ভ্রমণের নেশা রয়েছে, একবার ঘুরে আসুন এই আশ্চর্য গুহাগুলি থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি: গুহার অন্ধকার পথ, পাথরের বিস্ময়কর রূপ আর হাজার বছরের ইতিহাস। একটু অন্যরকম ভ্রমণের স্বাদ পেতে হলে দেশের এই গুহাগুলি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। কোথাও রয়েছে প্রস্তর যুগের গুহা চিত্র, কোথাও আবার চুনাপাথরের অপূর্ব সৃষ্টি স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট। ইতিহাস, ভূগোল আর প্রকৃতির সৌন্দর্য মিলিয়ে এই গুহাভ্রমণ হয়ে উঠতে পারে এক অনন্য অভিজ্ঞতা।

ভ্রমণ মানেই যে শুধু পাহাড়, সমুদ্র বা জঙ্গল-এমন ধারণা এখন বদলাচ্ছে। অনেকেই এখন খুঁজছেন একটু অন্যরকম অভিজ্ঞতা। সেই তালিকায় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে গুহা ভ্রমণ। ভারতের নানা প্রান্তে এমন বহু গুহা রয়েছে, যেগুলি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, ইতিহাস ও ভূগোলের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

বোরা গুহা: অন্ধ্রপ্রদেশের অনন্তগিরিতে রয়েছে এক সুবিশাল গুহা, যার কিছুটা জানা, কিছুটা অজানা। গাইডরা বলেন, গুহার কিছু কিছু শুঁড়িপথ যে কোথায় মিশেছে, কেউ জানেন না। বিশাল গুহা যেন বিস্ময়। এই গুহায় নানা রকম পাথুরে রূপের সৃষ্টি হয়েছে। চুনাপাথর এবং জলের বিক্রিয়ায় তৈরি হয় ক্যালসিয়াম কার্বোনেট। চুনাপাথরের এই গুহায় জলের বিক্রিয়ার ফলে জমাট বাঁধা ক্যালসিয়াম কার্বোনেট নানা আকৃতির সৃষ্টি করেছে। ক্যালসিয়াম কার্বোনেট জমে যদি গুহার উপর থেকে ঝুলতে থাকে, তাকে বলা হয় স্ট্যালাকটাইট। গুহার ছাদ থেকে জল চুঁইয়ে পড়ে মেঝে থেকে স্তম্ভ তৈরি হলে তাকে বলা হয় স্ট্যালাগমাইট। বিশাল গুহার ছাদের অনেকটা অংশ খোলা। জনপ্রিয় পর্যটনকেন্দ্রের তালিকায় ঠাঁই করে নিয়েছে বোরা গুহা।

কী ভাবে যাবেন?
হাওড়া বা শিয়ালদহ স্টেশন থেকে বিশাখাপত্তনম যাওয়ার জন্য করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন রয়েছে। কলকাতা থেকে সড়কপথে বা বিমানেও বিশাখাপত্তনম পৌঁছোনো যায়। বিশাখাপত্তনম স্টেশন থেকে বোরা গুহা ৯০ কিলোমিটার। বিশাখাপত্তনম স্টেশন থেকে কিরণ্ডুল প্যাসেঞ্জার রয়েছে। এই ট্রেনে ভিস্তা ডোম কোচও রয়েছে। রেলপথে পড়বে একাধিক টানেল। বিশাখাপত্তনম থেকে সরাসরি গাড়িতেও যাওয়া যায়।

কোথায় থাকবেন?
বোরা গুহার আশপাশে একাধিক হোটেল, রিসর্ট রয়েছে। বোরা গুহা ঘুরে আরাকু ভ্যালিতেও চলে যেতে পারেন।

পাতাল ভুবনেশ্বর: উত্তরাখণ্ডের পিথোরাগড়ে গাঙ্গোলিহাটে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইটের আর একটি বৃহৎ গুহা রয়েছে, পাতাল ভুবনেশ্বর। জল এবং চুনাপাথরের বিক্রিয়ায় যে ধরনের আকৃতির জন্ম হয়েছে, সেগুলিকে দেবদেবী কল্পনা করে পুজো করেন স্থানীয় বাসিন্দারা। চুনাপাথরের বিভিন্ন রূপকে তেত্রিশ কোটি দেবদেবীর রূপে কল্পনা করা হয়। পাতাল ভুবনেশ্বরে প্রবেশের পথটি অন্ধকার, সঙ্কীর্ণ। লম্বা চেন নেমে গিয়েছে নীচে। তা ধরেই পাতালের পথে যেতে হয়।

কী ভাবে যাবেন?
নৈনিতাল, মুন্সিয়ারি বা উত্তরাখণ্ডের কোনও একটি বড় শহর বা রেল স্টেশনে পৌঁছোতে হবে। পাতাল ভুবনেশ্বরের সবচেয়ে কাছের স্টেশন হলদোয়ানি বা কাঠগুদাম। হাওড়া থেকে লালকুয়াঁ বা বাঘ এক্সপ্রেস যায়। পিথোরাগড় পর্যন্ত গাড়িতে পৌঁছে সেখান থেকে পাতাল ভুবনেশ্বর ঘোরা যায়। ভ্রমণ তালিকায় জুড়ে নিতে পারেন মুন্সিয়ারি, আলমোড়া, কৌশানিও।

কোথায় থাকবেন?
পাতাল ভুবনেশ্বর, পিথোরাগড়, আলমোড়া, সর্বত্রই একাধিক থাকার জায়গা রয়েছে।

ভীমবেটকা: মধ্যপ্রদেশের রাইসেন জেলায় ভীমবেটকা হল সভ্যতার আঁতুড়ঘর। পাহাড়ঘেরা এই বনাঞ্চলে এখনও পর্যন্ত প্রায় আড়াইশোটি গুহা বা পাথরের খাঁজে থাকার মতো জায়গা পাওয়া গিয়েছে। দু’দিকে পাহাড়, গাছ, পাথুরে রাস্তা দিয়ে বেশ খানিকটা হেঁটে গেলে চোখে পড়বে গুহা। এখানে রয়েছে প্রস্তরযুগের গুহাচিত্র। ২০০৩ সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পাওয়া ভীমবেটকা তথাকথিত সভ্যতার সূচনার আগে এক আদিম সময়ে নিয়ে যায়। গুহাচিত্রের পুরনো ছবিগুলোর মধ্যে রয়েছে মূলত বিশালকায় জন্তু— গন্ডার, বাইসন ইত্যাদি। বেশির ভাগই লালচে বা সবজেটে রঙের পাথর ঘষে আঁকা। আবার পরবর্তী সময়ের ছবিতে দল বেঁধে শিকারে যাওয়া মানুষ বা গৃহস্থালির ছবি দেখা যায়। বেশ কিছু অস্ত্রের ছবিও রয়েছে।

কী ভাবে যাবেন?
ট্রেনে কিংবা উড়ানে ভোপাল পৌঁছোতে হবে। সেখান থেকে গাড়ি নিয়ে ভীমবেটকা যাওয়া যায়।

কোথায় থাকবেন?
ভোপালে থাকার একাধিক জায়গা রয়েছে। নানা মানের রিসর্ট, হোটেলও রয়েছে।

বাদামি গুহা: কর্নাটকের বাগলকোটের বাদামি গুহায় রয়েছে হিন্দু এবং জৈন মন্দির। চালুক্য স্থাপত্যের নিদর্শন পাথর কেটে তৈরি হওয়া মন্দিরগুলি। বিশাল পাহাড় কেটে তৈরি হয়েছে মন্দির। এই স্থানের সঙ্গে কিছুটা হলেও ওড়িশার উদয়গিরি এবং খণ্ডগিরির সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। বেঙ্গালুরু থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে বাদামি গুহা। গুহার মধ্যে পাথর কেটে খোদাই করা হয়েছে অপূর্ব সব ভাস্কর্য। রয়েছে পাথরের মূর্তিও। মূলত চারটি গুহা আছে এখানে। গুহায় রয়েছে শিবমূর্তি, যা নটরাজ রূপে পাথরে খোদিত। অন্যান্য গুহায় রয়েছে বিষ্ণুর নানা অবতারের খোদাই করা রূপ।

কী ভাবে যাবেন?
হাওড়া থেকে ছাড়ে অমরাবতী এক্সপ্রেস। সেই ট্রেন যায় গাদাগ জংশন। সেখান থেকে বাদামি গুহার দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার।

কোথায় থাকবেন?
বাদামি গুহা থেকে কয়েক কিলোমিটারের মধ্যে থাকার একাধিক জায়গা রয়েছে। নানা মানের রিসর্ট, হোটেলও আছে।

মাউসমাই গুহা: মেঘালয়ের চেরাপুঞ্জিতে রয়েছে চুনাপাথরের প্রাকৃতিক গুহা। নাম মাউসমাই। প্রবেশপথটি বেশ চওড়া হলেও, স্থানে স্থানে তা বেশ সঙ্কীর্ণ। কোথাও মই বেয়ে এগোতে হয়, কোথাও হামাগুড়ি দিতে হয়। বিশেষ করে যাঁরা রোমাঞ্চ পছন্দ করেন, তাঁদের জন্য এই গুহার এক প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত যাত্রা এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকতে পারে।

কী ভাবে যাবেন?
মেঘালয়ের শিলং বা চেরাপুঞ্জি থেকে এই গুহায় যাওয়া যায়। বিমান বা ট্রেনে গুয়াহাটি পৌঁছে সেখান থেকে গাড়িতে যেতে পারেন। বিমানে শিলং পৌঁছেও বাকি পথ গাড়িতে যাওয়া যায়।

কোথায় থাকবেন?
শিলং, চেরাপুঞ্জিতে থাকার একাধিক জায়গা রয়েছে। নানা মানের হোটেলও রয়েছে। 

অভিষেককে পুর-নোটিস! টাকা নিয়ে বাড়ি তৈরি হয়েছে, দাবি মন্ত্রী দিলীপ ঘোষের

তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

বাড়ির মধ্যেই মধুচক্র চালানোর অভিযোগ, বনগাঁয় আটক তৃণমূল কাউন্সিলর

মূল্যবৃদ্ধির বোমা, দুধের পর দাম বাড়ল পাউরুটির

পার্ক সার্কাসের অশান্তির ঘটনায় ধৃত মূল অভিযুক্ত! গ্রেফতার বেড়ে ৪৬

রিল বানানোর নেশায় মাঝ নদীতে ‘থার’, ভাইরাল যুবকদের কাণ্ড

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের জার্সি গায়ে খেলবেন নেইমার

ফের দুর্ঘটনা, লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের তিনটি কামরা

পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হলো?

ঈশান ঝড়ে উড়ে গেল চেন্নাই, প্লে-অফে হায়দরাবাদ-গুজরাত

ভ্রমণের নেশা রয়েছে, একবার ঘুরে আসুন এই আশ্চর্য গুহাগুলি থেকে

আজ প্রচারের শেষদিনে ফলতায় রোড শো মুখ্যমন্ত্রীর

মর্মান্তিক দুর্ঘটনা গ্রেটার নয়ডায়, ১৫ তলা থেকে পড়ে মৃত্যু ৪ বছরের শিশুর