ওড়িশাতে আটকে পড়া ৩ শ্রমিককে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল দৌলতাবাদ থানা

Share:

নিজস্ব প্রতিনিধি,দৌলতাবাদ: ওড়িশার বালিকুদা থানার বালিশ্বর এলাকায় কাজ করতে গিয়ে ভাষাগত সমস্যার কারণে পুলিশের হেফাজতে আটক হয়েছিলেন মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার(Doulatabad P.S.) অন্তর্গত ঘাসিপুর গ্রামের তিন পরিযায়ী শ্রমিক। প্রশাসনের তৎপরতায় তারা সুস্থ ও নিরাপদ অবস্থায় অবশেষে পরিবারের কাছে ফিরলেন, আর এই ঘটনায় পরিবার-পরিজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তির বাতাবরণ ছড়িয়ে পড়েছে।পুলিশ সূত্রে জানা গেছে,ঘাসিপুর গ্রামের হামিদুল সেখ (পিতা – ইনাজুল সেখ), ইনাজুল সেখ (পিতা – জুব্বার সেখ) এবং রাব্বুল ইসলাম (পিতা – ইন্তাজ সেখ) গত ২৩ জুন সোমবার ওড়িশার(Odisha) বালিকুদা থানার(Balikuda P.S.) বালিশ্বর এলাকায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। প্রায় এক সপ্তাহ কাজ করার পর স্থানীয় থানায় তাদের তলব করা হয়।

থানায় হাজিরা দিতে গেলে তাদের আধার কার্ড যাচাই করে ছেড়ে দেওয়া হয়েছিল, তবে পরদিনই মঙ্গলবার দুপুরে পুনরায় কাজের সাইট থেকে থানায় নিয়ে গিয়ে চার দিন ধরে হেফাজতে রাখা হয়।আটক শ্রমিকদের পরিবারের তরফে দৌলতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে প্রশাসন তড়িৎ ব্যবস্থা গ্রহণ করে। তাদের নিরাপদে বাড়ি ফেরাতে প্রশাসনিক পর্যায়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়। রবিবার সকালে দৌলতাবাদ থানার তত্ত্বাবধানে তিনজন শ্রমিককেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সেই সময় মুর্শিদাবাদ জেলা পুলিশের ডেপুটি সুপার হেডকোয়ার্টার তমাল কুমার বিশ্বাস, সদর সার্কেলের সি.আই প্রসেনজিৎ দত্ত এবং দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক উদয় ঘোষ উপস্থিত থেকে তিনজনের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।এই ঘটনার পর ইনাজুল সেখ বলেন, “অন্য রাজ্যে কাজ করতে গিয়ে কতটা সমস্যায় পড়তে হয়, আমরা নিজেরাই বুঝতে পেরেছি। বাংলা ভাষায় কথা বলায় আমাদের বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছিল। আমাদের সঙ্গে প্রায় শতাধিক শ্রমিককে আটক করা হয়, তার মধ্যে মুর্শিদাবাদেরই আটজন ছিল। প্রশাসনের সহায়তায় আমরা সকলেই বাড়ি ফিরতে পেরে খুব খুশি।”

রাব্বুল ইসলাম জানান, “দৌলতাবাদ থানা প্রশাসনের সহযোগিতা না পেলে আমরা এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারতাম না। আমরা তিনজন থানার প্রতি কৃতজ্ঞ।”হামিদুল সেখ বলেন, “কাজের জন্য দূরে গিয়ে এমন সমস্যায় পড়তে হবে ভাবিনি। আমাদের মতো শ্রমিকদের যাতে আর এভাবে আটক হতে না হয়, তার জন্য সঠিক পদক্ষেপ নেওয়া উচিত।”এ বিষয়ে মুর্শিদাবাদ জেলা পুলিশের ডেপুটি সুপার হেডকোয়ার্টার তমাল কুমার বিশ্বাস বলেন, “পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার দায়িত্ব আমাদের। যে কোনও বিপদে আমরা মানুষের পাশে থাকি, এটাই আমাদের অঙ্গীকার। তাদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে ভালো লাগছে।”এই ঘটনায় দৌলতাবাদ থানা প্রশাসনের তৎপরতা ও মানবিক ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে। গ্রামে ফিরে আসা শ্রমিকদের পরিবারের মধ্যে ফিরে এসেছে স্বস্তি ও আনন্দের আবহ।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার