আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গুজরাতের হৃদয় ভেঙে শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় রাজস্থানের

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: চলতি আইপিএলে সবচেয়ে শ্বাসরুদ্ধকর ম্যাচের সাক্ষী থাকলেন নরেন্দ্র মোসি স্টেডিয়ামে গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ দেখতে হাজির কয়েক হাজার দর্শক।  গুজরাতের রশিদ খান ও কাগিসো রাবাডা এক অবিশ্বাস্য ইনিংস খেলে জয় প্রায় পকেটে পুরেছিলেন। কিন্তু শেষ ওভারে তুষার দেশপাণ্ডের অসাধারণ বুদ্ধিদীপ্ত বোলিং রাজস্থান রয়্যালসকে হারা ম্যাচ ছয় রানে জিতিয়ে দিল। শনিবার (৪ এপ্রিল) প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২১০ রান তুলেছিল রাজস্থান। জবাবে আট উইকেট হারিয়ে ২০৪ রানেই থমকে যেতে হল গুজরাতকে।

টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। গোড়াপত্তন করতে নেমে শুরু থেকেই মারমুখী মেজাজে খেলতে থাকেন রাজস্থানের দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও বৈভব সূর্যবংশী। দুজনের হাতে বেধড়ক ঠ্যাঙানি খেয়ে দিশেহারা হয়ে পড়েন মোহাম্মদ সিরাজরা। পাওয়ার প্লে’তে কোনও উইকেট না হারিয়ে ৬৯ রান তোলে রাজস্থান। তবে পাওয়ার প্লে’র পরের ওভারেই রশিদ খানের বলে সাজঘড়ে ফেরেন বৈভব। আউটের আগে ১৮ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এর পর যশস্বী জয়সোয়াল ও ধ্রুব জুরেল দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। ১০.১ ওভারেই দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ৩২ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কার সাহায্যে অর্ধশতরান পূর্ণ করেন যশস্বী। তবে অর্ধশতরানের পরেই কাগিসো রাবাডার বলে ক্লিন বোল্ড হয়ে ফেরেন। ৩৬ বলে ৫৫ রান করেন।

চার নম্বরে নেমে তেমন সুবিধা করতে পারেননি রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। চার বলে আট রান করে ফেরেন তিনি। অধিনায়ক ফেরার পরে সিমরান হেইটমায়ারকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান ধ্রুব জুরেল। দুজনে দলকে দেড়শো রানের গণ্ডি পার করান। ১৬তম ওভারে অশোক শর্মার বলে ফেরেন হেইটমায়ার (৮ বলে ১৮)। পরের ওভারে ফেরেন ডোনোভান ফেরেইরা (১)। তাঁকে সাজঘরের পথ দেখান রাবাডা। ব্যক্তিগত ৪২ রানে জীবন পান ধ্রুব জুরেল। ১৭তম ওভারে  তাঁর সহজ ক্যাচ ফেলে দেন মোহাম্মদ সিরাজ। জীবন ফিরে পেয়ে নিজের অর্ধশতরান পূর্ণ করেন জুরেল। ১৮.৪ ওভারে ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় রাজস্থান। শেষ ওভারে মোহাম্মদ সিরাজের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়েছিলেন জুরেল। তৃতীয় বলে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। সাজঘরের পথ ধরার আগে করেন ৪২ বলে ৭৫। শেষ পর্যন্ত ২১০ রানে থামে রাজস্থানের ইনিংস। রবীন্দ্র জাদেজা ৭ ও জোফ্রা আর্চার ১ রানে অপরাজিত থাকেন।

জয়ের জন্য ২১১ রান তাড়া করতে গুজরাতের হয়ে গোড়াপত্তন করেন সাই সুদর্শন ও কুমার কুশাগ্র। শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন দুই তরুণ ব্যাটার। ৫.২ ওভারে দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। পাওয়ার প্লে শেষে গুজরাতের রান দাঁড়ায় বিনা উইকেটে ৫৬। অষ্টম ওভারে রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগের বলে ছক্কা হাঁকিয়ে ৩২ বলে অর্ধশতরান পূর্ণ করেন সাই সুদর্শন। ওভারের শেষ বলে কুমার কুশাগ্রকে ফিরিয়ে ৭৮ রানের ওপেনিং জুটি ভাঙেন পরাগ। ১৩ বলে ১৮ রান করেন কুশাগ্র। অর্ধশতরান করার পর আরও আগ্রাসী হয়ে ওঠেন সুদর্শন। ১০ ওভারেই ১০৩ রান তুলে ফেলে গুজরাত। অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে ১১তম ওভারে রবি বিষ্ণোইয়ের বলে তুষার দেশপাণ্ডের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সুদর্শন। সাজঘরে ফেরার আগে ৪৪ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। সুদর্শন ফেরার পর আক্রমণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিন নম্বরে নামা জস বাটলার। তবে চারে নামা গ্লেন ফিলিপস দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেননি। ১৩ তম ওভারে বল করতে এসে গুজরাত শিবিরে জোড়া আঘাত হানেন রবি বিষ্ণোই। প্রথম বলে ফেরান গ্লেন ফিলিপসকে (৩)। তৃতীয় বলে ওয়াশিংটন সুন্দরকে (৪)। পরের ওভারে জস বাটলারকে (১৪ বলে ২৬) ফিরিয়ে গুজরাতের ব্যাটিংয়ের শিরদাঁড়া ভেঙে দেন নান্দ্রে বার্গার। ৬ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে গুজরাত।

ষষ্ঠ উইকেটে রাহুল তেওয়াতিয়া ও সরফরাজ খান দলকে ১৫০ রানের সীমা পার করিয়ে দেন। নিজের তৃতীয় ওভারে বল করতে এসে রাহুলকে (১২) ফেরান বিষ্ণোই। ওই ওভারে অকারণে রান নিতে গিয়ে আউট হয়ে যান সরফরাজ (১১)। দলকে মহাবিপদে ফেলে যান তিনি। তবে অষ্টম উইকেটে জুটি বেঁধে ম্যাচের রং অবিশ্বাস্যভাবে পাল্টে দেন গুজরাতের দুই অনামী ব্যাটার রশিদ খান ও কাগিসো রাবাডা। বল হাতে কিছু করতে না পারার ব্যর্থতা পুষিয়ে দেন ব্যাট হাতে। দুজনে মারমুখী মেজাজে খেলে দলকে প্রায় জয়ের দোরগোড়ায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু শেষ ওভারে তুষার দেশপাণ্ডের অবিশ্বাস্য বোলিং সবকিছু এলোমেলো করে দিল। ১৪ বলে ২৪ রান করে ফিরে যান রশিদ খান। ২০৪ রানেই থমকে যায় গুজরাত। রাবাডা ১৬ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।

Published by:

Share Link:

More Releted News:

কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

বৈভবের-জুরেলের চওড়া ব্যাটে হায়দরাবাদের বিরুদ্ধে ২২৮ রান তুলল রাজস্থান

ফের তাণ্ডব বৈভবের, হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলেই হাঁকালেন সেঞ্চুরি

বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ