এই মুহূর্তে

দ্রৌপদীকে কেন স্বাগত জানাতে যেতে পারেননি মমতা, শাহের মন্ত্রককে জানাল নবান্ন

নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাম্প্রতিক পশ্চিমবঙ্গ সফর ঘিরে প্রোটোকল ভঙ্গের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের জবাবে এবার কেন্দ্রীয় সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার (৮ মার্চ) নবান্ন সূত্রে জানা গিয়েছে, কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে শিলিগুড়িতে হাজির থাকতে পারেননি, তা ব্যাখ্যা করা হয়েছে।’

রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার দুপুরের দিকে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনকে রাষ্ট্রপতির সফর সংক্রান্ত সমস্ত তথ্য ও নথি পাঠিয়েছেন। সেখানে উত্তরবঙ্গ সফরের সময় ঘটে যাওয়া ঘটনাবলির ধারাবাহিক বিবরণও যুক্ত করা হয়েছে। এক শীর্ষ প্রশাসনিক আধিকারিকের বক্তব্য উদ্ধৃত করে সংবাদ সংস্থাকে জানিয়েছে, পুরো ঘটনাপ্রবাহ ব্যাখ্যা করে প্রাসঙ্গিক নথিসহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সেই রিপোর্টে প্রতিটি প্রশাসনিক সিদ্ধান্তের নথিভুক্ত ব্যাখ্যাও দেওয়া হয়েছে। রাজ্য সরকার আরও জানিয়েছে, রাষ্ট্রপতির সফরের সময় যে আন্তর্জাতিক আদিবাসী ও সাঁওতাল সম্মেলনের স্থান পরিবর্তন করা হয়েছিল, তার পিছনের কারণও কেন্দ্রকে বিস্তারিতভাবে জানানো হয়েছে।

আরও পড়ুন: তথ্য লুকানোর দায়ে পদ গেল কংগ্রেস বিধায়কের, হেরো বিজেপি প্রার্থীকে জয়ী ঘোষণা হাইকোর্টের

উল্লেখ্য, গত ৭ মার্চ রাষ্ট্রপতির রাজ্য সফরের পর প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ ওঠে। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের তরফে পশ্চিমবঙ্গ সরকারের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে রিপোর্ট তলব করা হয়।  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অভিযোগ করেছিলেন, আদিবাসী সমাজের প্রতিনিধিদের অনুষ্ঠানে যোগ দিতে বাধা দেওয়া হয়েছে এবং অনুষ্ঠানস্থল পরিবর্তন নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। পাশাপাশি ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত না থাকায় আক্ষেপ প্রকাশ করেছিলেন।

বাংলার মুখ্যমন্ত্রীকে নিশানা করতে গিয়ে রাষ্ট্রপতি বলেছিলেন, ‘মমতাদি আমার ছোট বোন, জানি না আমার উপর কেন রাগ।’ যা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সূচনা হয়। এর জবাবে কলকাতার ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, রাষ্ট্রপতির উপস্থিতিতে যে অনুষ্ঠানটি হয়েছিল, সে বিষয়ে তিনি আগে থেকে অবগত ছিলেন না। তাঁর কথায়, রাষ্ট্রপতির সফরের কথা জানা থাকলেও ওই অনুষ্ঠানের আয়োজক কারা বা অনুষ্ঠানটি কী নিয়ে-সে সম্পর্কে তাঁর কাছে কোনও তথ্য ছিল না।  এই বিতর্কের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রতিক্রিয়া জানান। তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে এবং প্রকাশ্যে বক্তব্যে অভিযোগ করেন, রাষ্ট্রপতির প্রতি অসম্মান দেখানো হয়েছে। 

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জেলা প্রশাসনের তরফে কোনো প্রোটোকল ভঙ্গ করা হয়নি। রাষ্ট্রপতিকে স্বাগত জানানো ও বিদায় জানানোর সময় কারা উপস্থিত থাকবেন, তা আগেই নির্ধারিত ছিল এবং রাষ্ট্রপতির সচিবালয় সেই তালিকায় অনুমোদন দিয়েছিল। ওই তালিকায় মুখ্যমন্ত্রীর নাম ছিল না বলেই তিনি জানান। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ‘ব্লু বুক’ (Blue Book) সংক্রান্ত নিয়ম ভঙ্গের প্রসঙ্গও তোলে। ‘ব্লু বুক’ হল একটি গোপন নথি, যেখানে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও প্রোটোকল সংক্রান্ত বিধি নির্ধারিত থাকে। রাজ্যের তরফে পাঠানো রিপোর্টে এই বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রচণ্ড গরমেও টানা চারদিন ধর্নায়, মমতার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত অভিষেক

কমিশনের বৈঠকে হাজির হলেন না জাভেদ, ক্ষেপে লাল জ্ঞানেশ

‘বাদ যাওয়া ভোটারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করবে মোদি সরকার’, বিস্ফোরক দাবি অভিষেকের

‘সাহস থাকা ভাল, দুঃসাহস ভাল নয়’, জ্ঞানেশকে ‘লক্ষণরেখা’র পাঠ পড়ালেন মমতা

দক্ষিণের একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস জারি, সঙ্গে হতে পারে বৃষ্টি

বিশ্বমঞ্চে বাংলাকে গর্বিত করা খেলোয়াড়কে সরকারি চাকরি দিলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ