চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লির কাছেও ধরাশায়ী ধোনিরা, হারের হ্যাটট্রিক চেন্নাইয়ের

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ঘরের মাঠে ফের হারের স্বাদ পেতে হল চেন্নাই সুপার কিংসকে। শনিবার (৫ এপ্রিল) চিপকের ঘুর্ণিপিচে দিল্লি ক্যাপিটালসকে ১৮৩ রানে বেঁধে রেখেও জিততে পারলেন না ঋতুরাজ গায়কোয়াড়রা। বরং প্রথম সারির ব্যাটারদের চরম ব্যর্থতায় ১৫৮ রানেই থামতে হল। বিজয় শঙ্কর (অপরাজিত ৬৯) ও মহেন্দ্র সিংহ ধোনি (অপরাজিত ৩০) ছাড়া আর কেউ বড় রান পাননি। দিল্লির সফলতম বোলার বিপরাজ নিগম। তিনি চার ওভার বল করে ২৭ রানে দুই উইকেট নিয়েছেন।  এদিন  জয়ের সুবাদে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষস্থানে চলে গেলেন অক্ষর পটেলরা। 

 টসে জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক অক্ষর পটেল। কিন্তু ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেতে হয়। প্রথম ওভারের পঞ্চম বলেই শূন্য রানে ফিরে যান জ্যাক ফ্রেজার ম্যাকগ্রুক। তবে অভিষেক পোড়েলকে সঙ্গে নিয়ে সেই ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যান লোকেশ রাহুল। আগ্রাসী মেজাজে ব্যাট করে চেন্নাইয়ের বোলারদের আক্রমণ ছত্রখান করেন দুজনে। তবে দল ৫০ রানের গণ্ডি পেরনোর খানিকবাদেই রবীন্দ্র জাদেজার বলে আউট হয়ে সাজঘরে ফেরেন পোড়েল। তিনি করেন ২০ বলে ৩৩ রান। এর পরে রাহুলের সঙ্গে জুটি  বাঁধেন দিল্লির অধিনায়ক অক্ষর পটেল। তিনিও আগ্রাসী মেজাজে খেলতে থাকেন। কিন্তু অকারণে বড় শট খেলতে গিয়ে নূর আমেদের বলে ক্লিন বোল্ড হয়ে যান। ১৪ বলে ২১ করেন অক্ষর।

তার পরে পঞ্চম উইকেটে সমীর রিজভির সঙ্গে জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন রাহুল। ৩৩ বলে ২টি চার ও তিনটি ছক্কার সাহায্যে অর্ধশতরান পূর্ণ করেন। মারকুটে খেলোয়াড় হিসাবে পরিচিত রিজভিও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনিও ফেরেন ১৪ বলে ২০ রান করে। খলিল আহমেদের বলে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে আউট হন রিজভি। ছয় নম্বরে নেমেই চালিয়ে খেলতে শুরু করেন ত্রিস্তান স্টাবস। শেষ ওভারে জোড়া ধাক্কা খায় দিল্লি। মাথিশা পাথিরানার দ্বিতীয় বলে ধোনির তালুবন্দি হয়ে ফেরেন রাহুল (৫০ বলে ৭৭)। পরের বলে রান আউট হন আশুতোষ শর্মা। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৮৩ রানে থামে দিল্লির দৌড়। ত্রিস্তান স্টাবস ১২ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন।

১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঘরের মাঠে শুরুতেই চরম বিপর্যয়ের মুখে পড়ে চেন্নাই। দ্বিতীয় ওভারে মুকেশ কুমারের বলে ফিরে যান রাচিন রবীন্দ্র (৩)। পরের ওভারে সাজঘরের পথ ধরেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও। তাঁর আবদান মাত্র ৫ রান। তৃতীয় উইকেটে জুটি বেঁধে ধাক্কা সামলানোর চেষ্টা করেছিলেন ওপেনার ডেভন কনওয়ে এবং বিজয় শঙ্কর। যদিও বেশিদূর এগোতে পারেনি ওই জুটি। ষষ্ঠ ওভারে বিপরাজ নিগমের বলে অক্ষর পটেলের হাতে ক্যাচ দিয়ে ফিরতে যান কনওয়ে (১৪ বলে ১৩)। প্রথম পাওয়ার প্লে-র মধ্যে তিন উইকেট হারিয়ে সঙ্কটে পড়ে চেন্নাই।

দলের বিপদের দিনে ব্যাট হাতে গর্জে উঠতে পারেননি শিভম দুবে। চলতি আইপিএলে ছন্দে না থাকা তরুণ ব্যাটার ফিরে যান ১৫ বলে ১৮ রান করে। আর এক ফ্লপ মাস্টার রবীন্দ্র জাদেজা দলকে গভীর খাদে ফেলে ৩ বলে ২ রান করে বিদায় নেন। তাঁকে ফেরান কুলদীপ যাদব। একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন বিজয় শঙ্কর। কিন্তু ঘুর্ণি পিচে খুব দ্রু রান তুলতে পারেননি। বরং এক প্রান্ত ধরে রেখে লড়াই চালিয়ে যেতে থাকেন। সাত নম্বরে নামা ধোনিও প্রথম দিকে খানিকটা নড়বড়ে ছিলেন। এক সময়ে ভারতীয় ক্রিকেটে ফিনিশারের তকমা পাওয়া মাহির ব্যাট থেকে তেমন বড় শট আসেনি। ফলে শেষ বলে জয়ের জন্য চেন্নাইয়ের কাছে লক্ষ্য দাঁড়ায় ৫০ রানের। মিচেল স্টার্কের বলে মাত্র ৯ রান ওঠে। অর্থা‍ৎ শেষ ওভারে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৪১ রানের। স্পষ্ট হয়ে যায় চেন্নাইয়ের ভাগ্য। শেষ ওভারে মুকেশ কুমারের বলে ১৬ রান তোলেন দুজনে।

Published by:

Share Link:

More Releted News:

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

২৫ কোটির গ্রিনের লড়াকু ইনিংসের সৌজন্যে গুজরাতকে ১৮১ রানের লক্ষ্য দিল কলকাতা

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

আইপিএলে ধুম মাচাবেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক, শুভমনের দলে এন্ট্রি

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ