দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

Share:

নিজস্ব প্রতিনিধি:  দীপাবলিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেদার ফেটেছে শব্দবাজি। তার জেরেই এক ধাক্কায় তলানিতে ঠেকেছে বায়ুর গুণগত মান। দিল্লির দূষিত বাতাস নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করছেন পরিবেশবিদরা। দূষণের নিরিখে খুব একটা পিছিয়ে নেই কলকাতাও। সামনেই শীতের মরশুম। আর শীত পড়লেই বাতাসে দূষণের মাত্রা আরও বাড়ার আশঙ্কা। ফলে শুধু বাইরের বাতাস নয়, ঘরের ভিতরের পরিবেশ নিয়েও বাড়ছে চিন্তা। এই পরিস্থিতিতে সুস্থভাবে শ্বাস নিতে অনেকেই বাড়ির জন্য এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন। কিন্তু বাজারে হরেক রকমের এয়ার পিউরিফায়ারের ভিড়ে কোনটি কিনবেন? কেনার আগে কোন বিষয়গুলি অবশ্যই মাথায় রাখা জরুরি জেনে নিন। 

১. CADR দেখে কিনুন

এয়ার পিউরিফায়ার কেনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল CADR বা Clean Air Delivery Rate। এটি থেকে বোঝা যায়, একটি যন্ত্র প্রতি ঘণ্টায় কতটা পরিমাণ পরিষ্কার বাতাস সরবরাহ করতে পারে। CADR যত বেশি হবে, ঘরের বাতাস তত দ্রুত পরিষ্কার করতে পারবে যন্ত্রটি। প্রায় ২০০ বর্গফুটের ঘরের জন্য কমপক্ষে ১৩০ CFM CADR প্রয়োজন হতে পারে। অন্যদিকে ৩০০ বর্গফুটের ঘরের জন্য প্রায় ১৯৫ CFM CADR দরকার। তবে ঘরের আয়তন, ছাদের উচ্চতা এবং দূষণের মাত্রার উপর নির্ভর করে এই চাহিদা বদলাতে পারে।

২. HEPA ফিল্টার থাকা জরুরি

এয়ার পিউরিফায়ার কেনার সময় True HEPA ফিল্টার রয়েছে কি না, তা অবশ্যই দেখে নিন। বিশেষ করে PM2.5-এর মতো ক্ষুদ্র দূষিত কণা আটকাতে এই ফিল্টার গুরুত্বপূর্ণ। H13 বা H14 গ্রেডের ফিল্টার বেছে নেওয়া যেতে পারে। তবে শুধু HEPA লেখা দেখেই যন্ত্র কিনবেন না। HEPA-like কিংবা HEPA-type প্রযুক্তির সঙ্গে প্রকৃত HEPA ফিল্টারের কার্যকারিতা এক নয়। তাই ফিল্টারের মান ও পরীক্ষার তথ্য যাচাই করে নেওয়া জরুরি।

৩. অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টারও প্রয়োজন 

HEPA ফিল্টার মূলত বাতাসের ধূলিকণা ও ক্ষুদ্র দূষিত কণা আটকায়। কিন্তু ধোঁয়া, দুর্গন্ধ এবং কিছু গ্যাসীয় দূষক কমানোর ক্ষেত্রে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার সাহায্য করে। তাই এমন এয়ার পিউরিফায়ার বেছে নেওয়া জরুরি যেখানে প্রি-ফিল্টার, HEPA ফিল্টার এবং অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টারের ব্যবস্থা রয়েছে।

৪. ফিল্টার বদলানোর খরচ জেনে নিন

এয়ার পিউরিফায়ার কেনার সময় শুধু যন্ত্রের দাম দেখলে চলবে না। নির্দিষ্ট সময় অন্তর ফিল্টার পরিবর্তন করতে হয়। দূষণ বেশি থাকলে ফিল্টার তুলনামূলক দ্রুত নোংরা হয়ে যেতে পারে। তাই কেনার আগে নতুন ফিল্টারের দাম, বাজারে তার সহজলভ্যতা এবং সংস্থার বিক্রয়োত্তর পরিষেবা সম্পর্কে জেনে নিন। কম দামে যন্ত্র কিনলেও ফিল্টার পরিবর্তনের খরচ বেশি হলে পরবর্তীতে সমস্যা হতে পারে।

৫. শব্দ ও বিদ্যুৎ খরচের দিকেও নজর দিন

এয়ার পিউরিফায়ার দীর্ঘক্ষণ চালিয়ে রাখতে হতে পারে। তাই কেনার আগে যন্ত্রটির শব্দের মাত্রা এবং বিদ্যুৎ খরচ সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। বিশেষ করে শোওয়ার ঘরের জন্য কিনলে স্লিপ মোড রয়েছে কি না, তা দেখে নিন। কম শব্দে কাজ করতে পারে এমন মডেল বেছে নেওয়াই ভাল।

৬. PM2.5 সেন্সর ও অটো মোড কতটা কার্যকর?

বর্তমানে অনেক এয়ার পিউরিফায়ারে PM2.5 সেন্সর, রিয়েল টাইম এয়ার কোয়ালিটি ডিসপ্লে, অটো মোড এবং স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণের সুবিধা রয়েছে। অটো মোডে ঘরের দূষণ বাড়লে যন্ত্রটি নিজে থেকেই ফ্যানের গতি বাড়াতে পারে। তবে অতিরিক্ত স্মার্ট ফিচারের পিছনে না ছুটে প্রথমে ফিল্টারের গুণমান ও ঘরের আয়তন অনুযায়ী যন্ত্রের কার্যক্ষমতা যাচাই করুন।

 ৭. ওজোন  বৃদ্ধি করে এমন যন্ত্র এড়িয়ে চলুন

কিছু এয়ার পিউরিফায়ারে আয়োনাইজার বা প্লাজমা প্রযুক্তি ব্যবহার করা হয়। এই ধরনের প্রযুক্তি থেকে ওজোন নির্গত হওয়ার আশঙ্কা থাকতে পারে। ওজোন শ্বাসনালিতে জ্বালা তৈরি করতে পারে এবং শ্বাসকষ্টের সমস্যা বাড়াতে পারে। তাই কেনার আগে যন্ত্রটি ওজোন তৈরি করে কি না, তা নিশ্চিত হয়ে নিন।

৮. একটি যন্ত্রেই কি গোটা বাড়ির বাতাস পরিষ্কার হবে?

অনেকের ধারণা, একটি এয়ার পিউরিফায়ার কিনলেই গোটা বাড়ির বাতাস পরিষ্কার হয়ে যাবে। কিন্তু বিষয়টি তেমন নয়। সাধারণত যে ঘরে যন্ত্রটি রাখা হয়, সেই ঘরের বাতাস পরিষ্কার করতেই এটি বেশি কার্যকর। তাই প্রথমে যে ঘরে পরিবারের সদস্যরা সবচেয়ে বেশি সময় কাটান, সেই ঘরের আয়তন অনুযায়ী পিউরিফায়ার কিনুন। যন্ত্রটি দেওয়াল, পর্দা কিংবা আসবাবের একেবারে গা ঘেঁষে রাখবেন না। 

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক