এই মুহূর্তে

লোকালয়ে ঢুকেছে বাঘ, খাঁচা পেতে তল্লাশি, বন্ধ ঝড়খালি পর্যটন কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, ঝড়খালি: অবশেষে ঝড়খালিতে জঙ্গল পেরিয়ে লোকালয়ে হিংস্র রয়েল বেঙ্গল টাইগার ঢুকে পড়েছে এতে নিশ্চিত হল রাজ্য বন দফতর(Forest Department)। এরপরই নিয়ে আসা হয় জাল ও খাঁচা। শুরু হয় গ্রামবাসীদের উদ্দেশ্যে সতর্কতামূলক প্রচার।ঝড়খালি পর্যটনকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়।প্রত্যন্ত সুন্দরবনের ঝড়খালি(Jharkhali) আবারও বাঘ আতঙ্কে কাঁপছে। একদিকে গহন ম্যানগ্রোভ অরণ্য, অন্যদিকে জনবসতি , মাঝখান দিয়ে বয়ে চলা হেড়োভাঙা নদীই যেন জঙ্গল আর মানুষের পৃথিবীর সীমানা। সেই প্রাকৃতিক বাধা টপকেই একটি পূর্ণবয়স্ক বাঘ লোকালয়ে ঢুকে পড়েছে বলে আশঙ্কা তৈরি হয়। শনিবার সেই ব্যাপারে নিশ্চিত হয় বন দফতর।

ঝড়খালি উপকূল থানা(Jharkhali P.S.) সংলগ্ন নদী-পাড় এলাকায় বাঘের স্পষ্ট পায়ের ছাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। নদীর দিক থেকে আসা সেই পদচিহ্ন লোকালয়ের ভেতর পর্যন্ত গেছে বলে দাবি করেন তারা। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গ্রামে । শুরু হয় চরম আতঙ্ক। অনেকে ঘর থেকে বেরোনো বন্ধ করে দেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনবিভাগের কর্মী ও পুলিশকে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বনকর্মীরা, সঙ্গে বিশাল পুলিশ বাহিনী। শুরু হয় তল্লাশি অভিযান। লাউডস্পিকারে প্রচার করে বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়। শিশু, বৃদ্ধ এবং গবাদি পশুকে ঘরের ভেতরে রাখার নির্দেশ দেওয়া হয় । সন্ধ্যার পর অকারণে বাইরে বেরোতে নিষেধ করা হয়।

নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ঝড়খালি পর্যটন কেন্দ্র। পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ফলে পর্যটননির্ভর বহু ছোট ব্যবসায়ীও উদ্বেগে রয়েছেন।শনিবার প্রায় পুরো দিন জুড়ে তল্লাশি চললেও বাঘের দেখা মেলেনি। তবে বিভিন্ন স্থানে পায়ের ছাপ ও চলাচলের চিহ্ন মিলেছে বলে বনবিভাগ সূত্রে খবর। এতে নিশ্চিত হওয়া গেছে যে বাঘ এখনও লোকালয়ের আশপাশেই কোথাও লুকিয়ে রয়েছে।ইতিমধ্যে তিনটি বড় খাঁচা পাতা হয়েছে। টোপ হিসেবে রাখা হয়েছে ছাগল, যাতে বাঘটিকে প্রলুব্ধ করে ধরা যায়। পাশাপাশি সন্দেহভাজন এলাকাগুলো শক্ত জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বনকর্মীরা পালা করে নজরদারি চালাচ্ছেন। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বনবিভাগের আধিকারিক ও পুলিশের উচ্চপদস্থ কর্তারাও।

অন্যদিকে, স্থানীয় মানুষজন চরম আতঙ্কে প্রহর গুনছেন। সন্ধ্যা নামলেই প্রায় জনশূন্য হয়ে যাচ্ছে রাস্তাঘাট। স্কুলপড়ুয়া শিশুদের বাইরে খেলতে নিষেধ করা হয়েছে। বহু পরিবার রাত জেগে পাহারা দিচ্ছেন। এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার সহ বন আধিকারিক পার্থ মুখার্জী জানান, বাঘের পায়ের ছাপ দেখতে পায় গ্রামবাসীরা তড়িঘড়ি বনদফতরকে খবর দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছে গোটা এলাকা জাল দিয়ে ঘিরে ফেলেছে। এর পাশাপাশি বাঘটিকে খাঁচা বন্দি করার জন্য খাঁচা নিয়ে আসা হয়েছে এবং ছাগলের টোপ ব্যবহার করা হচ্ছে। আমাদের প্রাথমিক অনুমান নদী পেরিয়ে বাঘ এই লোকালয়ে ঢুকে পড়েছে। বাঘটিকে চিহ্নিত করার কাজ শুরু করা হয়েছে ও বাঘের পায়ের ছাপ অনুসরণ করে বাঘের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে।এখন সবার চোখ বনবিভাগের দিকে । কখন ধরা পড়বে লোকালয়ে ঢুকে পড়া বাঘ, আর স্বাভাবিক ছন্দে ফিরবে সুন্দরবনের ঝড়খালির জীবন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

সাহিত্যসম্রাটের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি, ‘‌বঙ্কিম দা’‌ ড্যামেজ কন্ট্রোলে কৌশল

আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে দুই আসনে প্রার্থী করল বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ