খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের মামলায় বড়সড় সাজা ঘোষণা করল মার্কিন আদালত। এই মামলায় অভিযুক্ত ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে ১৯ বছর ৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে দীর্ঘ শুনানির পর এই রায় ঘোষণা করেন বিচারক ভিক্টর মারেরো। প্রায় ৮০ মিনিট ধরে চলে মামলার শুনানি। সব দিক বিবেচনা করে নিখিলকে মোট ২৩৫ মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।

আদালতের নথি অনুযায়ী, নিখিলের বিরুদ্ধে ভাড়াটে খুনির মাধ্যমে হত্যার চেষ্টা, হত্যার ষড়যন্ত্র এবং আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক অভিযোগ আনা হয়েছিল। ২০২৩ সালের মে মাসে এই ষড়যন্ত্রের সূত্রপাত বলে দাবি মার্কিন তদন্তকারীদের। তাদের অভিযোগ, ভারতের ক্যাবিনেট সচিবালয়ের অধীনে কর্মরত বিকাশ যাদব নামে এক ব্যক্তি পান্নুনকে খুনের পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দিয়েছিলেন নিখিলকে। এই কাজের জন্য দু’জনের মধ্যে এক লক্ষ মার্কিন ডলারের চুক্তি হয়েছিল। যার মধ্যে ১৫ হাজার ডলার অগ্রিম দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তদন্তে উঠে আসে, নিখিল প্রথমে তাঁর এক পরিচিতের সঙ্গে পান্নুনকে হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সেই পরিচিতের মাধ্যমেই এক ভাড়াটে খুনির সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়। কিন্তু পরে জানা যায়, ওই দুই ব্যক্তি আসলে আমেরিকার ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (DEA)-এর আন্ডারকভার এজেন্ট ছিলেন। পান্নুনকে হত্যার পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ এবং সেই ছক বানচাল করতেই তাঁরা নিখিলের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে মার্কিন তদন্তে দাবি করা হয়।

আরও পড়ুন: মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

এই ঘটনার পর ২০২৩ সালের ৩০ জুন চেক প্রজাতন্ত্র থেকে নিখিলকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে ২০২৪ সালের জুন মাসে তাকে আমেরিকার হাতে প্রত্যর্পণ করা হয়। সেখানেই শুরু হয় তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া। মামলাটিকে ঘিরে ভারত ও আমেরিকার কূটনৈতিক মহলেও যথেষ্ট চাপানউতোর তৈরি হয়েছিল। ওয়াশিংটনের তরফে এই ষড়যন্ত্রে এক ভারতীয় সরকারি কর্মীর যোগ থাকার অভিযোগ সামনে আনার পর ২০২৩ সালের নভেম্বর মাসে বিদেশ মন্ত্রক একটি বিবৃতি প্রকাশ করে। তাতে জানানো হয়েছিল, পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে কোনও ভারতীয় আধিকারিকের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে বিদেশ মন্ত্রকের আরেকটি বিবৃতিতে জানানো হয়, এক ভারতীয় আধিকারিকের বেআইনি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়টি তদন্তে উঠে এসেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছিল। যদিও ওই বিবৃতিতে বিকাশ যাদবের নাম সরাসরি উল্লেখ করা হয়নি। অন্যদিকে, পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে ভারতের শীর্ষ নিরাপত্তা মহলের যোগ থাকার অভিযোগও সামনে এনেছেন খালিস্তানপন্থী এই নেতা। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং প্রাক্তন RAW প্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে আমেরিকার আদালতে মামলা দায়ের করেন তিনি। যদিও ভারত সরকার প্রথম থেকেই এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। সম্প্রতি, এই মামলাকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়। ১৩ নভেম্বর একটি নির্দেশিকায় নিউ ইয়র্কের এক জেলা বিচারক সমন ও বিচারবিভাগীয় নথি গ্রহণের জন্য দিল্লির পাতিয়ালা হাউস, দ্বারকা এবং তিস হাজারি আদালতের কাছে আবেদন জানান। ওই নথি ডোভাল ও গোয়েলের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টিও নির্দেশিকায় উল্লেখ ছিল বলে দাবি করা হয়। তবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই সংক্রান্ত খবরকে সম্পূর্ণ মিথ্যা ও জাল বলে খারিজ করে দেন।

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের