এক প্যাকেট চিপস খেয়ে কাটল ৬ দিন, অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে জীবিত উদ্ধার ১৭ বছরের কিশোর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জন্ম-মৃত্যু-বিবাহ সবই বিধাতার হাতে- কখন, কোথায়, কী ভাবে জীবনের মোড় ঘুরে যাবে, তা কেউ জানে না। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার মতোই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল অস্ট্রেলিয়ায়। দুর্গম জঙ্গলে টানা ছ’দিন নিখোঁজ থাকার পরও অলৌকিক ভাবে প্রাণে বেঁচে ফিরল ১৭ বছরের এক কিশোর। চারপাশে ঘন জঙ্গল, বিষধর সাপ আর হিংস্র জন্তুর ভয়। নেই খাবার, নেই যোগাযোগের কোনও মাধ্যম। এমনই প্রতিকূল পরিবেশে টানা ছ’দিন কাটানোর পর অবশেষে উদ্ধার হল কিশোর উইলিয়াম। ঝরনার ধারে পাথরের উপর শুয়ে থাকা অবস্থায় হেলিকপ্টার থেকে তাকে দেখতে পান উদ্ধারকারীরা। আর হেলিকপ্টার চোখে পড়তেই আনন্দে শূন্যে ঘুষি ছুড়তে শুরু করে সে। উদ্ধারের সেই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাটি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের। গত ৬ নভেম্বর বন্ধুদের সঙ্গে ক্যাম্পিং করতে গিয়েছিল উইলিয়াম। মেলবোর্ন থেকে প্রায় ১৮০ কিলোমিটার পূর্বে ওয়ালহাল্লা এলাকার গভীর জঙ্গলে তাঁবু খাটিয়েছিল তারা। কিন্তু সেখান থেকেই আচমকা নিখোঁজ হয়ে যায় ১৭ বছরের কিশোর। এরপরই তার খোঁজে শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। ভিক্টোরিয়া পুলিশের পাশাপাশি উদ্ধারকাজে নামানো হয় প্রশিক্ষিত কুকুর, ডুবুরি এবং হেলিকপ্টার। জঙ্গলের বিস্তীর্ণ এলাকায় চিরুনি তল্লাশি চালিয়েও প্রথম কয়েক দিন কোনও সন্ধান মেলেনি উইলিয়ামের। এদিকে ছেলের কোনও খোঁজ না পেয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়েছিল পরিবার। একটা সময় আশা ছেড়ে দিতে বসেছিলেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত ১২ নভেম্বর ভাগ্য সহায় হয়। হেলিকপ্টারে করে রুটিন তল্লাশি চালানোর সময় একটি ঝরনার পাশে পাথরের উপর শুয়ে থাকা অবস্থায় উইলিয়ামকে দেখতে পান পুলিশকর্মীরা। ছ’দিনের অনাহারে তার শরীর রোদে পুড়ে গিয়েছে, চেহারাও বেশ শীর্ণ হয়ে পড়েছে। তবে উদ্ধারকারীদের দেখতে পেয়েই উচ্ছ্বাস প্রকাশ করে সে। হেলিকপ্টারের দিকে তাকিয়ে বারবার বাতাসে ঘুষি ছুড়তে থাকে কিশোর।

আরও পড়ুন: অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল

কীভাবে এত দিন জঙ্গলে বেঁচে ছিল উইলিয়াম? জানা গিয়েছে, নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল শুধু শর্টস ও বুট। সঙ্গে কোনও মোবাইল ফোনও ছিল না। পুলিশের প্রাথমিক অনুমান, ক্যাম্পিংয়ের সময় খাড়া পাহাড়ের উপর থেকে পা পিছলে পড়ে যায় সে। এমন একটি দুর্গম জায়গায় আটকে পড়েছিল, যেখান থেকে নিজে বেরিয়ে আসা কার্যত অসম্ভব ছিল। মায়ের দেওয়া এক প্যাকেট চিপসই ছিল তার একমাত্র খাবার। প্রথম দু’দিন সেই চিপস খেয়ে কাটায় উইলিয়াম। এরপর বাকি দিনগুলি ঝরনার জল পান করেই বেঁচে ছিল সে। উদ্ধারের পর হেলিকপ্টারে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে কিশোর। তবে তার শরীরে বড় কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। ছেলেকে ফিরে পেয়ে আবেগে ভেঙে পড়েন মা এলিজাবেথ বার্কলে। ছেলেকে জড়িয়ে ধরে মজা করেই বলেন, ‘তুমি এখন থেকে আজীবনের জন্য ঘরবন্দি।’ অন্যদিকে উইলিয়ামেরও প্রতিজ্ঞা, ‘আর কখনও আমি বাড়ি থেকে বের হব না।’ এই উদ্ধার অভিযান সফল হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পুলিশকর্মীরাও। ভিক্টোরিয়া পুলিশের আধিকারিক জেসন বেনবো জানিয়েছেন, কিশোরকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরে উদ্ধারকারী দলের সদস্যরাও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তাঁর কথায়, এই ছ’দিনের অভিজ্ঞতা নিয়ে উইলিয়ামের কাছে নিশ্চিতভাবেই বলার মতো অনেক গল্প রয়েছে।

৯ দিনে রেকর্ড ব্যবসা, বক্স অফিসে ঝড় তুলে কত আয় রণবীরের ‘রামায়ণ’-এর?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আখবান’! জগদ্ধাত্রী পুজোয় জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশ জুড়ে সামরিকভাবে বিমান চলাচল বন্ধের নির্দেশ দিল আমেরিকা, চরম ভোগান্তিতে যাত্রীরা

আজকের রাশিফল: কাদের উপর প্রসন্ন হবেন শনিদেব? কারা থাকবেন সাবধানে

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা