অনবদ্য প্রভসিমরান-শ্রেয়স, লখনউকে উড়িয়ে জয়ী পঞ্জাব

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: অধিনায়কের দায়িত্ব কী, তা লখনউয়ের মাটিতেই দাঁড়িয়ে ঋষভ পন্থকে বোঝালেন পঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার। দলের প্রয়োজনে যখন ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হয়েছেন লখনউ অধিনায়ক, সেখানে ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস খেলে দলকে দ্বিতীয় জয় এনে দিলেন শ্রেয়স। তাঁর এবং প্রভসিমরান সিংহ ও নেহাল ওয়াধেরার দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে ২২ বল বাকি থাকতেই হাতে আট উইকেট নিয় লখনউ সুপার জায়ান্টসকে হারাল পঞ্জাব কিংস। এ নিয়ে টানা দুই ম্যাচে জয় পেল প্রীতি জিন্টার দল।

লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার রাতে টসে জিতে প্রথমে লখনউকে ব্যাট করতে পাঠান পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লখনউ। আগের দুই ম্যাচে দলকে ভরসা জোগানো মিচেল মার্শ চতুর্থ বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন। আর্শদীপ সিংহের বলে মার্কো জানসেনের হাতে ক্যাচ তুলে দেন তিনি। দ্বিতীয় উইকেটে নিকোলাস পুরান ও আইডেন মার্করাম সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা চালান। কিন্তু চতুর্থ ওভারে ফের ধাক্কা খায় লখনউ। এবার মার্করামকে (২৮) সাজঘরের পথ ধরান লকি ফার্গুসন। চার নম্বরে নেমে ফের ব্যর্থ হন লখনউ অধিনায়ক ঋষভ পন্থ। ৫ বলে মাত্র ২ রান করে ফিরে যান চলতি আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার।

দুই ওভারে দুই উইকেট খুঁইয়ে চাপে পড়ে যাওয়া লখণউকে টেনে তোলার চেষ্টা চালান নিকোলাস পুরান ও আয়ুষ বাদোনি। যেভাবে ব্যাট করছিলেন পুরান, তাতে মনে হচ্ছিল, টানা তৃতীয় ম্যাচে অর্ধশতরানের নজির গড়বেন তিনি। যদিও তা হয়নি। ১২তম ওভারে বল করতে এসে লখনউয়ের বিধ্বংসী ব্যাটারকে থামান যুজবেন্দ্র চহাল। ৩০ বলে ৪৪ করেন পুরান। পঞ্চম উইকেটে জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন আয়ুষ বাদোনি ও ডেভিড মিলার। যদিও এদিন ব্যাট হাতে বড় রানের ইনিংস খেলতে পারেননি মিলারও। ১৮ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। সাত নম্বরে নামা আবদুল সামাদ শুরু থেকেই তাণ্ডব শুরু করেন। পাল্টা আক্রমণের পথে হেঁটে পঞ্জাবের বোলারদের দমানোর চেষ্টা চালান। দুজনে ২১ বলে ৪৭ রান যোগ করেন। শেষ ওভারে বল করতে এসে বাদোনিকে (৪১) সাজঘরে ফেরান আর্শদীপ। এক বল বাদে ফিরিয়ে দেন বিধ্বংসী সামাদকেও (১২ বলে ২৭)। শেষ পর্যন্ত ১৭১ রানেই থেমে যায় লখনউয়ের ইনিংস।   

জয়ের জন্য ১৭২ রান তাড়া করতে নেমে শুরুতেই অবশ্য ধাক্কা খেয়েছিল পঞ্জাব। তৃতীয় ওভারে ফিরে যান প্রিয়াংশ আর্য (৮)। তবে দলকে চাপে পড়তে দেননি প্রভসিমরান সিংহ ও শ্রেয়স আইয়ার। দুজনে মাথা ঠাণ্ডা করে খেলতে থাকেন। মারার বলই মেরেছেন। বিন্দুমাত্র ঝুঁকি রয়েছে এমন বলকে তাড়া করার পিছনে হাঁটেননি। প্রথম পাওয়ার প্লে-তে দুজনে দলকে ৬২ রানে পৌঁছে দেন। তার পর ফিল্ডাররা ছড়িয়ে পড়তেই হাত খুলে মারতে শুরু করেন প্রভসিমরান। ২৩ বলেই নিজের অর্ধশতরান তুলে নেন তিনি। ৯.১ ওভারেই দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন দুজনে। শেষ পর্যন্ত বিধ্বংসী প্রভসিমরানকে (৩৪ বলে ৬৯) থামান দিগবেশ সিংহ। দ্বিতীয় উইকেটে যোগ হয় ৮৪ রান।

এর পর তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে ধীরে ধীরে জয়ের লক্ষ্যে নিয়ে যান শ্রেয়স ও নেহাল ওয়াধেরা। আগের দুই ম্যাচে লখনউয়ের হয়ে বল হাতে জ্বলে ওঠা শার্দূল ঠাকুর এদিন ছিলেন অনেকটা নিস্প্রভ। আবেশ খান, রবি বিষ্ণোইরাও বল হাতে কিছু করতে পারেননি। ১৭তম ওভারের দ্বিতীয় বলে আবদুল সামাদের বলে বিশাল ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি নিজের অর্ধশতরানও পূর্ণ করেন শ্রেয়স। তিনি ৩০ বলে ৫২ রানে এবং নেহাল ২৫ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। লখনউয়ের হয়ে সফলতম বোলার দিগবেশ সিংহ। তিনি ৩০ রানে দুই উইকেট নিয়েছেন।

জোর হাত করে চাইলেন মুক্তি, দেবী দুর্গার সামনে ফের কেঁদে ভাসালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

গুলিকাণ্ডে আহত টাইগার শ্রফ, প্রাক্তন প্রেমিককে দেখতে তড়িঘড়ি তাঁর বাড়িতে ছুটে গেলেন দিশা

যুদ্ধের মহড়া চলাকালীন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪ সেনা, আহত ৩৯

মহাষ্টমীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে উপচে পড়ছে ভিড়

অষ্টমীর আনন্দ মাটি করবে বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

অষ্টমীতে দুর্যোগ! পরিবারের সঙ্গে সময় কাটান, অপরিচিতদের কথা বিশ্বাস করলে বিপদ

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া