এই মুহূর্তে

আফগানদের স্বপ্ন চুরমার করে ছোটদের বিশ্বকাপ ফাইনালে বৈভবরা

নিজস্ব প্রতিনিধি:আফগানিস্তানকে দুরমুশ করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে পৌঁছলেন আয়ুষ মাত্রেরা। বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রথমে ব্যাট করে ফয়সাল খান ও উজাইরুল্লাহ নিয়াজাইয়ের জোড়া শতরানের সুবাদে চার উইকেট হারিয়ে ৩১০ রান তুলেছিল আফগানরা। জবাবে অ্যারোন জর্জের দুরন্ত শতরান ও বৈভব সূর্যবংশীর ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে ৫৩ বল বাকি থাকতেই হাতে সাত উইকেট নিয়ে জয় হাসিল করে নেয় ভারতের ছোটরা। ২০২২ সালের পর ফের একবার বিশ্বকাপ জয়ের সুযোগ আয়ুষদের কাছে।

জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে এদিন টসে জেতার পর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক মাহবুব খান। ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ওসমান সাদাত ও খালিদ আহমদজাই ৫৩ রান যোগ করেন। ব্যক্তিগত ৩১ রানে ডি দীপেশের বলে সাজঘরে ফেরেন খালিদ। এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে প্রথমে ১০০ রানের গণ্ডি পার করে দেন ওসমান সাদাত ও ফয়সাল খান। ব্যক্তিগত ৩৯ রানে ফিরে যান ওসমান। তবে তাতে ভারতের কোনও লাভ হয়নি। তৃতীয় উইকেটে জুটি বেঁধে ফয়সাল খান ও উজাইরুল্লাহ নিয়াজাই দলকে এগিয়ে নিয়ে যান। তৃতীয় উইকেটে ১৪৮ রানের পার্টনারশিপ গড়ে দলকে শক্ত ভিতের উপরে দাঁড় করান। ১১০ রান করে ফেরেন ফয়সাল। পাঁচ নম্বরে নামা আজিজ মিয়া খিল ১২ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে চার উইকেট হারিয়ে ৩১০ রান তোলে আফগানরা। ১০১ রানে অপরাজিত থাকেন উজাইরুল্লাহ।ভারতের হয়ে দীপেশ দেবেন্দ্রন এবং কনিষ্ক চৌহান দুটি করে উইকেট নেন।

জয়ের জন্য ৩১১ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই হাত খুলে মারতে শুরু করে দেন ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। উল্টোদিকে থাকা চেন্নাইয়ের অ্যারোন জর্জ খানিকটা খোলসের মধ্যে নিজেকে গুটিয়ে রেখেছিলেন। আফগান বোলারদের পিটিয়ে ছাতু করে সাতটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ২৪ বলেই অর্ধশতরানে পৌঁছে যান। ব্যক্তিগত ২০ রানের সময় জীবন ফিরে পান অ্যারোন। প্রথম পাওয়ার প্লে’র শেষ ওভারে সাজঘরে ফেরেন বৈভব। আউটের আগে করেন ৩৩ বলে ৬৮ রান। প্রথম পাওয়ার প্লে শেষে ভারতের রান দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৯১।

বৈভব সাজঘরে ফেরার পর অধিনায়ক আয়ুষ মাত্রে ও অ্যারোন জর্জ জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। দুই ব্যাটারও মাথা ঠান্ডা করে খেলতে থাকেন। মাত্র ৮৫ বলেই ১০০ রানের পার্টনারশিপ যোগ করেন দুজনে। ২৪.৩ ওভারে ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় টিম ইন্ডিয়া। ২৭তম ওভারে নুরিস্তানির বলে ওসমান সাদাতের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক আয়ুষ। তিনি করেন ৫৯ বলে ৬২। তাঁর ইনিংস সাজানো ছিল পাঁচটি চার ও চারটি ছক্কায়।

এর পরে জুটি বেঁধে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান অ্যারোন ও বিহান মালহোত্রা। ৯৫ বলে ১৩টি চার ও দুটি ছক্কার সাহায্যে নিজের শতরান পূর্ণ করেন অ্যারোন। দলের রান যখন ৩০০, জয় থেকে মাত্র ১১ রান দূরে তখনই আউট হয়ে সাজঘরে ফেরেন চেন্নাইয়ের ব্যাটার। তিনি করেন ১০৪ বলে ১১৫ রান। অ্যারোন ফেরার পরে হেসেখেলেই ৪২তম ওভারের প্রথম বলে দলকে জয় এনে দেন বিহান (অপরাজিত ৩৮) ও বেদান্ত ত্রিবেদী (অপরাজিত ৫)।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘লেট ইট গো’, আইপিএল থেকে বাদ পড়ার পরে প্রথমবার মুখ খুললেন মুস্তাফিজ

আফ্রিদি থেকে বুমরাহ : টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বিজয়ীদের তালিকা

ছোটদের বিশ্বকাপ ফাইনালে পৌঁছাতে বৈভবদের চাই রান ৩১১

টি টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডারের সিংহাসনে পাক ক্রিকেটার, নজর কাড়লেন ঈশান

বয়সের কারণে রোহিত-কোহলির বিশ্বকাপ খেলা কি উচিত? নিজের মতামত জানিয়ে দিলেন ধোনি

৪-৫ দিনের মধ্যেই ডিগবাজি খাবে, বিশ্বকাপ বয়কট নিয়ে পাকিস্তানকে খোঁচা অশ্বিনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ