‘চোখের বদলে চোখ’, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের দাবিতে অনড় নিহতের ভাই

মনকী নিহত ইয়েমেনির পরিবারের সঙ্গে কথা বলার জন্যে নিমিশার মৃত্যুদণ্ড কয়েকদিন স্থগিত করা হয়েছে। কিন্তু নিহত ইয়েমেনির পরিবার নিমিশার মৃত্যুদণ্ডই চাইছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইয়েমেনি নাগরিককে খুনের দায়ে ১৬ জুলাই মৃত্যুদণ্ড কার্যকর হয়নি কেরলের নার্স নিমিশা প্রিয়ার। আপাত ত ফাঁসি স্থগিত রাখা হয়েছে তাঁর। সোমবার থেকেই নিমিশার ফাঁসি স্থগিত রাখার বিষয়ে উদ্যোগী হয়ে উঠেছিলেন ইয়েমেনের খ্যাতনামা সুফি পণ্ডিত শেখ হাবিব উমর। উল্লেখ্য, ইয়েমেনি কর্তৃপক্ষ ১৬ জুলাই নিমিশার মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা করেছিল, কিন্তু ভারতের জরুরি কূটনৈতিক প্রচেষ্টার পর সাময়িকভাবে তা স্থগিত করা হয়। নিমিশার ফাঁসি স্থগিত করার জন্যে ইয়েমেনের সরকারি শীর্ষ আধিকারিকদের পাশাপাশি নিহত ইয়েমেনির পরিবারের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছিলেন তিনি। নিহতের ভাইকে নিয়ে আলোচনায় বসেছিলেন তিনি। ওই মধ্যস্থতা বৈঠকে ইয়েমেন সরকারের এক প্রতিনিধি ও সুপ্রিমকোর্টের এক বিচারপতিও হাজির ছিলেন। সেখানে নিহতের ভাইকে আর্থিক ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রয়োজনে ক্ষতিপূরণ বাড়িয়ে দেওয়া হবে, এই প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। এমনকী নিহত ইয়েমেনির পরিবারের সঙ্গে কথা বলার জন্যে নিমিশার মৃত্যুদণ্ড কয়েকদিন স্থগিত করা হয়েছে। কিন্তু নিহত ইয়েমেনির পরিবার নিমিশার মৃত্যুদণ্ডই চাইছেন। এত মধ্যস্থতা, অনুরোধের পরেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিহতের ভাই স্পষ্ট এ কথা জানিয়ে দিলেন।

নিমিশার মৃত্যুদণ্ড স্থগিত নিয়ে আপত্তি জানিয়ে ফেসবুকে একটি পোস্টে, নিহত ইয়েমেনির ভাই আবদেলফাত্তাহ মাহদি জানিয়েছেন যে, “কোনও মধ্যস্থতা এবং পুনর্মিলনের প্রচেষ্টার সমস্ত আলোচনা নতুন নয় এবং আশ্চর্যজনকও নয়। আমাদের মামলার বছরের পর বছর ধরে, পর্দার আড়ালে ছিল। এমনকী সিদ্ধান্ত বদলের জন্যে আমাদের যে চাপ দেওয়া হয়েছিল, সেটাও আমাদের মত পরিবর্তন করতে পারেনি। আমাদের প্রয়োজনীয়তা স্পষ্ট, যাই হয়ে যাক না কেন। বাস্তবায়ন এখন স্থগিত করা হয়েছে। আমরা আশা করিনি যে এটি ঘটবে! আমরা পুনর্মিলনের কোনও উপায়কে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছি। যাই হোক না কেন, আমরা তাঁর মৃত্যুদণ্ড দেখতে চাই।” তিনি আরও বলেন যে, “কোনও বিলম্ব আমাদের থামাতে পারবে না। কোনও চাপই আমাদের ভয় দেখাবে না। রক্ত কেনা যাবে না। ন্যায়বিচার ভুলে যাওয়া যাবে না। অপেক্ষা যত দীর্ঘই হোক না কেন, এটা কেবল সময়ের ব্যাপার।” নিমিশার হাতে খুন হওয়া ইয়েমেনির পরিবার এটিকে কেবল ‘নৃশংস অপরাধ’ নয়, ভয়াবহ এবং জঘন্য বলে অভিহিত করেছেন।

কেরলের পালাক্কড় জেলার বাসিন্দা পেশায় নার্স নিমিশা স্বামী টমি থমাস এবং মেয়েকে নিয়ে ইয়েমেনে থাকতেন তিনি। ২০০৮ সাল থেকে সেখানকার এক বেসরকারি হাসপাতালে কাজ করতেন নিমিশা। ২০১৪ সালে তাঁর স্বামী এবং ১১ বছরের কন্যা ভারতে ফিরে এলেও ইয়েমেনেই নিজের ক্লিনিক খোলার স্বপ্ন বাস্তবায়িত করতে থেকে যান তিনি। ওই বছরই ইয়েমেনি নাগরিক তালাল আব্দো মাহদির সঙ্গে যোগাযোগ হয় নিমিশার। মাহদি তাঁকে নতুন ক্লিনিক খুলতে সাহায্য করবেন বলে আশ্বাস দেন। কারণ, ইয়েমেনের আইন অনুযায়ী, সে দেশে নতুন ব্যবসা শুরু করতে গেলে দেশীয় অংশীদারের দরকার হয়। ২০১৫ সালে মাহদি ও নিমিশা মিলে নতুন ক্লিনিক খোলেন। এর পর থেকেই দু’জনের মধ্যে বিরোধ দেখা দেয়। অভিযোগ, নিমিশার টাকাপয়সা কেড়ে নেওয়ার পাশাপাশি তাঁকে মাদকসেবনেও বাধ্য করেন মাহদি। বিরোধ বাড়তে বাড়তে এক পর্যায়ে তাঁর পাসপোর্ট কেড়ে নেন মাহদি, যাতে কোনও ভাবেই নিমিশা ইয়েমেন ছাড়তে না-পারেন। আইনি কাগজপত্রে নিমিশাকে নিজের স্ত্রী হিসাবে পরিচয় দিয়েছিলেন মাহদি, ফলে নিমিশার প্রশাসনিক সাহায্য পাওয়া জটিল হয়ে পড়ে।

মাহদির প্রতারণার বিষয়টি নিয়ে একাধিক বার পুলিশের দ্বারস্থ হলেও কোনও লাভ হয়নি নিমিশার। মাসখানেক জেলে থাকার পরেই ছাড়া পেয়ে যান মাহদি। জেল থেকে বেরিয়ে নিমিশার জীবন আরও দুর্বিষহ করে তোলেন তিনি। ফলে ওই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে অন্য পথ বেছে নেন নিমিশা। ২০১৭ সালের ২৫ জুলাই মাহদিকে ঘুমের ইঞ্জেকশন দেন ওই নার্স। ওভারডোজের কারণে মৃত্যু হয় মাহদির। এর পর হানান নামে এক সহকর্মীর সঙ্গে মিলে মাহদির দেহ টুকরো টুকরো করে কেটে জলের ট্যাঙ্কে ফেলে দেন। ওই মাসেই ইয়েমেন ছেড়ে পালানোর সময় ধরা পড়ে যান নিমিশা। অংশীদার মাহদিকে হত্যার দায়ে ২০১৮ সালে তাঁকে দোষী সাব্যস্ত করে ইয়েমেনের আদালত। মৃত্যুদণ্ড পান নিমিশা। তার পর থেকে ৩৬ বছর বয়সি নিমিশাকে বাঁচানোর সব রকম চেষ্টা করেছে তার পরিবার। শেষ চেষ্টা হিসাবে ‘দিয়া’ (নিহতের পরিবারের নির্ধারিত ক্ষতিপূরণের অঙ্ক) দিয়ে মেয়েকে বাঁচানোর চেষ্টা করেছেন নিমিশার মা প্রেমা কুমারী। কিন্তু কোনও লাভ হয়নি। গত বছর নিমিশার সাজা মকুবের শেষ আবেদনও খারিজ হয়ে গিয়েছে সে দেশের সুপ্রিম কোর্টে। তার পরেই ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি গত ৩০ ডিসেম্বর নিমিশার মৃত্যুদণ্ডের সাজায় স্বাক্ষর করেছেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল