‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

Share:

নিজস্ব প্রতিনিধি: পালাবদলের পর প্রথমবার রাজ্যে এলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ি। আজ, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কোলাঘাটের অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ি একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায় ও জুন মালিয়াও।

এদিন কোলাঘাটের মঞ্চ থেকে বাংলার উন্নয়নের জন্য এক লক্ষ কোটি টাকার প্রকল্পের ঘোষণা করেন নীতিন গড়কড়ি। তাঁর কথায়, ‘আজ বাংলার উন্নয়নে ডবল ইঞ্জিনের বুলেট ট্রেন চলছে। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ছুটছে রাজ্য। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমি বাংলা।’ তিনি বলেন, ‘আগামী ৫ বছরে বাংলা আমেরিকা হয়ে যাবে।’ শুধু রাজ্যের বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ নয়, কলকাতার চারপাশে প্রায় ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরির ঘোষণা করেছেন তিনি। তাঁর বক্তব্য, কলকাতাকে আধুনিক ও উন্নত যোগাযোগ ব্যবস্থাসম্পন্ন শহর হিসেবে গড়ে তুলতে চান। শহরের যানজট ও দূষণ কমাতে এবং বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগ আরও মসৃণ করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কলকাতার জন্য একটি বিস্তারিত প্রকল্প রিপোর্ট (DPR) তৈরির কথাও বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। পুনের মতো শহরজুড়ে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে একাধিক সেতু নির্মাণেও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এছাড়াও বারাণসী-কলকাতা হাইওয়ে তৈরির বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা DPR সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন। সেই রিপোর্ট মন্ত্রিসভায় জমা দেওয়া হয়েছে। প্রকল্পটি চালু হলে মাত্র পাঁচ ঘণ্টায় কলকাতা থেকে বারাণসী পৌঁছনো সম্ভব হবে বলে দাবি তাঁর। গঙ্গাসাগরের সঙ্গে যোগাযোগ আরও উন্নত করতেও বিশেষ সড়ক পরিকাঠামো গড়ে তোলার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর কথায়, প্রস্তাবিত পরিকাঠামো একাধিক শহরকে যুক্ত করবে এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। পশ্চিমবঙ্গের উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার পাশে রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়করি

এদিন রাজ্যে মোট ২৭ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা হয়েছে। এর মধ্যে প্রায় ২০ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করা হয়েছে এবং ৭ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে জাতীয় সড়ক ও গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের উন্নয়নে ৮৭০০ কোটি টাকারও বেশি বিনিয়োগে মোট ২২টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হল। এদিন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ি বলেন, আগামী ৫ বছরে বাংলা আমেরিকা হয়ে যাবে। প্রকল্পগুলির মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুরের চাউলখোলা থেকে লঙ্কাপুর পর্যন্ত NH-116B রাস্তার সম্প্রসারণ, রামনগর বাইপাস এবং ঠাকুরনগর থেকে নাচিন্দা পর্যন্ত রাস্তার উন্নয়ন। দক্ষিণ ২৪ পরগনার নামখানা থেকে বকখালি পর্যন্ত NH-12 রাস্তার সম্প্রসারণ ও মজবুত করার কাজও হবে। নরঘাটে সেতু নির্মাণ-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজের সূচনা হবে। বীরভূমের ভিমগড় থেকে মল্লারপুর এবং মল্লারপুর থেকে নলহাটি পর্যন্ত NH-14 রাস্তার উন্নয়ন করা হবে। পাশাপাশি সিউড়ি থেকে মল্লারপুর পর্যন্ত NH-114 রাস্তা মজবুত করা এবং পুরন্দরপুর থেকে রায়গাঁপুর পর্যন্ত রাস্তা দুই লেনের করার পরিকল্পনা রয়েছে। পূর্ব বর্ধমানে মন্তেশ্বর-দাঁইহাট রোড, বর্ধমান-কাটোয়া রোড এবং STKK রোডের সম্প্রসারণ ও সংস্কারের কাজ হবে। বাঁকুড়া ও পুরুলিয়া সংলগ্ন এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতিতেও একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। পুরুলিয়ার রঘুনাথপুর-চান্ডিলকিয়ারি-চাস রোড এবং রঘুনাথপুর-চেলিয়ামা রোডের উন্নয়ন করা হবে। হুগলির মগরা-সুলতানগাছা-খানপুর-দাসঘরা রোডের সম্প্রসারণের পাশাপাশি দ্বারকেশ্বর নদীর উপর নতুন সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। উত্তর ২৪ পরগনার বিষ্ণুপুর-বেলিয়াঘাটা রোডের লাঙ্গলপোতা থেকে কাচকল পর্যন্ত অংশের সম্প্রসারণ ও সেতু নির্মাণ করা হবে। সড়ক দুর্ঘটনা কমাতে একাধিক গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে ভেহিকল আন্ডারপাস (VUP) ও লাইট ভেহিকল আন্ডারপাস (LVUP) তৈরির পরিকল্পনাও রয়েছে। NH-12-এর বারাসত-কৃষ্ণনগর-ব্যারাকপুর অংশে ২০টি, বহরমপুর-ফরাক্কা-রায়গঞ্জ-ডালখোলা অংশে ২৫টি এবং NH-19-এর বরওয়া-আড্ডা-পানাগড় অংশে ১২টি VUP ও LVUP নির্মাণ করা হবে। পাশাপাশি NH-12-এর বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উন্নয়নও করা হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, গত ছ’মাসে জাতীয় সড়ক সংক্রান্ত যে কাজগুলি আটকে ছিল, জমির ব্যবস্থা-সহ একাধিক সমস্যা মিটিয়ে সেগুলি এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ফরাক্কায় দ্বিতীয় সেতু নির্মাণের কথাও উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য, এই সেতু তৈরি হলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ আরও দ্রুত হবে। একই সঙ্গে নেপাল ও ভুটানের সঙ্গেও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

মাঝ আকাশে বিমানের এমারজেন্সি দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যাত্রীর, তারপর…

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

কলাপাতার সুবাসে সাবেকি রান্না ,বানিয়ে ফেলুন নারকেলের ভাপাপিঠে

চারশো বছরের পরম্পরায় আজও ভাস্বর শান্তিপুরের রাস, জানুন রাসের পৌরাণিক কাহিনি

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

লক্ষ্মীবারেই বাগদান ও আইনি বিয়ে, অভিনেত্রী মিমির বিশেষ দিনে পাশে থাকছেন কারা?

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

পাকিস্তানের কোনও সিনেমা বা ওয়েবসিরিজ ভারতে চলবে না, নেটফ্লিক্সকে জানাল কেন্দ্র