চারশো বছরের পরম্পরায় আজও ভাস্বর শান্তিপুরের রাস, জানুন রাসের পৌরাণিক কাহিনি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আধুনিক আলোকসজ্জা, থিমের বাহার আর উৎসবের চাকচিক্যের ভিড়েও নিজের প্রাচীন ঐতিহ্য ও ধর্মীয় পরম্পরাকে আজও সযত্নে আগলে রেখেছে নদিয়ার শান্তিপুর। রাস উৎসব মানেই এখানে শুধু শোভাযাত্রা কিংবা আলোর রোশনাই নয়, বরং কয়েক শতাব্দীর ইতিহাস, বৈষ্ণব ভাবধারা, পারিবারিক প্রথা এবং প্রাচীন শিল্প-সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। কোথাও আজও বেলজিয়াম কাঁচের বেলোয়ারি ফানুস ও বিশেষ মোমবাতির আলোয় পূজিত হচ্ছেন বিগ্রহ, কোথাও আবার কাঠের চাকে ঘুরছেন রাধাকৃষ্ণ। প্রায় সাড়ে চারশো বছরের ঐতিহ্যবাহী বড় গোস্বামী বাড়ি থেকে শুরু করে চক্রফেরা গোস্বামী বাড়ি, মঠবাড়ি কিংবা দীনদয়াল বাবুর বাড়ি, প্রতিটি বিগ্রহ বাড়ির রাস উৎসবের নিজস্ব ইতিহাস ও বৈশিষ্ট্য শান্তিপুরের ঐতিহ্যকে আজও স্বতন্ত্র পরিচিতি দিয়েছে।

শান্তিপুরের রাস উৎসবের ইতিহাস বলতে প্রথমেই উঠে আসে বড় গোস্বামী বাড়ির নাম। আনুমানিক সাড়ে চারশো বছর আগে এই বাড়ির প্রতিষ্ঠাতা মথুরেশ গোস্বামীর হাত ধরেই রাস উৎসবের সূচনা হয়েছিল বলে জানা যায়। কথিত রয়েছে, একসময় বাড়ির ইষ্টদেবতা রাধারমন জিউ চুরি হয়ে গেলে দেবী কাত্যায়নীর ব্রত করে তাঁকে ফিরে পান পরিবারের সদস্যরা। রাধারমন একা রয়েছেন, এই ভাবনা থেকেই পরবর্তীকালে রাধারানির বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। এরপর বিবাহের রীতি মেনে শুরু হয় রাসলীলা। রাসের সময় নহবত ও সানাইয়ের মঙ্গলধ্বনির মধ্য দিয়ে রাধারমন জিউকে রাসমঞ্চে তোলা হয়। তিন দিন ধরে চলে রাসের বিভিন্ন আচার-অনুষ্ঠান। বড় গোস্বামী বাড়ির পাশাপাশি প্রায় ৪০টি গোস্বামী বাড়িতেও নিজস্ব রীতিতে পালিত হয় রাস উৎসব। সোনার অলংকারে সুসজ্জিত অষ্টধাতুর বিগ্রহ দর্শনে প্রতিবছর ভিড় জমান দূরদূরান্তের ভক্তরা। তবে শান্তিপুরের রাসের অন্যতম বিস্ময় চক্রফেরা গোস্বামী বাড়ির চাকে ঘোরা রাধাকৃষ্ণ। প্রায় চারশো বছরের প্রাচীন এই প্রথায় রাসের দু’দিন সন্ধ্যায় সন্ধ্যে সাড়ে ছ’টা নাগাদ পুজোর পর রাধাবল্লভ ও রাধারানিকে কাঠের চাকে বসিয়ে ঘোরানো হয়। বাড়ির সম্পাদক শশাঙ্ক চক্রবর্তী জানান, স্বয়ং অদ্বৈতাচার্য এই বাড়ির নামকরণ করেছিলেন ‘চক্রফেরা’। বৃন্দাবনে অষ্টসখী পরিবেষ্টিত শ্রীকৃষ্ণের ঘূর্ণায়মান রূপ দেখে তিনি তাঁর নাতি রামেশ্বর গোস্বামী চক্রবর্তীকে এই মন্দির ও কাঠের চাক উপহার দিয়েছিলেন। একসময় কলা ও তেল দিয়ে চাক পিচ্ছিল করে হাতে ঘোরানো হতো। বর্তমানে বর্ধমানের এক কারিগরের সহায়তায় মোটরের মাধ্যমে সেটি ঘোরানো হয়। রাসের অন্যতম আকর্ষণ নহবতের সানাই। ভোর সাড়ে পাঁচটা থেকে ছ’টা এবং সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত মুর্শিদাবাদের শিল্পীদের সানাইয়ের সুরে মুখরিত থাকে গোটা এলাকা। পাশাপাশি ময়ূরপঙ্খী ও রাইরাজা শোভাযাত্রাও উৎসবের বিশেষ আকর্ষণ।

আরও পড়ুনঃ আড়াইশো বছরের পুরোনো ইতিহাস, কীভাবে জন্ম নিল নবদ্বীপের শাক্ত রাস?

আবার দীনদয়াল বাবুর বাড়ির রাধারমণ জিউ মন্দিরে এবার রাস উৎসব ২২৬ বছরে পদার্পণ করেছে। ১৮০০ খ্রিস্টাব্দে, বাংলা ১২০৭ বঙ্গাব্দে এই মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরের সাত খিলানবিশিষ্ট বিশাল দালান আজও প্রাচীন স্থাপত্যের সাক্ষ্য বহন করে চলছে। পরিবারের বর্তমান প্রজন্মের সদস্য কৃশানু প্রামাণিক জানান, বিদ্যুতের প্রচলন হওয়ার আগে সন্ধ্যার নিত্যসেবা এবং মন্দির আলোকিত করার জন্য বেলজিয়াম থেকে আনা বেলোয়ারি ফানুস ও মোমবাতিই ছিল একমাত্র ভরসা। সেই ঐতিহ্য মেনেই রাসের ক’দিন এখনও প্রাচীন ফানুসে সাজানো হয় মন্দির। বিশেষ পদ্ধতিতে তৈরি মোমবাতির সলতে লম্বভাবে বসানো থাকে, ফলে মোম ধীরে গলে এবং দীর্ঘক্ষণ আলো দেয়। পরিবারের আলোর ঘরে সারা বছর যত্ন করে সংরক্ষণ করা হয় এই দুষ্প্রাপ্য ফানুসগুলি। একইভাবে প্রায় ৩০০ বছরেরও বেশি সময়ের ঐতিহ্য বহন করছে শান্তিপুরের মঠবাড়ি। মঠবাড়ির অন্যতম অংশীদার দেবাশিস মঠ জানান, তাঁদের বিগ্রহ আগে বর্ধমানের জাহাননগরে ছিল। প্রায় ৩৫০ বছর আগে সেখান থেকে শান্তিপুরে আসার পর থেকেই এই বাড়িতে রাস উৎসবের প্রচলন। এখানে রাসের সময় কোনও বৈদ্যুতিক আলো ব্যবহার করা হয় না। বেলজিয়াম কাঁচের প্রাচীন ফানুস, প্রদীপ ও বিশেষ মোমবাতির আলোতেই বিগ্রহ দর্শন করেন ভক্তরা। শান্তিপুরের এক বিশেষ কারিগরের তৈরি মোমবাতিগুলি একটানা প্রায় ছয় থেকে সাত ঘণ্টা জ্বলে। বিশেষত্ব হলো, সেগুলি গলে পড়ে না, বরং বাষ্প হয়ে উবে যায়। মঠবাড়িতে রাসের দিনেও সারা বছরের নিত্যসেবা ও ভোগ নিবেদনের নিয়মেই পুজো সম্পন্ন হয়। পরিবারের সদস্যরা ভাঙা রাসের শোভাযাত্রায় অংশ নেন না। বাড়িতে শাক্ত মতে পটেশ্বরী পুজোর প্রচলন থাকায় রাসের পর ভাঙা রাসের দিন তাঁরা দেবীর আরাধনায় মেতে ওঠেন।

বিগ্রহ বাড়িগুলির এই প্রাচীন ঐতিহ্যের পাশাপাশি শান্তিপুরের রাসকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। বিধায়ক স্বপন কুমার দাস জানিয়েছেন, উৎসবকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে শান্তিপুরবাসী সম্মিলিতভাবে উদ্যোগী হয়েছেন। শহরের আলোর মেলার প্রশংসা করার পাশাপাশি বিভিন্ন নির্দিষ্ট জায়গা থেকে পুষ্পবৃষ্টির আয়োজনের কথাও জানিয়েছেন তিনি। প্রশাসনের নির্ধারিত সময়সূচি মেনে বারোয়ারিগুলিকে শোভাযাত্রায় অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে জেলাশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং মহকুমা শাসক-সহ প্রশাসনের আধিকারিকরা সক্রিয় রয়েছেন বলেও জানান বিধায়ক। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে উৎসবের আয়োজন বদলালেও শান্তিপুরের বিগ্রহ বাড়িগুলির কাছে রাসের মূল আকর্ষণ আজও সেই প্রাচীন বিশ্বাস, পারিবারিক পরম্পরা এবং নিজস্ব রীতিনীতি। কোথাও কয়েক শতাব্দী পুরনো কাঁচের ফানুসের আলো, কোথাও কাঠের চাকে ঘূর্ণায়মান রাধাকৃষ্ণ, আবার কোথাও নহবতের সানাইয়ের সুর, সব মিলিয়ে শান্তিপুরের রাস উৎসব যেন ইতিহাসের জীবন্ত প্রদর্শনী। বৈষ্ণব ও শাক্ত ভাবধারার সহাবস্থান এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে ঐতিহ্য রক্ষার এই প্রয়াসই শান্তিপুরের রাসকে বাংলার অন্য সমস্ত উৎসবের থেকে আলাদা পরিচিতি দিয়েছে।

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়করি

কলাপাতার সুবাসে সাবেকি রান্না ,বানিয়ে ফেলুন নারকেলের ভাপাপিঠে

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

লক্ষ্মীবারেই বাগদান ও আইনি বিয়ে, অভিনেত্রী মিমির বিশেষ দিনে পাশে থাকছেন কারা?

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

পাকিস্তানের কোনও সিনেমা বা ওয়েবসিরিজ ভারতে চলবে না, নেটফ্লিক্সকে জানাল কেন্দ্র

শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে খান বড়ি দিয়ে বাঁধাকপির ঘণ্ট! রইল রেসিপি

‘সন্ত্রাসবাদ মানবতার শত্রু’, ২৬/১১-তে শহিদদের কুর্নিশ অমিত শাহের

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

পাসপোর্টে একাধিক অসঙ্গতির অভিযোগ, সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি

রাস্তা পারাপারের সময় ডাম্পারের ধাক্কায় মৃত্যু চিকিৎসকের,উত্তপ্ত নিমতা

ভারী বৃষ্টিতে প্লাবিত সোনার খনি, ইন্দোনেশিয়ায় মৃত ১৩ শ্রমিক