নববর্ষ শুভ হল না রাহানেদের, পঞ্জাবের কাছে লজ্জার হার

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: ধারাবাহিকতা বলে কোনও বস্তুই নেই কলকাতা নাইট রাইডার্সের। কোনও ম্যাচ ভাল খেললে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে হর্ষিত রানা-বরুণ চক্রবর্তী-সুনীল নারাইনরা বল হাতে জ্বলে উঠে পঞ্জাব কিংসকে আটকে রেখেছিলেন ১১১ রানে। কিন্তু ওই সামান্য লক্ষ্য তাড়া করতে নেমে ল্যাজেগোবরে হলেন কলকাতার বাঘা ব্যাটাররা। যুজবেন্দ্র চহালের ভেল্কিতে ১৫.১ ওভারে মাত্র ৯৫ রানেই গুটিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। অধিনায়ক অজিঙ্ক রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী ও আন্দ্রে রাসেল ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতেই পারলেন না।

মুল্লানপুরের মহারাজা যাদবেন্দ্র স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। শুরুটা খুব একটা মন্দ হয়নি। প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিংহ শুরু থেকেই ঝড় তোলেন। কিন্তু অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে চতুর্থ ওভারে বিপদ ডেকে আনেন প্রিয়াংশ। চতুর্থ ওভারে হর্ষিত রানার বলে রমনদীপের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। ১২ বলে করেন ২২ রান। তিন নম্বরে ব্যাট করতে এসে নিজের পুরনো দলের বিরুদ্ধে জ্বলে ওঠার আগেই শূন্য রানে বিদায় নিতে হয় পঞ্জাব অধিনায়ক শ্রেয়সকে। পরের ওভারে মারকুটে ব্যাটার হিসাবে পরিচিত জস ইংলিসকে (৬ বলে ২) ফেরান বরুণ চক্রবর্তী। হর্ষিত রানার বলে মারতে গিয়ে ফিরে যান প্রভসিমরান সিংহ (১৫ বলে ৩০)।

প্রথম পাওয়ার প্লের মধ্যে ৫৪ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে দাঁড়ায় পঞ্জাব। শট খেললে যেখানে রান আসছিল, সেখানে অতিরিক্ত আগ্রাসী মেজাজে খেলতে গিয়ে দলকে অতল খাদে ফেলে বিদায় নেন নেহাল ওয়াধেরা (১০)। আনরিখে নোখিয়ের বলে বেঙ্কটেশ আইয়ারের তালুবন্দি হন তিনি। গ্লেন ম্যাক্সওয়েল চলতি আইপিএলে ফর্মে নেই। এদিন ফেরেন মাত্র ৭ রান করে। ১১তম ওভারে বল করতে এসে পঞ্জাবকে জোড়া ধাক্কা দেন সুনীল নারাইন। প্রথমে ফেরান সূর্যাংশ শেড়গেকে (৪)। শেষ বলে মার্কো জানসেনকে (১)। দুজনের কেউই নারাইনের বল বুঝতেই পারেননি। ৮৬ রানে ৮ উইকেট হারানো পঞ্জাব আদৌ ১০০ রানের গণ্ডি পেরোতে পারবে কিনা, তা নিয়ে চর্চাও শুরু হয়। নবম উইকেটে জুটি বেঁধে সেই লজ্জার হাত থেকে দলকে রেহাই দেন শশাঙ্ক সিংহ ও জেভিয়ার বার্টলেট। দুজনে দাঁতে দাঁত চেপে লড়াই করে ২৩ রান যোগ করেন। ১৬তম ওভারে বৈভব অরোরার প্রথম বলে ফেরেন শশাঙ্ক (১৮)। তৃতীয় বলে রান আউট হন জেভিয়ার (১১)।

১১২ রান তাড়া করতে নেমে মারমুখী মেজাজে ব্যাটিং শুরু করতে গিয়ে অতি দ্রুতই সাজঘরে ফেরেন সুনীল নারাইন (৫) ও কুইন্টন ডি’কক (২)। ৭ রানে দুই উইকেট খুঁইয়ে চরম চাপে পড়ে যায়   কলকাতা। তৃতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যান অজিঙ্ক রাহানে ও অঙ্গকৃশ রঘুবংশী। ক্রিজের এক প্রান্ত আগলে রেখেছিলেন নাইট অধিনায়ক। অন্যপ্রান্তে হাত খুলে মারছিলেন রঘুবংশী। রান তোলার গতি দেখে মনে হচ্ছিল নববর্ষের রাতে হয়তো কোনও নেমতন্ন রক্ষার তাড়া রয়েছে। কিন্তু অষ্টম ওভারে যুজবেন্দ্র চহালের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন রাহানে (১৭ বলে)। আর তার পরেই ম্যাচের রং বদলে যেতে শুরু করে।

নাইট অধিনায়ক সাজঘরে ফেরার সময়ে জয়ের জন্য দলের প্রয়োজন ছিল ৭৪ বলে ৫০ রান। হাতে ছিল সাত উইকেট। যুজবেন্দ্র চহালের বলে দশম ওভারে ফিরে যান রঘুবংশী (৩৭)। এর পরই ধস নামে নাইটদের ব্যাটিংয়ে। একের পর এক কাণ্ডজ্ঞানহীন শট খেলে ‘আয়ারাম-গয়ারাম’ এর ভূমিকায় অবতীর্ণ হন বেঙ্কটেশ আইয়ার (৭), রিঙ্কু সিংহ (২), রমনদীপ সিংহ (০), হর্ষিত রানা (৩), বৈভব অরোরা (০)। খানিকটা লড়াই করার ‘নাটক’ করেছিলেন আন্দ্রে রাসেল। বিশাল বপু নিয়ে নড়তে চড়তে না পারা ক্যারিবীয় ব্যাটার শুধু অতীতের ছায়া। ১১ বলে ১৭ রান করেন। ফিনিশার হয়ে উঠতে পারেননি।

কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তোলাবাজির অভিযোগে গ্রেফতার

মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া পাক সেনাপ্রধানকে কড়া কথা শোনালেন ইরানের স্পিকার

প্লে-অফের দৌড়ের লড়াইয়ে থাকতে পঞ্জাবের চাই ১৯৭ রান

রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, কী কী করা যাবে না…

কত শূন্যপদ? সরকারি দফতরগুলোর কাছে ৩ জুনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

প্রখর তাপপ্রবাহে শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্র, দেওয়া হচ্ছে তরমুজ ও জল

ঘরে বসে প্রতি মাসে ঢুকবে ১০ হাজার টাকা, Post Office-এর এই স্কিম সম্পর্কে জানেন?

গারুলিয়া পুরসভার ১১ জন কাউন্সিলরের গণ ইস্তফা, বাকি ১০ জন দিতে পারেন সোমবার

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন তিন বাংলাদেশি যুবক

আরজি কর কাণ্ড: অভীক দে’র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ

বামনগোলা গ্রামীণ হাসপাতালে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু, বিশিষ্ট চিকিৎসকদের আনার পরিকল্পনা