ে গিয়েছিলেন প্যাট কামিন্সরা। জবাবে ২৪ বল বাকি থাকতেই হাতে সাত উইকেট নিয়ে জিতে গেলেন অক্ষর পটেলরা। এ নিয়ে টানা দুই ম্যাচ হারল হায়দরাবাদ। অন্যদিকে দুই ম্যাচেই জয় পেল দিল্লি।

টসে জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত আত্মঘাতী হয়ে দাঁড়ায়। প্রথম ওভারেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন অভিষেক শর্মা (১)। তৃতীয় ওভারে বল করতে এসে আগুন ঝরান অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্ট্রার্ক। প্রথম বলে ফেরান ঈশান কিশনকে (২)। তৃতীয় বলে শূন্য রানে ফিরিয়ে দেন নীতীশ রেড্ডিকে। যার উপর বড় ভরসা ছিল হায়দরাবাদের সমর্থকদের সেই ট্র্যাভিস হেড ফেরেন মাত্র ২২ রান করে। ৩৭ রানের মধ্যে প্রথম সারির চার ব্যাটারকে হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে হায়দরাবাদ। থরহরি কম্প শুরু হয়ে যায় প্যাট কামিন্সের দলে।  

পঞ্চম উইকেটে অনিকেত ভামা ও হাইনরিখ ক্লাসেন প্রতিরোধ গড়ে তোলেন। দুজনে মাথা ঠাণ্ডা করে খেলে দিল্লির বোলারদের আক্রমণ সামনে রান মেশিন সচল রেখে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ১১ তম ওভারে মোহিত শর্মার বলে অনিকেতের লোপ্পা ক্যাচ ফেলে দেন ডু প্লেসিস। তখন ৪০ রানে ব্যাট করছিলেন অনিকেত। যদিও ওই ওভারে ক্লাসেনকে (১২ বলে ২২) ফিরিয়ে জুটি ভাঙতে সক্ষম হন মোহিত। এর পর একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যান অনিকেত। ৩৪ বলে চারটি চার ও তিনটি ছক্কার সাহায্যে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। কিন্তু উল্টোদিকে হায়দরাবাদের কোনও ব্যাটারই থিতু হতে পারেননি। অভিনব মনোহর (২) ও প্যাট কামিন্সকে (২) ফিরিয়ে হায়দরাবাদের ব্যাটিং মেরুদণ্ড গুঁড়িয়ে দেন কুলদীপ যাদব। নিজের পরের ওভারে অনিকেতকে (৭৪) থামান ভারতীয় দলের স্পিনার। ১৯তম ওভারে বল করতে এসে ফের হর্ষল পটেল (৫) ও উইয়ান মুল্ডারকে (৯) ফিরিয়ে হায়দরাবাদকে ১৬৩ রানে গুটিয়ে দেন মিচেল স্টার্ক।  

জয়ের জন্য ১৬৪ রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেন দিল্লির দুই ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগ্রুক ও ফ্যাপ ডু প্লেসিস। মোহাম্মদ শামি-প্যাট কামিন্সদের তুলোধনা করে রান মেশিন সচল রাখেন। প্রথম পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে ৫২ রান তোলেন দুজনে। আগ্রাসী মেজাজে খেলেই ২৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন ডু প্লেসিস। ১০তম ওভারে বল করতে এসেই দিল্লিকে জোড়া ধাক্কা দেন হায়দরাবাদের তরুণ খেলোয়াড় জিশান আনসারি। প্রথম বলে ফিরিয়ে দেন বিধ্বংসী ডু প্লেসিসকে (৫০)। পঞ্চম বলে ফিরিয়ে দেন ম্যাকগ্রুককে (৩৮)। প্রথম ম্যাচে মাঠে নেমেই তাণ্ডব শুরু করে দেন সদ্য বাবা হওয়া লোকেশ রাহুল। কিন্তু তিনি বেশি ক্ষণ টিঁকতে পারেননি। ৫ বলে ১৫ রান করে জিশানের শিকার হন। পর পর তিন উইকেট হারানোর পরে দিল্লি চাপে পড়ে যাবে বলে অনেকেই মনে করেছিলেন।

 কিন্তু তা হয়নি। চতুর্থ উইকেটে জুটি বেঁধে অভিষেক পোড়েল ও ত্রিস্তান স্টাবস পাল্টা আক্রমণের পথে হাঁটেন। তাঁদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল কোনও নেমতন্ন রক্ষার তাড়া রয়েছে। শেষ পর্যন্ত ২৪ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে দলকে পৌঁছে দেন দুজনে। অভিষেক ১৮ বলে ৩৪ এবং স্টাবস ১৪ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। হায়দরাবাদের হয়ে অনামী বোলার জিশান আনসারি ৪২ রানে তিন উইকেট নিয়েছন।

Published by:

Share Link:

More Releted News:

গেইলের রেকর্ড ভাঙলেন সুদর্শন, বেঙ্গালুরুকে ২০৬ রানের লক্ষ্য দিল গুজরাত

৯৫৭ উইকেট, ২৫,৯৭৩ রান ঝুলিতে, নিষিদ্ধ হয়েই সন্ন্যাস নিলেন এই ইংলিশ ক্রিকেটার

শনিবার রাজস্থানের বিরুদ্ধে খেলবেন কামিন্স? বড় ইঙ্গিত হায়দরাবাদের অধিনায়কের

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ