রান্নাঘরের শুকনো লঙ্কা দিয়ে গড়লেন দুর্গা, কলেজ পড়ুয়ার অভিনব প্রতিমা এবার মণ্ডপে

Share:

নিজস্ব প্রতিনিধি: শুকনো লঙ্কা দিয়ে তৈরি হচ্ছে মা দুর্গা। মাটি, খড় কিংবা কাঠামো নয়, রান্নাঘরের অতি পরিচিত একটি উপকরণ দিয়েই দেবী দুর্গার প্রতিমা গড়ে নজর কাড়লেন সোনারপুরের এক তরুণ। কখনও তেজপাতা, কখনও দেশলাই কাঠি, আবার কখনও অন্য কোনও অভিনব উপকরণ। প্রতি বছরই নিজের সৃষ্টিতে নতুনত্ব আনার চেষ্টা করেন জয়মাল্য মণ্ডল। এ বার তাঁর শিল্পভাবনার কেন্দ্রে রয়েছে শুকনো লঙ্কা। আর সেই লঙ্কা দিয়েই তৈরি করে ফেলেছেন আস্ত একটি দুর্গাপ্রতিমা। যা পুজোয় স্থান পেতে চলেছে এলাকার মণ্ডপে।

সোনারপুর মহাবিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র জয়মাল্যর কাছে শিল্প মানে শুধু ছবি আঁকা কিংবা প্রতিমা গড়া নয়। দৈনন্দিন জীবনে চোখের সামনে থাকা সাধারণ জিনিসকে অসাধারণ কিছুতে পরিণত করতেই বেশি ভালবাসেন তিনি। ছোট থেকেই হাতের কাজের প্রতি বিশেষ ঝোঁক। সেই আগ্রহ থেকেই কখনও তৈরি করেছেন মডেল রেলগাড়ি, কখনও বানিয়েছেন এটিএম মেশিনের প্রতিরূপ। এর আগে মাটি দিয়েও দুর্গাপ্রতিমা তৈরি করেছেন। তবে এ বার পরিচিত উপকরণ ছেড়ে সম্পূর্ণ নতুন কিছু করার পরিকল্পনা করেন তিনি। কী দিয়ে তৈরি করা যায় এ বারের দুর্গাপ্রতিমা? এই প্রশ্নের উত্তর খুঁজতে বাড়ির আশপাশের নানা জিনিস নিয়ে শুরু হয় পরীক্ষা-নিরীক্ষা। শেষ পর্যন্ত নজর পড়ে রান্নাঘরে থাকা শুকনো লঙ্কার দিকে। সেই লঙ্কাকেই প্রতিমা তৈরির প্রধান উপকরণ হিসেবে বেছে নেন জয়মাল্য। শুরু হয় কঠিন কাজ। একের পর এক লঙ্কা সাজিয়ে নিজের কল্পনামতো দেবীর অবয়ব ফুটিয়ে তোলার চেষ্টা চালিয়ে যান তিনি। বেশ কয়েক দিনের পরিশ্রমের পর সম্পূর্ণ হয় তাঁর অভিনব সৃষ্টি। মহালয়ার দিন প্রতিমার চক্ষুদানও করেন জয়মাল্য। এরপরই প্রতিমাটি নিয়ে যাওয়া হয় পাড়ার পুজোমণ্ডপে। সেখানেই এ বার পুজো পাবেন শুকনো লঙ্কায় তৈরি দেবী দুর্গা।

আরও পড়ুন: ৩০০ বছরের পুরোনো বর্ধমানের দাস পরিবারে বাড়ির তৈরি বিশেষ ধূপেই হয় দেবীর আরাধনা

ছেলের এই সৃষ্টিশীল উদ্যোগে বরাবরই উৎসাহ জুগিয়েছে পরিবার। জয়মাল্যর বাবা রঞ্জিত মণ্ডল পেশায় শিক্ষক। তিনি জানিয়েছেন, ছেলের কোনও প্রথাগত শিল্পশিক্ষা নেই। নিজের আগ্রহ, একাগ্রতা এবং কল্পনাশক্তিকে সম্বল করেই এমন সব কাজ করে চলেছে সে। ছোট থেকেই নতুন কিছু তৈরির নেশা রয়েছে তার। জয়মাল্যর দিদি ভূমিকা মণ্ডলের কথাতেও উঠে এসেছে ভাইয়ের সৃষ্টির প্রতি ভালবাসার কথা। তাঁর বক্তব্য, দুর্গাপুজো যত এগিয়ে আসে, ততই নতুন কিছু তৈরির পরিকল্পনায় মেতে ওঠে জয়মাল্য। আগের বছরের কাজের সঙ্গে পরের বছরের সৃষ্টির যেন কোনও মিল না থাকে, সেই চেষ্টাই করে সে। এ বারও তার ব্যতিক্রম হয়নি। শুকনো লঙ্কা দিয়ে প্রতিমা তৈরির ভাবনা থেকেই জন্ম নিয়েছে এই ব্যতিক্রমী শিল্পকর্ম। প্রতিমা তৈরিতে সাধারণত মাটি, খড়, বাঁশ এবং নানা সাজসজ্জার উপকরণ ব্যবহার করেন শিল্পীরা। কিন্তু জয়মাল্য দেখিয়ে দিলেন, শিল্পের পরিসরে উপকরণের কোনও নির্দিষ্ট গণ্ডি নেই। প্রয়োজন শুধু নতুন করে ভাবার সাহস, সৃজনশীলতা আর নিরলস চেষ্টা। সোনারপুরের পুজোমণ্ডপে এ বার তাই দেবী দুর্গার পাশাপাশি বিশেষ আকর্ষণ হতে চলেছে এক তরুণের অভিনব শিল্পকীর্তি।

পাহাড়ি কুয়াশা আর সবুজ চা বাগান, ছুটি কাটাতে চলুন উত্তরবঙ্গের পুবং

পুজোয় শহরের কোলাহল এড়াতে চান? ঢুঁ মারতে পারেন বিষ্ণুপুরে

আউশগ্রামের মাজি পরিবারের পুজোয় দেবীকে দেওয়া হয় সাত শাকের ভোগ

পুজোর দিনে সন্তানকে বকাঝকা করলে বিপদ হওয়ার আশঙ্কা, জটিল সমস্যার সমাধান হবে

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী