চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উপনির্বাচনে টিকিট পেলেন না বিশ্বজিৎ, বাগদায় প্রার্থী মমতাকন্যা মধুপর্ণা

Courtesy - Twitter and Google

নিজস্ব প্রতিনিধি: ঘোষণা হয়ে গেল রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) প্রার্থীদের নাম। আর সেখানেই থাকছে বড় চমক। উত্তর ২৪ পরগনা জেলার বাগদা বিধানসভা কেন্দ্রে টিকিটই পেলেন না বিশ্বজিৎ দাস। পরিবর্তে টিকিট পেলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে তথা মতুয়া সমাজের বড়মা বীণাপাণি দেবীর নাতনি মধুপর্ণা ঠাকুর(Madhuparna Thakur)। এই মধুপর্ণাই তাঁর জ্যাঠতুতো দাদা তথা বিজেপির সাংসদ এবং কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন অনশন আন্দোলনের মাধ্যমে বড়মার ঘরের দাবি ফেরত চেয়ে। সেই আন্দোলন দাগ কেটেছে মতুয়া সমাজে। এখন দেখা যাচ্ছে, সেই আন্দোলন নজর কেড়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বেরও। তাঁরা বাগদায় প্রার্থী করে দিলেন মধুপর্ণাকে।

আগামী ১০ জুলাই রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে। সেই ৪ কেন্দ্র হল উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র, দক্ষিণবঙ্গের নদিয়া জেলার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনা জেলার বাগদা এবং কলকাতার মানিকতলা। এর মধ্যে মানিকতলা বিধানসভা কেন্দ্রটি দীর্ঘদিন ধরে ফাঁকা ছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুর পর থেকেই। একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করায় এই কেন্দ্রের উপনির্বাচন করানো যাচ্ছিল না। কিন্তু সেই আইনি জটিলতা দূর হয়ে যাওয়ায় সেই উপনির্বাচন হচ্ছে আগামী ১০ জুলাই। সেই কেন্দ্রের জন্য তৃণমূলের তরফে সাধন জায়া সুপ্তি পাণ্ডের(Supti Pandey) নামও ঠিক করে দেওয়া হয়েছিল। এদিন সেই নামই দলের তরফে মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য তুলে ধরা হয়েছে।

অপরদিকে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা এই ৩ বিধানসভা কেন্দ্র থেকে একুশের ভোটে বিজেপির প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন যথাক্রমে কৃষ্ণ কল্যাণী(Krishna Kalyani), মুকুটমণি অধিকারী(Mukutmani Adhikari) ও বিশ্বজিৎ দাস(Biswajit Das)। এদের মধ্যে বিশ্বজিৎ আগে থেকেই তৃণমূলের বিধায়ক ছিলেন। কিন্তু একুশের ভোটের আগে তিনি দল বদলে চলে যান বিজেপিতে। কিন্তু একুশের ভোটের পরে এক এক করে ৩জনই পা বাড়ান তৃণমূলে। সবার আগে এসেছিলেন কৃষ্ণ কল্যাণী। তারপর এসেছিলেন বিশ্বজিৎ। আর লোকসভা নির্বাচনের মুখে এসেছিলেন মুকুটমণি। এই ৩জনকেই তৃণমূলের তরফে প্রার্থী করা হয় লোকসভা নির্বাচনে। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, রানাঘাটে মুকুটমণি এবং বনগাঁতে বিশ্বজিতকে প্রার্থী করা হয়। তার জন্য ৩জনই তাঁদের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তার জেরেই এখন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে, রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ও বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।  

কিন্তু এবারের লোকসভা নির্বাচনে কৃষ্ণ কল্যানী, মুকুটমণি আর বিশ্বজিৎ ৩জনই পরাজিত হন। তারপর থেকেই গত দেড় দুই সপ্তাহ ধরেই জল্পনা ছড়িয়েছিল এই ৩জনকেই আবারও ৩ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী করা হবে কিনা তা নিয়ে। কার্যত অনেকের দৃঢ় বিশ্বাসী ছিলেন যে ৩জনকেই প্রার্থী করা হবে, কিন্তু শেষ পর্যন্ত কৃষ্ণ কল্যাণী আর মুকুটমণি প্রার্থী হতে পারলেও বাদ পড়লেন বিশ্বজিৎ। কেন বাদ পড়লেন? অনুমান করা হচ্ছে, মতুয়া ভোট ব্যাঙ্ক অধ্যুষিত বাগদায় মতুয়া প্রার্থী দিতে চেয়েছে জোড়াফুল শিবির। লোকসভা নির্বাচনে বাগদায় এগিয়ে গিয়েছে বিজেপি। সেই আসন বার করতে মতুয়া প্রার্থীর ওপরেই ভরসা রাখতে চায় তৃণমূল। বিশ্বজিৎ কিন্তু মতুয়া নন। আর সেই কারণেই তৃণমূল নেতৃত্ব বিশ্বজিৎকে এই উপনির্বাচনে আর প্রার্থী করতে চায়নি। পরিবর্তে তুলে এনেছে একদম শান্তনুর ঘরে তাঁরই বিরুদ্ধে আন্দোলন করা মতুয়া কন্যা মধুপর্ণাকে। আর তাই এখন বিশ্বজিতের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যেমন প্রশ্ন উঠে গেল, তেমনি এই উপনির্বাচনেও কৃষ্ণ কল্যানী আর মুকুটমণি অধিকারী জিততে না পারলে তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে যাবে।

Published by:

Share Link:

More Releted News:

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

বেপরোয়া গতির জের! ‘পুলিশ’ লেখা বাসের ধাক্কায় দুর্ঘটনা, আহত অন্তত ১৫

গোসাবায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল গুলি, গ্রেফতার ৩

ভোটের আবহে পতাকা টাঙানোকে ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, চাঞ্চল্য হাড়োয়ায়

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ