খিমের ভিড়ে আজও অম্লান শোভাবাজার রাজবাড়ির পুজোর সাবেকিয়ানা

Share:

নিজস্ব প্রতিনিধি: থামে ঘেরা অট্টালিকায় বিশাল ঠাকুরদালান। তাতে একচালার দুর্গা। পরিবারের নিজস্ব আচার-রীতিনীতি মেনে জাঁকজমকের পুজো বনেদি বাড়ির দুর্গাপুজোর ট্রেডমার্ক। বনেদি বাড়ির পুজো নিয়ে কথা হবে আর শোভাবাজার রাজবাড়ির কথা হবে না, তাই আবার হয় নাকি! ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পরে রাজা নবকৃষ্ণ দেব শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপুজো শুরু করেছিলেন। সেই পুজো আজও একই নিয়ম মেনে চলেছে। যদিও পরবর্তীতে সম্পত্তি ভাগাভাগির পর রাজবাড়িতে একই সঙ্গে দুটি পুজো চালু হয়।

১৭৫৭ খ্রিস্টাব্দের জুলাই মাসে পলাশির যুদ্ধে জয়ের পরে ইংরেজরা চাইল বিজয়োৎসব পালন করতে। আর এই বিজয়োৎসবের ভার পড়ল লর্ড ক্লাইভের বিশ্বস্ত মুন্সি রাজা নবকৃষ্ণ দেবের ওপর। শোভাবাজার রাজবাড়িতে নিমেষেই গড়ে উঠল ঠাকুরদালান। রাজবাড়িতে শুরু হল এক জাঁকজমকপূর্ণ দুর্গাপুজো। অনেকে বলেন, রাজা নবকৃষ্ণ দেবের দুর্গাপুজো ছিল পলাশির যুদ্ধের বিজয়োৎসব। পুজোর সময় অনেক গণ্যমান্য লোকেরা হাজির হলেন শোভাবাজার রাজবাড়িতে। এলেন লর্ড ক্লাইভও। নাচগানের সঙ্গে থাকল সাহেব ও অতিথিদের জন্য পানভোজনের অঢেল আয়োজন। তবে পুজো পদ্ধতি কিন্তু চলল শাস্ত্র মেনেই। পুত্রসন্তান না হওয়ায় ১৭৬৭-’৬৮ সাল নাগাদ রাজা নবকৃষ্ণ তাঁর নিজের ভাইয়ের পুত্রকে দত্তক নিয়েছিলেন। সেই গোপীমোহন দেবের পুত্র রাধাকান্তের নামেই পরিচিত শোভাবাজার রাজপরিবারের ‘বড় বাড়ি’। কয়েক বছর পরে রাজা নবকৃষ্ণের পুত্রসন্তান হয়। তখন তাঁর বয়স ৪৩ বছর। রাজার পুত্র রাজকৃষ্ণ বড় হলে শোভাবাজার রাজবাড়ির দুর্গোৎসব আলাদা হয়ে যায়। দুই বাড়িতে আলাদা করে পুজোর রেওয়াজ তৈরি হয়। রাজকৃষ্ণের নামে পরিচিতি পায় রাজপরিবারের ‘ছোট বাড়ি’।

রাজবাড়ির প্রতিমা গড়া হয় একচালা রীতিতে। সিংহের রূপ অনেকটা ঘোড়ার মতো, কার্তিকের সাজে থাকে ইউরোপীয় ছোঁয়া, আর দেবীর অলঙ্কারে মুঘল-নবাবি আভিজাত্য। প্রতিমার মুখাবয়ব আজও তৈরি হয় পূর্বপুরুষদের ছাঁচে। রাজবাড়ির পুজোয় রান্না করা কোনও ভোগ দেবীর উদ্দেশে অর্পণ করা হয় না। ভোগের মূল উপাদান এখানে ফল এবং মিষ্টি। তবে আলাদা করে কিছু ভাজা পদও দেবীর ভোগে দেওয়া হয়। পুজো হয় মূলত বৈষ্ণব মতে। পুজোর পাঁচ দিন তিল ধারণেরও জায়গা থাকে না ঠাকুরদালানে।

তবে সময়ের সঙ্গে সঙ্গে পুজোর রীতি, নিয়মকানুন, বিনোদনে খানিক পরিবর্তন হয়েছে। দশমীর দিন বিসর্জনের আগে নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেওয়ার চল ছিল রাজবাড়িতে। সময়ের সঙ্গে সঙ্গে সেই রীতিও উঠে গিয়েছে। এখন অবশ্য মাটির নীলকণ্ঠ পাখিতে পুরনো রেওয়াজের রেশ বজায় রাখা হয় শোভাবাজার রাজবাড়িতে।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের