চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতা মেট্রোয় নয়া বিধি-নিষেধ , মদ- মাংস সহ আর কি বহন করা যাবে না ?

নিজস্ব প্রতিনিধিঃ শহরে দ্রুত বাড়ছে মেট্রো পরিষেবার পরিধি। কলকাতার গণ্ডি ছাড়িয়ে এখন মেট্রোর রেলপথ পৌঁছে গিয়েছে মফস্বল এলাকাতেও। ফলে প্রতিদিন যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। তবে এত যাত্রীর মধ্যে অনেকেই এখনও মেট্রো ভ্রমণের নিয়মকানুন সম্পর্কে পুরোপুরি সচেতন নন। অনেক সময় তাঁদের ব্যাগে এমন কিছু জিনিস থাকে, যা মেট্রোতে বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই পরিস্থিতি মাথায় রেখেই এবার একাধিক মেট্রো স্টেশনে নিষিদ্ধ সামগ্রীর তালিকা টাঙিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ। পাশাপাশি সেখানে উল্লেখ করা হয়েছে-এই নিয়ম অমান্য করলে শাস্তির মুখেও পড়তে হতে পারে।

মেট্রোর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের মতে, প্রতিদিনই এমন কিছু যাত্রী আসেন যারা নির্মাণকাজ বা রাজমিস্ত্রির কাজের সঙ্গে যুক্ত। তাঁদের ব্যাগে প্রায়ই ছেনি, হাতুড়ি, শাবল বা অন্যান্য সরঞ্জাম থাকে। অনেকেই স্ক্যানারে সেই ব্যাগ ঢোকাতে অনীহা প্রকাশ করেন, কারণ তাতে ধরা পড়লে স্টেশনে ঢুকতে বাধা পেতে পারেন। এই বিষয়টি ঘিরেই মাঝে মাঝে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্ক-বিতর্কের ঘটনাও ঘটে। তাই এই ধরনের সমস্যার সমাধানে যাত্রীদের সচেতন করতে স্টেশনগুলিতে নিষিদ্ধ জিনিসের তালিকা টাঙানো হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ধারালো অস্ত্র যেমন তরবারি, বড় মাংস কাটার ছুরি, চার সেন্টিমিটারের বেশি ব্লেডযুক্ত ছুরি কিংবা কাঁচি নিয়ে মেট্রোয় ওঠা সম্পূর্ণ বেআইনি। এছাড়া বিস্ফোরক পদার্থ যেমন ডিনামাইট, গানপাউডার, আতশবাজি, হ্যান্ড গ্রেনেড বা প্লাস্টিক বিস্ফোরকও বহন করা নিষিদ্ধ। বিভিন্ন সরঞ্জাম যেমন কুঠার, শাবল, হাতুড়ি, করাত বা স্ক্রু-ড্রাইভারও মেট্রোতে নিয়ে ওঠা যাবে না।এছাড়াও পেট্রোলিয়ামজাত দাহ্য পদার্থ, মদ, স্পিরিট বা অন্যান্য দাহ্য তরল বহন করা নিষেধ। তেজস্ক্রিয় পদার্থ, অ্যাসিড, বিষাক্ত রাসায়নিক কিংবা কাঁদানে গ্যাসও নিষিদ্ধ তালিকায় রয়েছে। এমনকি সিল না করা চারাগাছ, কাঁচা মাংস বা মাছও মেট্রোতে বহন করা যায় না।মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের নিষিদ্ধ জিনিস নিয়ে ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা দিতে হতে পারে। গুরুতর ক্ষেত্রে সর্বোচ্চ চার বছর পর্যন্ত কারাদণ্ডের বিধানও রয়েছে। তাই যাত্রীদের নিরাপদ যাত্রার স্বার্থে নিয়ম মেনে চলার আবেদন জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

Published by:

Share Link:

More Releted News:

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ