‘করমর্দন’ বিতর্কের জন্য ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি পাইক্রফ্ট, দাবি পাক ক্রিকেট বোর্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘করমর্দন’ বিতর্কের জন্য পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘা ও পাক দলের ম্যানেজারের কাছে ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে এমনই দাবি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও কবে এবং কখন ম্যাচ রেফারি ক্ষমা চেয়েছে তা স্পষ্ট করে জানাতে পারেননি পিসিবি’র কর্তারা। এদিন অবশ্য সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে টসের পরে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের সঙ্গে হাসিমুখেই করমর্দন করতে দেখা গিয়েছে পাকিস্তান অধিনায়ককে।

গত রবিবার (১৪ সেপ্টেম্বর) এশিয়া কাপের গ্রুপ লিগের খেলায় মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। ওই ম্যাচে সূর্যকুমার যাদবদের হাতে দুরমুশ হতে হয়েছিল সালমান আলি আঘাদের। তবে ওই লজ্জাজনক হারকে ছাপিয়ে বড় হয়ে দেখা দিয়েছিল করমর্দন বিতর্ক। ম্যাচ শেষে অধিনায়ক সূর্যকুমার যাদব সতীর্থ শিবম দুবেকে সঙ্গে নিয়ে পাক খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না করেই সাজঘরে ফেরেন। তাঁরা ফেরার পরেই সাজঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়। ভারতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানোর জন্য দীর্ঘক্ষণ ড্রেসিংরুমের বাইরে অপেক্ষা করেছিলেন পাকিস্তানি খেলোয়াড়রা। শেষ পর্যন্ত সূর্যদের সঙ্গে হাত না মিলিয়েই ফিরতে হয় তাদের।

এমন অপমান মেনে নিতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওই বেনজির ঘটনার জন্য ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে কাঠগড়ায তোলেন পিসিবি প্রধান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের শীর্ষ কর্তা মহসীন নকভি। তিনি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিকে (যার শীর্ষ পদে রয়েছেন প্রাক্তন বিসিসিআই সচিব জয় শাহ) চিঠি লিখে ম্যাচ রেফারির দায়িত্ব থেকে অ্যান্ডি পাইক্রফ্টকে হটানোর দাবি জানান। যদিও পিসিবি প্রেসিডেন্টের সেই দাবি নস্যা‍ৎ করে দেয় আইসিসি। স্পষ্ট জানিয়ে দেয়, অ্যান্ডি পাইক্রফ্টকে ম্যাচ রেফারির দায়িত্ব থেকে সরানো হবে না। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দেওয়া হয়, বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন না দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার। তাঁর জায়গায় ম্যাচ রেফারির দায়িত্ব সামলাবেন রিচি রিচার্ডসন। কিন্তু আইসিসির সেই সমঝোতা প্রস্তাব মানেননি পিসিবি কর্তারা। পাইক্রফ্টকে অপসারণের দাবিতে অনড় থাকেন তাঁরা।

এদিন রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোরে জায়গা করে নেওয়ার জন্য মরণ-বাঁচন ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তান ক্রিকেট টিমের। কিন্তু স্টেডিয়ামের উদ্দেশে রওনা হননি সালমান আলি আঘারা। হোটেলের সামনে পাকিস্তানি খেলোয়াড়দের স্টেডিয়ামে নিয়ে যাওয়ার বাস দাঁড়িয়েছিল। কিন্তু সেই বাসে চাপেননি পাক ক্রিকেটাররা। যদিও তাদের কিট বাসে তোলা হয়েছে। যে মুহুর্তে পাক খেলোয়াড়রা বাসে উঠতে যাচ্ছিলেন, ঠিক তখনই তাদের বাধা দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হোটেলেই থাকতে বলা হয়েছে।

জটিলতা কাটাতে এদিন দুবা্ইতে বৈঠকে বসেছিলেন আইসিসির কর্তারা। সূত্রের খবর ওই বৈঠকেই পিসিবির তরফে জানানো হয়, ম্যাচ রেফারির দায়িত্ব থেকে পাইক্রফ্টকে না হটালে টিম নামানোর প্রশ্ন নেই। তাছাড়া রাজনৈতিক মন্তব্যের জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। কিন্তু পিসিবির কোনও দাবি মানেননি আইসিসির কর্তারা। উল্টে জানিয়ে দেওয়া হয়, সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাঠে না নামলে নির্বাসনের খাঁড়া নেমে আসতে পারে। আর ওই কথা শুনেই বিদ্রোহ থেকে পিছু হটেন পিসিবি কর্তারা। দীর্ঘ আলোচনার পর পিসিবির কর্তারা সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলার সবুজ সঙ্কেত দেন আঘাদের। তার পর ভারতীয় সময় সন্ধে ৭.৩০ মিনিট নাগাদ হোটেল থেকে স্টেডিয়ামের উদ্দেশে রওনা দেয় পাকিস্তান দল। তবে পরতে পরতে নাটকের জন্য ম্যাচের সময় ১ ঘণ্টা পিছিয়ে দিতে হয়। ভারতীয় সময় রাত ৮.৩০ মিনিটে টস হয়েছে। খেলা শুরু হয় রাত ৯টায়।

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল