সতীর মুকুট পতিত হয়েছিল এই স্থানে, জেনে নিন  কিরীটেশ্বরীর মাহাত্ম্য

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : পূণ্যতীর্থ ভারতের রাঢ় অঞ্চলের মুর্শিদাবাদ জেলার লালবাগ কোর্ট রোড রেলওয়ে স্টেশনের নিকটবর্তী কিরীটকোনা গ্রামে অবস্থিত কিরীটেশ্বরী মন্দির হিন্দু শাক্ত ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিপীঠ। এটি শুধু  একটি ধর্মীয় স্থান নয়, বরং ইতিহাস, পুরাণ, লোকবিশ্বাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক বিরল নিদর্শন।

শক্তিপীঠের গুরুত্ব ও কিরীটের পতন

শক্তিপীঠগুলির উৎপত্তি জড়িয়ে আছে সতী ও শিবের পৌরাণিক কাহিনি ঘিরে। পৌরাণিক কাহিনি মতে সতী তাঁর পিতা প্রজাপতি দক্ষের মহা যজ্ঞে ভীষণ অপমানিত হয়ে আত্মাহুতি দিলে শিব ক্রোধে উন্মত্ত হয়ে তাঁর দেহ নিয়ে তাণ্ডব শুরু করেন। জগৎকে রক্ষা করতে শ্রী বিষ্ণু তাঁর সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করতে শুরু করেন, যাতে তাণ্ডব থামে এবং বিশ্ব ধ্বংসের হাত থেকে বাঁচে। এই দেহাংশ যেখানে যেখানে পড়ে, সেগুলি শক্তিপীঠ হিসেবে পূজিত হয়। কিরীটেশ্বরী মন্দির সেই পীঠ যেখানে দেবী সতীর “কিরীট” (মুকুট) পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। যেহেতু এখানে শরীরের কোনও অঙ্গ নয়, বরং অলঙ্কার পতিত হয়েছে, তাই অনেকে একে “উপপীঠ” বলেন। তবে তান্ত্রিক ও শাক্ত মতে, এটি পূর্ণ শক্তিপীঠের মর্যাদা পেয়েছে।

 দেবী ও ভৈরব: বিমলা ও সংবর্ত

এই পীঠে দেবী পূজিত হন “বিমলা” বা “শুদ্ধা” নামে এবং শিব পূজিত হন “সংবর্ত” বা “সম্বর্ত” রূপে। এখানে দেবীর কোনও মূর্তি নেই, বরং একটি কালো পাথরের বেদীকে প্রতীকী রূপে দেবীর কিরীট হিসেবে পূজা করা হয়। লোকবিশ্বাস অনুসারে, মন্দিরে থাকা ভৈরব সংবর্তের মূর্তিটি আদতে একটি প্রাচীন বুদ্ধমূর্তি, যা প্রমাণ করে রাঢ়বাংলায় বৌদ্ধধর্মের প্রভাব ছিল।

 মন্দিরের স্থাপত্য ও ঐতিহাসিক প্রেক্ষাপট

বর্তমান কিরীটেশ্বরী মন্দিরটি দর্পনারায়ণ রায় নামক এক রাজা উনিশ শতকে নির্মাণ করেছিলেন। এর পূর্বে একটি প্রাচীন মন্দির ১৪০৫ সালে ধ্বংস হয়ে যায় বলে কিংবদন্তি আছে। পরে রাজা যোগেন্দ্রনারায়ণ রায় মন্দিরটির পুনঃসংস্কার করেন। এখানে অন্তত ১৬টি ছোট-বড় মন্দির, যার মধ্যে একটি সপ্তদশ শতকের চারচালা শৈলীর স্থাপত্যবিশিষ্ট মন্দির আছে । আশেপাশে আরও কিছু মন্দির যেমন শিবমন্দির, গুপ্তমঠ ইত্যাদি দর্শনীয়। রাজা রাজবল্লভ প্রতিষ্ঠিত শিবমন্দির এবং নাটোরের রাজা রামকৃষ্ণের সাধনাস্থল হিসেবে চিহ্নিত দুটি পাথরের খণ্ড এখানকার ঐতিহাসিক নিদর্শন।

 পুরাণ ও সাহিত্যিক উল্লেখ

১১৭৭ বঙ্গাব্দে ‘তীর্থ-মঙ্গল’ কাব্যে বিজয়রাম সেন কিরীটেশ্বরী মন্দিরের উল্লেখ করে বলেছেন :

কিরীটেশ্বরী পূজা দিতে গেলা শীঘ্রগতি।

কথোগুলি বাত্রী গেলা কর্ত্তার সংহতি।।

মহাসরঞ্জাম সঙ্গে গিয়া কিরীটকোণা।

দেবীকে প্রণাম কৈল দিয়া কিছু সোনা।।

ষোড়শোপচারে পূজা কৈল ভগবানে।

দক্ষিণা করিলা কত কৈল বিতরণে।।

এ ছাড়া ‘রিয়াজুস সালতীন’ ও রেনেলের মানচিত্রে এই অঞ্চলকে ‘তীরতকোণা’ বলে উল্লেখ করা হয়েছে।

এমনকি ভবিষ্যপুরাণ এবং শঙ্করাচার্য রচিত তন্ত্রগ্রন্থে এই শক্তিপীঠের উল্লেখ পাওয়া যায়, যা প্রমাণ করে এর অতীত গৌরব ও ধর্মীয় গুরুত্ব।

 লোকবিশ্বাস ও কিংবদন্তি

মীর জাফর কুষ্ঠরোগে আক্রান্ত হলে, তাঁর হিন্দু দেওয়ানের পরামর্শে কিরীটেশ্বরীর চরণামৃত পান করার ইচ্ছা প্রকাশ করেন। স্থানীয়ভাবে দেবীকে “মহিষমর্দিনী” নামেও ডাকা হয়। বিশ্বাস করা হয়, এই মন্দিরে পাথরের বেদীতে সাধনা করলে মনস্কামনা পূর্ণ হয়।

 উৎসব ও মেলা

পৌষ মাসের প্রতি মঙ্গলবার ও শনিবার এখানে বড় মেলা বসে। এ সময় বহু ভক্ত স্নান ও প্রার্থনার জন্য আসেন। এছাড়াও দুর্গাপূজা, কালীপূজা ও অমাবস্যা উপলক্ষে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। অমাবস্যার রাতে যজ্ঞ ও অন্নভোগ দেওয়া হয় দেবীর উদ্দেশে। প্রতি বছর লক্ষাধিক মানুষ এখানে তীর্থে আসেন।

 অবস্থান ও পরিবেশ

  • মুর্শিদাবাদ জেলার কিরীটকোনা গ্রামে অবস্থিত ।
  • নিকটবর্তী রেলস্টেশন: লালবাগ কোর্ট রোড (প্রায় ৩ মাইল দূরে) ।
  • ভাগীরথী নদীর তীরে অবস্থিত, পরিবেশ শান্ত ও আধ্যাত্মিক।

নিঃসন্দেহে বলা যেতে পারে, কিরীটেশ্বরী মন্দির শুধুই একটি শক্তিপীঠ নয়, এটি বাংলার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ইতিহাসের ধারক ও বাহক। দেবীর মুকুট পতনের এই স্থান যুগ যুগ ধরে ভক্তদের কাছে শ্রদ্ধা, বিশ্বাস ও পূর্ণতার প্রতীক হয়ে আছে। মুর্শিদাবাদের এই প্রাচীন তীর্থস্থানে শুধু ভক্তরা নয়, ইতিহাস ও সংস্কৃতি প্রেমীরাও প্রতিনিয়ত আগমন করেন।

প্রেমে পড়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবও! কে ছিলেন সেই রহস্যময়ী নারী ?

মোবাইলের দুনিয়া ছেড়ে পাহাড়ের পথে সাতজন, সিনতাফু অভিযানে রানাঘাটের অভিনব উদ্যোগ

ম্যাকলারেনের গোলে কুপোকাত ইস্টবেঙ্গল, আইএসএলের ডার্বির রং সবুজ-মেরুন

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু