সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আকভান। আগামী ২০ নভেম্বর স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের। তার প্রভাবেই আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে বাংলার আবহাওয়ায় বদল আসতে শুরু করেছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

ভারতীয় আবহাওয়া দফতরের (আইএমডি) সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য অংশ এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে অতি প্রবল ঘূর্ণিঝড় আকভান। গত ৬ ঘণ্টায় প্রায় ৫ কিলোমিটার গতিতে উত্তর দিকে এগিয়েছে সেটি। ১৮ নভেম্বর রাত ১১টা ৩০ মিনিট নাগাদ ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল ১৩.৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৫.৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। সেই সময় অন্ধ্রপ্রদেশের নারসাপুর থেকে প্রায় ৪৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল আকভান। এ ছাড়া কলিঙ্গপত্তনম থেকে ৫১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, তামিলনাড়ুর চেন্নাই থেকে ৫৬০ কিলোমিটার পূর্বে, ওড়িশার গোপালপুর থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণে এবং পুরী থেকে প্রায় ৬৬০ কিলোমিটার দক্ষিণে ছিল ঘূর্ণিঝড়টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ২০ নভেম্বর দুপুরের মধ্যে অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশা উপকূলের মধ্যবর্তী কোনও অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে আকভান। নারসাপুর থেকে পুরীর মধ্যবর্তী উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। স্থলভাগে প্রবেশের সময় এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত।

আরও পড়ুন: আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা এবং হাওড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবারের পর শুক্রবারও আবহাওয়ার বিশেষ উন্নতির সম্ভাবনা নেই। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার আশঙ্কাও রয়েছে। তবে রবিবার থেকে ধীরে ধীরে বৃষ্টির দাপট কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেখানে ঘূর্ণিঝড় আকভানের সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা তুলনামূলকভাবে কম। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতেও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে