চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জেলা পরিষদ কী এবারেও অধরা থেকে যাবে! প্রশ্ন পুরুলিয়ার পদ্মশিবিরে

নিজস্ব প্রতিনিধি: বাংলার বুকে পদ্ম শিবিরের উত্থানটা প্রথমবার বেশ ভাল ভাবেই চোখে পড়েছিল ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে(Panchayet Election)। সেবার রাজ্যের বেশ কিছু জেলায় কার্যত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সঙ্গে কাঁটায় কাঁটায় পাল্লা দিয়েছিল বিজেপি(BJP)। সেই সব জেলার মধ্যে সব থেকে চমকপ্রদ ফল হয়েছিল পুরুলিয়ার বুকে। জেলার বেশির ভাগ গ্রাম পঞ্চায়েতেই ক্ষমতা দখল করে বিজেপি। যদিও পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের(Zilla Parishad) ক্ষেত্রে তৃণমূলই দাপট দেখিয়েছিল। এর ঠিক ১০ মাসের মাথায় ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পুরুলিয়া(Purulia) সহ বাংলার ১৮টি আসনে জয়ের মুখ দেখে বিজেপি। বাংলায় সেটাই ছিল এখনও পর্যন্ত বিজেপির সেরা নির্বাচনী ফলাফল। কিন্তু সেই সাফল্য তাঁরা পরবর্তীকালের নির্বাচনে ধরে রাখতে পারেনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচন হোক কী ২০২২ সালের পুরনির্বাচন কোথাও সেভাবে দাগ কাটতে পারেনি বিজেপি। আগামী বছর রয়েছে পঞ্চায়েত নির্বাচন। আর তার আগেই এখন পুরুলিয়ার পদ্মশিবিরে প্রশ্ন উঠে গিয়েছে, এবারেও কী জেলা পরিষদ দখলের খোয়াব অধরাই থেকে যাবে!

পুরুলিয়া জেলা পরিষদের মোট ৩৮টি আসনের মধ্যে ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পেয়েছিল ২৬টি আসন। বিজেপি ৯টি ও কংগ্রেস ৩টি আসন দখল করেছিল। কিন্তু আগামী বছর কী হবে, সেটা এখন ভাবাচ্ছে পুরুলিয়ার পদ্মশিবিরকে। তার একটা বড় কারণ উনিশের ভোটে জেলার লোকসভা কেন্দ্র বিজেপির দখলে গেলেও একুশের বিধানসভা নির্বাচনে সেই সাফল্য ধরে রাখতে পারেনি বিজেপি। লোকসভা নির্বাচনে বিজেপি জেলার ৯টি বিধানসভা কেন্দ্রেই লিড তুলেছিল। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে দেখা গেল জেলার ৬টি আসনে তাঁরা জয়ের মুখ দেখলেও ৩টি আসনে কিন্তু জিতে যায় তৃণমূল। যা কার্যত বলে দিয়েছিল জঙ্গলমহলের এই জেলায় বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে ক্রমশ। সেই ধারনা যে ভুল নয় সেটা সাম্প্রতিক কালে হয়ে যাওয়া পুরনির্বাচনে আরও স্পষ্ট হয়ে গিয়েছে। জেলার ৩টি পুরসভার মধ্যে ১টিতেও ক্ষমতা দখলের ধারে কাছেও যেতে পারেনি বিজেপি। অথচ এই ৩ পুরসভায় বুথ দখল বা ছাপ্পা ভোট কিংবা সন্ত্রাসের কোনও অভিযোগই শোনা যায়নি। সেই জায়গা থেকেই সবাই ভেবেছিল ঝালদা, পুরুলিয়া টাউন ও রঘুনাথপুরে বিজেপি পুরসভা দখল করতে পারে। 

যদিও বাস্তবে দেখা গেল ক্ষমতা দখল তো বহু দূরের কথা, পুরনির্বাচনে পুরুলিয়ার মাটিতে কোনও দাগই কাটতে পারেনি পদ্মশিবির। উনিশের লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে যে জনজোয়ার এই জেলার মাটিতে দেখা গিয়েছিল সেটাই কার্যত এখন ভ্যানিস অযোধ্যা পাহাড়ের এই জেলায়। ঝালদা পুরসভায় খাতাই খুলতে পারেনি বিজেপি। সেখানকার ১২টি আসনের মধ্যে ৫টিতে তৃণমূল, ৫টিতে কংগ্রেস আর ২টিতে নির্দল প্রার্থীরা জয়ী হন। রঘুনাথপুরের ১৩টি আসনের মধ্যে ৯টিতে জিতেছে তৃণমূল। বিজেপি ও কংগ্রেস পেয়েছে ২টি করে আসন। খাস পুরুলিয়া শহরের ২৩টি আসনের মধ্যে ১৭টিতে জয়ের মুখ দেখেছে তৃণমূল। মাত্র ৩টি আসনে সেখানে জয়ের মুখ দেখেছে বিজেপি। নির্দলরা জয়ী হয়েছে ২টি আসনে ও ১টি আসন গিয়েছে কংগ্রেসের ঝুলিতে। অথচ এই ৩টি পুরসভাতেই একুশের বিধানসভা নির্বাচনে লিড তুলেছিল বিজেপি। স্বাভাবিক ভাবেই প্রশ উঠেছে খোদ পদ্মশিবিরের অন্দরেই, মাত্র ১০ মাসে কী এমন হল যে ৩ শহরের মানুষ বিজেপির দিক থেকে সম্পূর্ণ ভাবে মুখ ফিরিয়ে নিল? সেই উত্তরের সন্ধান আদৌ বিজেপির নেতারা করবেন কিনা সন্দেহ। তবে এই ফলাফলের জেরে আগামী বছরের পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ দখলের স্বপ্ন আদৌ আর কোনওদিন পূর্ণ হবে কিনা তা নিয়েই এখন প্রশ্ন উঠে গিয়েছে পুরুলিয়ার বুকে বিজেপির অন্দরে।

Published by:

Share Link:

More Releted News:

নৈহাটিতে প্রচারে গিয়ে ক্ষোভের মুখে বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

ফের খড়্গপুর IIT-তে পড়ুয়ার রহস্যমৃত্যু! তদন্তে পুলিশ

বেতন-বিতর্কে দীপ্সিতা, ‘মিথ্যাচারিণী’ বলে কটাক্ষ পৌর কর্মীদের

এবার জঙ্গলমহলে মোদি, রবিবারে চার মেগা সভা প্রধানমন্ত্রীর

ভোটার তালিকায় নাম নেই, ‘স্বেচ্ছামৃত্যু’র আবেদন পরিবারের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ