চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যুব বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে ৪১২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

নিজস্ব প্রতিনিধি: বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ১৭৫ রানের ইনিংসের দৌলতে যুব বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ৪১১ রান তুলল ভারতের ছোটরা। বৈভবের পাশাপাশি অধিনায়কোচিত ইনিংস খেলেছেন আয়ুষ মাত্রেও। তিনিও ৫৩ রান করেছেন। ওপেনার অ্যারোন জর্জ ছাড়া ভারতের প্রথম সারির সব ব্যাটারই কম বেশি রান পেয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রে। উদ্দেশ্য ছিল, প্রথমে ব্যাট করে বড় রান তুলে চাপমুক্ত থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে বল করা। কিন্তু দলের শুরুটা খুব একটা সুখকর হয়নি। চতুর্থ ওভারেই সাজঘরে ফেরেন সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে শতরানকারী চেন্নাইয়ের ওপেনার অ্যারোন জর্জ। মাত্র ৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। অ্যারোন ফিরতেই হাত খুলে মারতে শুরু করেন বৈভব। প্রথম পাওয়ার প্লে শেষে ভারতের রান দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৭৯। মাত্র ৩২ বলেই ছয়টি চার ও তিনটি ছক্কার সাহায্যে নিজের অর্ধশতরান তুলে নেন। বৈভবকে বিধ্বংসী মেজাজে দেখে হাত খুলে মারতে শুরু করে দেন আয়ুষ মাত্রেও। দুজনে দ্বিতীয় উইকেটে মাত্র ৬৪ বলেই শতরানের পার্টনারশিপ গড়েন।

১৬তম ওভারে ব্যক্তিগত ৩৯ রানে ক্যাচ তুলেও বেঁচে যান আয়ুষ। জীবন ফিরে পাওয়ার পরে ৫০ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন ভারত অধিনায়ক। তবে অর্ধশতরান পূর্ণের পরেই অ্যালেক্স গ্রিনের বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন আয়ুষ (৫৩ রান)। ভেঙে যায় ১৪২ রানের জুটি। অধিনায়ক ফিরতেই দলকে বড় রানের ভিতের উপরে দাঁড় করাতে খুনে মেজাজে ব্যাটিং করতে শুরু করেন বৈভব। মাত্র ৫৫ বলেই শতরান পূর্ণ করেন। কিভাবে তাঁকে থামানো যাবে তা বুঝেই উঠতে পারেননি ইংলিশ অধিনায়ক থমাস রিউ। ২২তম ওভারে অ্যালবার্টের এক ওভারে দুই ছক্কা ও তিনটি চারের সাহায্যে ২৬ রান নেন ভারতীয় ক্রিকেটের বিস্মূয় বালক। ওই ওভারেই ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় টিম ইন্ডিয়া। ৭১ বলে ১২টি চার ও ১৩টি ছয়ের সাহায্যে দেড়শো রান ছাড়িয়ে যান বৈভব। অতি আগ্রাসী হয়ে খেলতে গিয়েই নিশ্চিত দ্বিশতরান হাতছাড়া করেন বৈভব। ২৬তম ওভারে মান্নি লামসডেনের বলে বড় শট খেলতে গিয়ে টাইমিংয়ের ভুলে থমাস রিউয়ের তালুবন্দি হন। ৮০ বলে ১৫টি চার ও ১৫টি ছক্কার সাহায্যে ১৭৫ রান করে ফিরে যান ভারতের বিস্ময় বালক। তবে সাজঘরে ফেরার আগে বিশ্বকাপে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড নিজের নামে করে নেন। ফেরার সময়ে ইংলিশ ক্রিকেটাররা করতালি দিয়ে বৈভবকে সম্মান জানান।

বৈভব ফিরে যাওয়ার পরে বেদান্ত ত্রিবেদী ও বিহান মালহোত্রা চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে ৩০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। জেমস মিন্টোর বলে ৩০ রান করে ফিরে যান বিহান। খানিকবাদে সাজঘরের পথ ধরেন বেদান্তও (৩২)। পর পর উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় ভারত। তখনই ব্যাট হাতে রুখে দাঁড়ান বঙ্গ সন্তান অভিজ্ঞান কুণ্ডু। তিনি ৩১ বলে ৪০ রানের দামী ইনিংস খেলেন। আর এস অম্বরীশ করেন মাত্র ১৮ রান। আট নম্বরে নেমে ২০ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলে দলকে ৪০০ রানের গণ্ডি পার করিয়ে দেন কনিষ্ক চৌহান। ইংল্যান্ডের হয়ে জেমস মিন্টো ৬৩ রানে তিন উইকেট নিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ