ত্রিমুখী লড়াই, তবুও দক্ষিণ কলকাতায় ‘জয়মালা’ উঠছে মালার গলায়

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা উত্তর আসনে বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কড়া টক্করের মুখে। তুলনায় অনেকটাই নিশ্চিন্ত দক্ষিণ কলকাতার বিদায়ী সাংসদ তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়। ঘাসফুল শিবিরের দুর্গ দক্ষিণ কলকাতাতে ত্রিমুখী লড়াইয়ে বাকি দুই প্রতিপক্ষের চাইতে অনেকাংশেই এগিয়ে কলকাতা পুর নিগমের চেয়ারম্যান। আগামী ৪ জুন লোকসভা ভোটের গণনা শেষে তাঁর গলাতেই জয়মালা ওঠা সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

দক্ষিণ কলকাতা ‘মিনি ভারতবর্ষের’ এক জলজ্যান্ত নমুনা। এখানেই ডেরা হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের অনুসারীদের। পাশাপাশি দেশের বিভিন্ন প্রদেশের বাসিন্দাদেরও বাসস্থান। বাঙালির পাশাপাশি আবাঙালি, পঞ্জাবি, গুজরাতি, মারাটা, মারোয়াড়ি, দক্ষিণ ভারতীয়রা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বিভিন্ন এলাকায়। তাছাড়া দক্ষিণ কলকাতাতেই দেখা মিলবে দুই ভারতের। গরিবের ভারত আর ধনীর ভারত। একদিকে যেমন অসংখ্য বস্তি, অন্যদিকে তেমনই আকাশচুম্বী অট্টালিকা। এই পরস্পর বিপরীত ভৌগলিক চেহারাই রাজ্যের বাকি লোকসভা আসনের থেকে কলকাতা দক্ষিণ আসনকে ‘ব্যতিক্রম’ করে তুলছে, আলাদা পরিচিতি দিয়েছে।

১৯৯১ সালেই দক্ষিণ কলকাতা আসন তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য ঘাঁটি হিসাবে পরিচিত। এই আসন থেকে টানা ছয়বার জিতেছেন দলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পরে সাংসদ পদে ইস্তফা দেন তিনি। উপনির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। ২০১৪ সালেও জয়ী হন তিনি। গতবার সুব্রত বক্সী না দাঁড়ানোয় দলের কাউন্সিলর মালা রায়কে প্রার্থী হিসাবে বেছে নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রথমবার প্রার্থী হয়েই বাজিমাত করেছিলেন মালা। বিজেপি প্রার্থী তথা নেতাজি সুভাষ চন্দ্র বসুর পরিবারের অন্যতম সদস্য চন্দ্র বসুকে এক লক্ষ ৫৬ হাজারের বেশি ভোটে হারিয়ে সংসদে পা রেখেছিলেন।

যে সাত বিধানসভা আসন নিয়ে দক্ষিণ কলকাতা গঠিত, তার সব কয়টিতেই তৃণমূলের বিধায়ক। কলকাতা পুরসভার সিংহভাগ কাউন্সিলরও ঘাসফুল শিবিরের। এক সময়ে অবাঙালি অধ্যুষিত এলাকায় পদ্ম ফুলের বাড়-বাড়ন্ত চোখে পড়লেও ইদানিং তাতে অনেকটাই ভাঁটা লক্ষ্য করা গিয়েছে। বিধানসভা থেকে শুরু করে কলকাতা পুরসভার ভোটে তেমন কল্কে পাননি বিজেপি  প্রার্থীরা। সেকেন্ড বয় বা গার্ল হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। বিজেপির তরফে এবার প্রার্থী করা হয়েছে রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে। যিনি আবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। দক্ষিণ কলকাতা কস্মিনকালেও তাঁর রাজনৈতিক বিচরণক্ষেত্র ছিল না। ফলে এলাকা চিনতে আর ভোটারদের সঙ্গে পরিচিত হতেই গলদঘর্ম ছুটছে তাঁর।

গতবার এই আসনে সিপিএমের হয়ে দাঁড়ানো নন্দিনী মুখোপাধ্যায় জামানত খুঁইয়েছিলেন। তাঁকে আর দাঁড় করানোর ঝুঁকি নেননি আলিমুদ্দিন স্ট্রিটের কর্তারা। পরিবর্তে এবার প্রার্থী করা হয়েছে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ হাসিম আবদুল হালিমের পুত্রবধূ সায়রা শাহ হালিমকে। ২০২২ সালে বালিগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে সিপিএম প্রার্থী হিসাবে দাঁড়িয়ে দ্বিতীয়স্থানে থাকা তরুণ নেত্রীর উপরে ভরসা রেখেছেন বিমান বসুরা। তার অন্যতম কারণই হল, সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক হাসিল করা। কেননা, কসবা, বালিগঞ্জ এবং কলকাতা বন্দর বিধানসভা আসনে প্রচুর সংখ্যালঘু ভোটার রয়েছে। ওই সংখ্যালঘু ভোটাররা তাঁদের সম্প্রদায়েরই সায়রাকে সমর্থন করবেন বলে মনে করছেন।

যদিও তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ের দাবি, বিজেপি এবং সিপিএমের সাম্প্রদায়িক রাজনীতিকে প্রত্যাখান করবেন দক্ষিণ কলকাতার ভোটাররা। কলকাতা পুরসভার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপরেই স্থানীয় বাসিন্দারা আস্থাশীল। তৃণমূল প্রার্থীর কথায়, ‘সারা বছর তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা মানুষকে পরিষেবা দিয়ে আসছেন। মানুষের সুখ-দুঃখের পাশে থাকছেন। ফলে পরিযায়ীরা কোনও ছাপই ফেলতে পারবেন না। সিপিএম আর বিজেপির মধ্যে লড়াই, কে দ্বিতীয় হবেন, তা নিয়ে।’যদিও বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী ও জোট প্রার্থী সায়রা হালিমের দাবি, তৃণমূলের দুর্নীতিতে মানুষ তিতিবিরক্ত। দমবন্ধকর পরিবেশ থেকে মুক্তি চাইছেন তাঁরা। ইভিএমেই মানুষের ক্ষোভের প্রতিফলন ঘটবে।’ রাজনৈতিক পর্যবেক্ষকরাও মনে করছেন, শুধু সাংগঠনিক শক্তির নিরিখে ফের কলকাতা দক্ষিণ আসনে বাজিমাত করবে ঘাসফুল শিবির।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

কবে অবসর? বিশ্বকাপের মাঝেই বড় ইঙ্গিত লিওনেল মেসির

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের