সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষার সন্ধ্যা কিংবা শীতের রাতে বাড়ির উঠোনে বা মাঠের আলপথে হাঁটতে গিয়ে আচমকাই পায়ে ছোবল মারতে পারে বিষধর সাপ। মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে পরিস্থিতি। চোখের সামনে পড়ে থাকা সাপটিকে দেখে আতঙ্কে চিৎকার, পরিবারের লোকজনের ছোটাছুটি, আর কী করা উচিত তা নিয়ে শুরু হয় দিশাহারা অবস্থা। গ্রামবাংলার বহু এলাকায় এমন পরিস্থিতিতে এখনও প্রথম ভরসা হয়ে ওঠে ওঝা, ঝাড়ফুঁক কিংবা প্রচলিত কিছু ঘরোয়া পদ্ধতি। অথচ সাপে কামড়ানোর পর ভুল চিকিৎসা বা কয়েক মিনিটের দেরিও বিপদ বাড়িয়ে দিতে পারে। গোখরো, কেউটে কিংবা চন্দ্রবোড়ার মতো বিষধর সাপের কামড়ে ঠিক কীভাবে প্রাথমিকভাবে রোগীকে সামলাবেন? হাসপাতালে পৌঁছনোর আগে কোন পদক্ষেপগুলি জরুরি, আর কোন ভুলগুলি একেবারেই করা যাবে না? জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ মেনে গুরুত্বপূর্ণ কিছু বিষয়।

সাপে কামড়ালে প্রথমেই কী করবেন?

সাপে কামড়ানোর পর প্রথম কাজ হল রোগীকে শান্ত রাখা। ভয় পেয়ে দৌড়াদৌড়ি বা হাঁটাচলা করলে শরীরে বিষ ছড়ানোর গতি বাড়তে পারে। তাই রোগীকে নিরাপদ জায়গায় সরিয়ে শুইয়ে দিন। কামড়ানো হাত বা পা যতটা সম্ভব স্থির রাখুন। প্রয়োজনে কাঠের পাত বা শক্ত কোনও বস্তু দিয়ে আলতোভাবে স্প্লিন্টের মতো আটকে রাখা যায়। তবে রক্ত চলাচল বন্ধ হয় এমনভাবে বাঁধবেন না।

কামড়ানো অঙ্গে আংটি, চুড়ি, ঘড়ি, পায়ের নূপুর বা জুতো থাকলে দ্রুত খুলে দিন। কারণ পরে জায়গাটি ফুলে উঠতে পারে। রোগীকে নিজে হাঁটিয়ে হাসপাতালে নিয়ে যাবেন না। স্ট্রেচার বা অন্য কোনও উপায়ে যতটা সম্ভব কম নাড়াচাড়া করে দ্রুত হাসপাতালে পৌঁছে দিন। বমি হলে বা অচেতন হয়ে পড়লে শ্বাসনালি সুরক্ষিত রাখতে রোগীকে পাশ ফিরিয়ে শুইয়ে রাখুন।

কোন ভুলগুলি বিপদ বাড়াতে পারে?

সাপের কামড়ের পর অনেকেই ক্ষতস্থান ব্লেড দিয়ে কেটে বিষ বের করার চেষ্টা করেন। কেউ আবার মুখ দিয়ে বিষ চুষে নেওয়ার চেষ্টা করেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এই দু’টি পদ্ধতিই বিপজ্জনক। ক্ষতস্থানে শক্ত করে দড়ি বা কাপড় বাঁধা, বরফ দেওয়া, মাটি, চুন, কেরোসিন কিংবা ভেষজ ওষুধ লাগানো থেকেও বিরত থাকতে হবে। ওঝা বা গুণিনের কাছে গিয়ে সময় নষ্ট করাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

কী কী লক্ষণ দেখলে সতর্ক হবেন?

কামড়ের জায়গায় ব্যথা, ফোলা, রক্তপাত, ফোসকা বা কালশিটে দাগ দেখা দিতে পারে। আবার বিষের প্রভাবে চোখের পাতা ঝুলে পড়া, ঝাপসা দেখা, কথা বলা বা গিলতে অসুবিধা, বমি, অতিরিক্ত ঘাম এবং শ্বাসকষ্টের মতো উপসর্গও দেখা যায়। তবে মনে রাখতে হবে, কেউটে বা কালাচের কামড়ে প্রথমদিকে স্পষ্ট ক্ষত বা ফোলা নাও থাকতে পারে। তাই লক্ষণ দেখা দেওয়ার অপেক্ষা করা বিপজ্জনক।

কেন দ্রুত হাসপাতালে যাওয়া জরুরি?

সাপ বিষধর কি না, তা নিজে থেকে বোঝার চেষ্টা না করে প্রতিটি সন্দেহজনক কামড়ের ক্ষেত্রেই দ্রুত হাসপাতালে যেতে হবে। সেখানে চিকিৎসকেরা প্রয়োজন অনুযায়ী পরীক্ষা করে অ্যান্টি স্নেক ভেনম (ASV) বা সাপের বিষের প্রতিষেধক দিতে পারেন। রোগীর শ্বাসপ্রশ্বাস, রক্ত জমাট বাঁধার ক্ষমতা এবং অন্যান্য শারীরিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হয়।

সাপের কামড় এড়াতে কী করবেন?

রাতে বাইরে বের হলে টর্চ ব্যবহার করুন। ঝোপঝাড় ও বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন। অন্ধকার জায়গায় হাত দেওয়ার আগে দেখে নিন। মাঠে বা ঝোপঝাড়ে কাজের সময় লম্বা প্যান্ট ও জুতো পরুন। সাপ দেখতে পেলে ধরতে বা মারতে যাবেন না।

আরও পড়ুনঃ কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

সাপে কামড়ালেই মৃত্যু অবধারিত নয়। সময়মতো হাসপাতালে পৌঁছনো এবং প্রয়োজনীয় চিকিৎসা পাওয়াই সুস্থ হয়ে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। তাই বিপদের মুহূর্তে ওঝা নয়, প্রথম ভরসা হোক হাসপাতাল।

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী