ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতিহাসের গল্প শুনতে কার না ভাল লাগে। রাজা-রাজড়াদের জীবন, তাঁদের বিভিন্ন কাহিনি, যুদ্ধের স্মৃতি কিংবা প্রাসাদের অন্দরমহলের নানা অজানা গল্প, সব কিছুই  আকর্ষণীয়। তবে সেই ইতিহাস যদি শুধু বইয়ের পাতায় না থেকে চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে, তা হলে অভিজ্ঞতাটা হয় আরও অন্যরকম। ভারতের মানচিত্রে এমনই এক জায়গা রাজস্থান। যেখানে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে একের পর এক রাজকীয় দুর্গ, প্রাচীন প্রাসাদ আর ইতিহাসের সাক্ষী হয়ে থাকা স্থাপত্য। কোথাও গোলাপি শহরের অলিগলি, কোথাও নীল রঙে মোড়া বাড়িঘর, আবার কোথাও দিগন্তজোড়া সোনালি মরুভূমি। প্রতিটি শহরের সঙ্গে জড়িয়ে রয়েছে আলাদা ইতিহাস, আলাদা গল্প। মনে হবে, সময়ের পথ ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছেন রাজা-রাজড়াদের সেই পুরনো রাজ্যে। জয়পুর, যোধপুর, জয়সলমের থেকে উদয়পুর—রাজস্থানের এই চার শহর ঘুরে দেখার অভিজ্ঞতা তাই শুধুই ভ্রমণ নয়, বরং ইতিহাসকে কাছ থেকে ছুঁয়ে দেখার এক সুযোগ। কলকাতা থেকে কীভাবে পৌঁছবেন, কোথায় কোথায় ঘুরবেন, কীভাবে সাজাবেন সফরের পরিকল্পনা? রইল তারই হদিস।

কলকাতা থেকে রাজস্থান যাবেন কীভাবে?

কলকাতা থেকে রাজস্থান পৌঁছনোর জন্য বিমান ও রেল দু’টি পথই রয়েছে। হাতে সময় কম থাকলে বিমান বেছে নেওয়া সুবিধাজনক। আর দীর্ঘ ট্রেনযাত্রার অভিজ্ঞতা উপভোগ করতে চাইলে হাওড়া বা কলকাতা স্টেশন থেকে জয়পুরগামী ট্রেনে উঠতে পারেন।

বিমান : কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (CCU) থেকে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর (JAI)-এর সরাসরি বিমান পরিষেবা রয়েছে। বর্তমানে এই রুটে IndiGo-র সরাসরি বিমান পাওয়া যাচ্ছে। ২০২৬ সালের নভেম্বরের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, কয়েকটি উড়ানের নম্বর ও সম্ভাব্য ছাড়ার সময় হল—6E6185 সকাল ৮টা ৩৫ মিনিট, 6E6851 সকাল ১১টা ১৫ মিনিট, 6E114 সন্ধ্যা ৬টা ১০ মিনিট এবং 6E416 রাত ১১টা ২০ মিনিট। বিমানভেদে যাত্রায় প্রায় ২ ঘণ্টা ১০ মিনিট থেকে ২ ঘণ্টা ৩০ মিনিট সময় লাগে। তবে বিমান সংস্থার সময়সূচি পরিবর্তিত হতে পারে। তাই নির্দিষ্ট তারিখে টিকিট কাটার আগে IndiGo-র ওয়েবসাইটে সময় ও ভাড়া যাচাই করে নিন।

ট্রেন : হাওড়া থেকে জয়পুর যাওয়ার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন রয়েছে। যেমন—

১. 12307 – Howrah–Jodhpur Express: হাওড়া থেকে রাত ১১টা ৩০ মিনিটে ছাড়ে। জয়পুর পৌঁছতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগে।

২. 22307 – Howrah–Bikaner Express: হাওড়া থেকে রাত ১১টা ৩০ মিনিটে ছাড়ে। জয়পুর পৌঁছতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগে।

৩. 12496 – Pratap Express: কলকাতা স্টেশন থেকে রাত ১০টা ৪৫ মিনিটে ছাড়ে। প্রায় ২৪ ঘণ্টা ১০ মিনিটে জয়পুর পৌঁছনো যায়।

৪. 12315 – Ananya Express: কলকাতা স্টেশন থেকে দুপুর ১টা ১০ মিনিটে ছাড়ে। জয়পুর পৌঁছতে প্রায় ২৬ ঘণ্টা ৪৫ মিনিট সময় লাগে।

৫. 12987 – Sealdah–Ajmer Superfast Express: শিয়ালদহ থেকে রাত ১০টা ৫৫ মিনিটে ছাড়ে। পরের দিন রাত ১১টা ১৫ মিনিট নাগাদ জয়পুর পৌঁছয়।

এছাড়া বিশেষ ট্রেনও চলতে পারে। কোন ট্রেন কোন দিন চলবে, নির্দিষ্ট তারিখে আসন পাওয়া যাবে কি না, তা IRCTC-তে দেখে টিকিট কাটুন।

• প্রথম গন্তব্য জয়পুর

রাজস্থান সফরের শুরুটা হোক জয়পুর দিয়ে। গোলাপি রঙে সাজানো এই শহরের অলিগলি, রাজপ্রাসাদ ও দুর্গ যেন অতীতের রাজকীয় জীবনের গল্প শোনায়। জয়পুরের অন্যতম আকর্ষণ হাওয়া মহল। ৯৫৩টি জানলাবিশিষ্ট এই স্থাপত্যের কারুকার্য পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। পাশাপাশি দেখে নিতে পারেন আমের দুর্গ, সিটি প্যালেস, জল মহল ও নাহারগড় দুর্গ। কেনাকাটার জন্য ঘুরে দেখতে পারেন জোহরি বাজার ও বাপু বাজার।

কোথায় থাকবেন?

  জয়পুরে থাকতে পারেন Rajasthan Tourism Development Corporation-এর Hotel Teej (হোটেল তীজ) -এ। যোগাযোগ: 9414418957।

•দ্বিতীয় গন্তব্য যোধপুর

জয়পুর থেকে যোধপুরের দূরত্ব প্রায় ৩৩০ কিলোমিটার। সড়কপথে গাড়িতে গেলে প্রায় ৫ ঘণ্টা এবং ট্রেনে গেলে সাধারণত ৫ ঘণ্টার মতো সময় লাগে। ট্রেনে যেতে চাইলে 22977 – Jaipur–Jodhpur Superfast Express বেছে নিতে পারেন। ট্রেনটি জয়পুর থেকে সকাল ৬টায় ছেড়ে সকাল ১১টা ১০ মিনিটে যোধপুর পৌঁছয়। আর একটি বিকল্প 22492 – Mandore Express, যা জয়পুর থেকে রাত ২টা ৩৫ মিনিটে ছেড়ে সকাল ৭টা ৩০ মিনিটে যোধপুর পৌঁছয়।

যোধপুরকে বলা হয় ব্লু সিটি। এখানকার নীল রঙের বাড়িঘর এবং সরু গলির সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। শহরের প্রধান আকর্ষণ মেহেরানগড় দুর্গ। এছাড়া উমেদ ভবন প্যালেস, যশবন্ত থাডা এবং ক্লক টাওয়ার মার্কেট ঘুরে দেখতে পারেন।

কোথায় থাকবেন?

 যোধপুরে থাকার জন্য রয়েছে Hotel Ghoomar (হোটেল ঘুমর)। যোগাযোগ: 8562081000।

•তৃতীয় গন্তব্য জয়সলমের 

যোধপুর থেকে জয়সলমেরের দূরত্ব প্রায় ২৯০ কিলোমিটার। ট্রেনে যেতে চাইলে একাধিক পরিষেবা রয়েছে। 12249 – Swarn Nagari Express প্রতিদিন ভোর ৪টেয় যোধপুর থেকে ছেড়ে সকাল ৯টায় জয়সলমের পৌঁছয়। এছাড়া 20492 – Sabarmati–Jaisalmer Superfast Express সকাল ৬টা ১০ মিনিটে ছেড়ে সকাল ১১টা ৫০ মিনিটে পৌঁছয়। বিকেলের দিকে যেতে চাইলে 20486 – Sabarmati–Jaisalmer Superfast Express-ও একটি বিকল্প।

জয়সলমেরের প্রধান আকর্ষণ সোনালি বেলেপাথরে তৈরি জয়সলমের দুর্গ। পাশাপাশি ঘুরে দেখুন পাটওয়োঁ কি হাভেলি, সেলিম সিং কি হাভেলি ও গদিসর লেক। তবে জয়সলমের ভ্রমণের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা হতে পারে সাম স্যান্ড ডিউনস। বিকেলের দিকে মরুভূমিতে উটের পিঠে চড়ে সূর্যাস্ত দেখা, রাজস্থানি লোকসংগীত ও নাচ উপভোগ করা এবং মরুভূমির ক্যাম্পে রাত কাটানো, সব মিলিয়ে এই অভিজ্ঞতা ভোলার নয়।

কোথায় থাকবেন: শহরে থাকার জন্য রয়েছে Hotel Moomal (হোটেল মুমল)। যোগাযোগ: 9468556334। মরুভূমির অভিজ্ঞতা নিতে চাইলে সাম স্যান্ড ডিউনস এলাকার ক্যাম্প ও রিসর্টেও থাকতে পারেন।

•চতুর্থ গন্তব্য উদয়পুর

জয়সলমের থেকে উদয়পুর যেতে হলে আগে থেকেই যাতায়াতের পরিকল্পনা করে রাখা ভালো। এই দুই শহরের মধ্যে সরাসরি ট্রেন নেই। সড়কপথে প্রায় ৫০০ কিলোমিটার যাত্রা করে গাড়ি বা বাসে উদয়পুর পৌঁছতে পারেন। ট্রেনে যেতে চাইলে জয়সলমের থেকে 15013 – Ranikhet Express ধরে আজমের পৌঁছনো যায়। ট্রেনটি জয়সলমের থেকে রাত ২টা ৪০ মিনিটে ছেড়ে দুপুর ১টা ৫ মিনিটে আজমের পৌঁছয়। সেখান থেকে 12992 – Jaipur–Udaipur Superfast Express বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে রাত ৯টা ৪৮ মিনিটে উদয়পুর পৌঁছয়। ফলে আজমেরে ট্রেন বদল করে উদয়পুর পৌঁছনো সম্ভব।

উদয়পুরকে বলা হয় লেক সিটি। পিচোলা লেকের নীল জল, তার মাঝে রাজপ্রাসাদের প্রতিচ্ছবি এবং চারপাশের পাহাড়ি পরিবেশ শহরটিকে অনন্য করে তুলেছে। ঘুরে দেখুন সিটি প্যালেস, জগদীশ মন্দির, সহেলিয়োঁ কি বাড়ি এবং ফতেহ সাগর লেক। পিচোলা লেকে নৌকাবিহার করে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা একেবারেই মিস করবেন না।

কোথায় থাকবেন?

উদয়পুরে থাকতে পারেন Hotel Kajri (হোটেল কাজরি)-তে। যোগাযোগ: 7412086084।

উদয়পুর থেকে কলকাতা ফিরবেন কীভাবে?

ভ্রমণ শেষে কলকাতায় ফিরতে চাইলে উদয়পুর থেকে ট্রেন বা বিমান বেছে নিতে পারেন। ট্রেনে ফিরতে চাইলে 12316 – Ananya Express একটি গুরুত্বপূর্ণ বিকল্প। এটি উদয়পুর সিটি থেকে রাত ১২টা ৫০ মিনিটে ছেড়ে পরের দিন দুপুর ২টা ৫০ মিনিট নাগাদ কলকাতা পৌঁছয়। অন্যদিকে 20971 – Udaipur City–Shalimar Superfast Express প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে উদয়পুর থেকে রাত ১টা ৫ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ১০টা ৫ মিনিট নাগাদ শালিমার পৌঁছয়। এই ট্রেনটি সাপ্তাহিক, তাই যাত্রার দিন অবশ্যই মিলিয়ে নেবেন।

বিমানে ফিরতে চাইলে উদয়পুর থেকে কলকাতার সরাসরি বিমান পরিষেবা নেই। জয়পুর, দিল্লি, মুম্বই বা অন্য শহরে বিমান বদল করে কলকাতায় ফিরতে পারেন।

আরও পড়ুনঃ বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

 কখন যাবেন রাজস্থান?

রাজস্থান ভ্রমণের সবচেয়ে ভালো সময় অক্টোবর থেকে মার্চ। বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মরুভূমি, দুর্গ ও প্রাসাদ ঘুরে দেখার জন্য আবহাওয়া তুলনামূলক মনোরম থাকে। হাতে অন্তত ৯–১০ দিন রাখলে চারটি শহর ভালোভাবে ঘোরা সম্ভব। ট্রেনের টিকিট, বিমান ও হোটেল আগে থেকে বুক করে রাখলে ভ্রমণ অনেকটাই নির্বিঘ্ন হবে। আর যাত্রার আগে মনে রাখবেন, রাজস্থান শুধু কয়েকটি দর্শনীয় স্থানের সমষ্টি নয়, এই সফর আসলে ভারতের ইতিহাস, শিল্পকলা ও রাজকীয় ঐতিহ্যের সঙ্গে এক অন্যরকম পরিচয়।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল